Ajker Patrika

গণমাধ্যম আজ মুক্ত ও স্বাধীন: তথ্যমন্ত্রী

ভোলা প্রতিনিধি
গণমাধ্যম আজ মুক্ত ও স্বাধীন: তথ্যমন্ত্রী
ভোলা প্রেসক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। ছবি: আজকের পত্রিকা

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেছেন, ‘গণমাধ্যম আজ মুক্ত ও স্বাধীন। সাংবাদিকেরা তাদের মতো করে স্বাধীনভাবে কাজ করবেন। সরকারের কাজগুলো ভালো হচ্ছে না কি খারাপ হচ্ছে তা দেখবেন। পাশাপাশি সাংবাদিকের কলমের খোঁচায় যেন কারও ক্যারিয়ার এবং মানসম্মান নষ্ট না হয় সেটাও মাথায় রাখতে হবে।’

আজ বৃহস্পতিবার সকালে ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। পার্থ বলেন, ‘নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না। নীতিমালা করে হয়তো আইনের মধ্যে আনতে পারব। কিন্তু কোনো অসত্য, মিথ্যা বা ফেইক নিউজের কারণে কেউ যেন ক্ষতির মুখে না পড়েন। আবার সাংবাদিকেরা কোনো ব্যক্তিকে অযথা অতিরঞ্জিত প্রশংসাও যেন না করেন সেটাও লক্ষ রাখতে হবে।’

সাংবাদিকদের মধ্যে রাজনীতি থাকা উচিত নয় উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘আমি কখনোই সংবাদমাধ্যমের ওপর হস্তক্ষেপ করিনি। আমি এটা প্রমোটও করি না। কারণ, আমি বিশ্বাস করি হাজারো পত্রিকা আপনার পক্ষে থাকলেও আল্লাহ যদি না চায় আপনি ক্ষমতায় থাকতে পারবেন না। এর সবচেয়ে বড় প্রমাণ হলো ফ্যাসিস্ট মিডিয়া।’

সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেন, ‘সরকারের কাজের সমালোচনার পাশাপাশি সরকারের বরাদ্দগুলো সঠিকভাবে সততার মাধ্যমে হচ্ছে কি না তাও নিরপেক্ষভাবে মিডিয়ায় তুলে ধরার দায়িত্ব পালন করতে হবে সাংবাদিকদের।’

মতবিনিময় সভায় ভোলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির লিটনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, জেলা বিজেপির সভাপতি মো. আমিরুল ইসলাম রতন, জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলম, প্রবীণ সাংবাদিক এম আবু তাহের, শাওকাত হোসেন, ইসলামী আন্দোলনের জেলা (উত্তর শাখা) সভাপতি মাওলানা মো. আতাউর রহমান, জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য জিয়াউল মোর্শেদ চৌধুরী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত