Ajker Patrika

বাবুগঞ্জে রড দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ১৫: ০৭
বাবুগঞ্জে রড দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী আটক
ঐশীর মৃত্যুর পর বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বজনদের আহাজারি। ছবি: আজকের পত্রিকা

বরিশালের বাবুগঞ্জে দাম্পত্য কলহের জেরে ঐশী আক্তার (২৫) নামের এক গৃহবধূকে রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সোহেল খানকে (২৮) আটক করেছে পুলিশ।

আজ সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ঐশীর মৃত্যু হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এই দম্পতির তিন মাস বয়সী একটি সন্তান রয়েছে।

নিহত ঐশী আক্তার বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর সাধুকাঠি গ্রামের শাহে আলমের মেয়ে। অভিযুক্ত সোহেল খান একই উপজেলার কেদারপুর ইউনিয়নের ভূতেরদিয়া গ্রামের কাদের খানের ছেলে এবং পেশায় রাজমিস্ত্রি।

স্থানীয় বাসিন্দা আবু সুফিয়ান বাবুল জানান, দাম্পত্য কলহের জেরে প্রায়ই ঐশীকে মারধর করতেন সোহেল। ঘটনার তিন দিন আগে কলহের একপর্যায়ে সোহেল লোহার রড দিয়ে তাঁর স্ত্রীর মাথায় আঘাত করেন এবং চোখে ঘুষি দেন। এতে ঐশীর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

নিহতের স্বজনেরা জানান, রোববার (১১ অক্টোবর) গভীর রাতে শারীরিক অবস্থার অবনতি হলে ঐশী তাঁর স্বামীর বাড়িতে অচেতন হয়ে পড়েন। পরে আজ সোমবার সকালে তাঁকে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ কে মনিরুল ইসলাম জানান, মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণের কারণে ঐশীর মৃত্যু হয়েছে। এ ছাড়া তাঁর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমের চিহ্ন পাওয়া গেছে।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার জানান, খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সোহেল খানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। নিহতের চোখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে দাম্পত্য কলহের জেরে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত