
নড়াইল সদরে এক মাদ্রাসাশিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগে দুই শিক্ষককে আটক করেছে পুলিশ। জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ বুধবার সকাল ১০টার দিকে চিকিৎসার জন্য নড়াইল থেকে যশোর নেওয়ার পথে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। এর আগে ভোরে উপজেলার আউড়িয়া গ্রামে অবস্থিত মারকাযুল কোরআন মাদ্রাসা থেকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা।
নিহত শিক্ষার্থী মো. সোলাইমান ইসলাম (১২) উপজেলার রামচন্দ্র গ্রামের সৈয়দ ইকরাকুল ইসলামের ছেলে।
আটক ব্যক্তিরা হলেন মারকাযুল কোরআন মাদ্রাসার শিক্ষক ইউসুফ হায়দার ও আসিফুর রহমান।
নিহত শিক্ষার্থীর বাবা সৈয়দ ইকরাকুল বলেন, ‘আজ সকালে মাদ্রাসা থেকে জানানো হয়, আমার ছেলে সোলাইমান অসুস্থ। খবর পেয়ে গিয়ে মাদ্রাসা থেকে তাকে নিয়ে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করি। সেখানে অবস্থার অবনতি হলে যশোর নেওয়ার পথে তার মৃত্যু হয়।’ সোলাইমানকে নির্যাতন করায় অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে মারকাযুল কোরআন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নাজমুস সায়াদাৎ আল মামুন বলেন, ‘মাদ্রাসার কোনো শিক্ষক ওই ছাত্রকে মারধর বা কোনো প্রকার নির্যাতন করেননি। ডাক্তারি পরীক্ষায় নির্যাতনের কোনো প্রমাণ পাওয়া গেলে এবং নির্যাতনের সঙ্গে আমাদের কেউ জড়িত থাকলে যেকোনো আইনি শাস্তি মেনে নেব।’
অতিরিক্ত পুলিশ সুপার মো. রকিবুল ইসলাম বলেন, চিকিৎসকের দেওয়া প্রতিবেদন পেলেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আজ বিকেলে মাদ্রাসার দুই শিক্ষককে আটক করা হয়েছে।

সুষ্ঠু তদন্তের মাধ্যমে সিলেটের রায়নগরের ত্রিপল মার্ডারের প্রকৃত অপরাধীদের শনাক্ত করা নিয়ে এত দিন পুলিশের ভূমিকায় সন্দিহান ছিলেন মামলার বাদী ও নিহতের পরিবারের সদস্যরা। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের আশ্বাসের পর এখন সুষ্ঠু তদন্ত ও বিচার নিয়ে আশ্বস্ত হয়েছেন তাঁরা।
১৮ মিনিট আগে
সিলেটের গোলাপগঞ্জে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। আজ বুধবার ভোরে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ক্লাব পয়েন্ট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
৩৩ মিনিট আগে
রংপুরে সাংবাদিক মশিউর রহমান ওরফে উৎস রহমান হত্যা মামলায় এক আসামিকে মৃত্যুদণ্ড এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর পাঁচ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
৪০ মিনিট আগে
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় মেয়াদোত্তীর্ণ বীজ সংরক্ষণ এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
৪১ মিনিট আগে