বান্দরবানের আলীকদম

বান্দরবানের আলীকদম উপজেলা সদর ইউনিয়নে ভুয়া কাগজপত্রে ভোটার হচ্ছেন রোহিঙ্গারা। রোহিঙ্গাদের কাছ থেকে জনপ্রতি ২০ থেকে ৫০ হাজার টাকা নিয়ে জনপ্রতিনিধিরা ভুয়া নাগরিক সনদ ও ‘রোহিঙ্গা নয়’ মর্মে প্রত্যয়নপত্র দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশের রোহিঙ্গা-অধ্যুষিত এলাকায় ভোটারকরণে নির্বাচন কমিশনের কড়াকড়ি থাকলেও বান্দরবানের আলীকদমে কৌশলে রোহিঙ্গাদের করানো হচ্ছে ভোটার। আলীকদম সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাছির উদ্দিন, ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সন্তোষ কান্তি দাশ, ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ জাকের হোসেন এবং ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মতিন ভুয়া নাগরিক সনদ ও ‘রোহিঙ্গা নয়’ মর্মে প্রত্যয়নপত্র দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে আলীকদম সদর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন বলেন, ‘আমার রোহিঙ্গাদের ভোটার করার কোনো সুযোগ নেই। যদি ১৯৮০ এবং ১৯৮৫ সালের দিকে রোহিঙ্গারা এ দেশে এসে তৎকালীন চেয়ারম্যান এবং মেম্বারদের মাধ্যমে ভোটার হয়ে থাকে, আমরা তাদের বাদ দিতে পারি না।’
অনুসন্ধানে জানা যায়, আলীকদম সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড থেকে ভোটার হওয়ার আবেদন করা রোহিঙ্গা মো. ইব্রাহিম তাঁর পিতা হিসেবে সফুর আলমের নাম উল্লেখ করেছেন। মূলত সফুর আলম ইব্রাহিমের শ্বশুর।
৫ নম্বর ওয়ার্ডে জান্নাতুল মুন্নী নামে আরেকজন ভোটার হওয়ার আবেদন করেন। তাঁর পিতার নাম মৃত ছালেহ আহম্মেদ উল্লেখ করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়া হয়েছে। প্রকৃত জান্নাতুল মুন্নীর বাবা ছালেহ আহম্মেদ এখনো জীবিত। এই প্রতিবেদক প্রথমে পরিচয় প্রকাশ না করে জান্নাতুল মুন্নীর কাছে তাঁর পিতা ছালেহ আহম্মেদের পিতার নাম জানতে চান। জান্নাতুল মুন্নী বলেন, ‘ইয়াকুব আলী’। অথচ এনআইডিতে দেওয়া ছালেহ আহম্মেদের পিতার নাম মৃত কাশেম আলী।
ভুয়া তথ্য দিয়ে বাংলাদেশে ভোটার হওয়ার বিষয়ে কথা বলতে রোহিঙ্গা জান্নাতুল মুন্নীর মোবাইল ফোনে কল করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে আর ফোন রিসিভ করেননি।
আবুল কাশেম (মাতা ফাতেমা খাতুন) নামের এক রোহিঙ্গাকে জন্মনিবন্ধন অনলাইনে করিয়ে দিয়ে ইউপি সদস্য সন্তোষ কান্তি দাস ২০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ফোনে জানতে চাইলে সন্তোষ কান্তি দাস টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন এবং তিনি কোনো শোকজ পাননি বলে জানান।
নাজমা বেগম নামের এক রোহিঙ্গাকে ভোটার করার কারণে সদর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন ও ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মতিনকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন।
এ ব্যাপারে জানতে চাইলে দায় এড়ানোর চেষ্টা করেন আলীকদম উপজেলা নির্বাচন কর্মকর্তা নাহিদ শাহারিয়ার। তিনি বলেন, ‘কেউ যদি লিখিত অভিযোগ নিয়ে আসেন, তাহলে আমরা সেই সব তথ্য নির্বাচন কমিশনে পাঠাই। কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি।’
এ বিষয়ে আলীকদমের ইউএনও মোহাম্মদ মোহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন বলেন, যাঁদের রোহিঙ্গা হিসেবে চিহ্নিত করা গিয়েছে, তাঁদের ভোটার বাতিল করা হয়েছে, সামনেও করা হবে। রোহিঙ্গা ইস্যু নিয়ে সদর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন এবং এক ইউপি সদস্যকে শোকজ করা হয়েছে।

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম চিম্বুলুই সীমান্তে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়া এক বিজিবি সদস্যকে জরুরি ভিত্তিতে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে।
৮ মিনিট আগে
মৌলভীবাজারের রাজনগরে দীর্ঘদিন ব্রাজিলের সমর্থক থাকা ইমরান খান নামের এক ব্যক্তি আনুষ্ঠানিকভাবে দুধ দিয়ে গোসল করে যোগ দিয়েছেন আর্জেন্টিনা সমর্থকদের সঙ্গে। এ উপলক্ষে স্থানীয় আর্জেন্টিনা সমর্থকেরা উচ্ছ্বসিত। শনিবার (৬) জুন বিকেলে রাজনগর উপজেলায় ঘটনাটি ঘটে।
২৮ মিনিট আগে
ঢাকার সাভারের আশুলিয়ায় ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীর দায়ের কোপে রূপবান বেগম (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। শনিবার (৬ জুন) এই তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম।
৩৩ মিনিট আগে
জয়পুরহাটের আক্কেলপুরে ধান কাটা নিয়ে তর্কের জেরে শ্যামল চন্দ্র মালী (৫০) নামের এক দিনমজুরের মাথায় গাছের ডাল দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে