
প্রিন্টের বিল পরিশোধকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল কাফীর নেতৃত্বে এক দোকানিকে মারধর করার অভিযোগ উঠেছে। গতকাল রোববার (৫ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এ ঘটনা ঘটে। এতে দোকানিসহ দুজন আহত হন। বর্তমানে দোকানটি বন্ধ রয়েছে।
অভিযুক্ত ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল কাফী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। তিনি শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং শহীদ হবিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অভিযুক্ত ছাত্রদল নেতা কাফী পরিবহন চত্বরের হিমেল কম্পিউটার দোকানে কিছু কাগজ প্রিন্ট করতে যান। প্রিন্টের বিল কম দিতে চাইলে দোকানি তা গ্রহণে অস্বীকৃতি জানান। এ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে কাফীসহ কয়েকজন দোকানির ওপর চেয়ার ছুড়ে মারেন এবং তাঁকে মারধর করেন। পরে দোকানটির শাটার বন্ধ করে দেওয়া হয়।
এ ব্যাপারে ভুক্তভোগী দোকানি হিমেল জানান, কাফী একটি জিডি ও প্রবেশপত্রের দুটি আবেদন করেন, যার বিল আসে ২৮০ টাকা। তবে কাফী টাকা কম দিতে চাইলে তিনি তা নিতে অস্বীকৃতি জানান। এ সময় কাফী তাঁকে শাসিয়ে বলেন, ‘তুমি আমাকে চিনো? দোকান বন্ধ করে দেব।’ এরপর তাঁর ওপর চেয়ার-টেবিল ছুড়ে মারেন এবং চার থেকে পাঁচজন মিলে তাঁকে মারতে শুরু করে। পরে দোকানের শাটার বন্ধ করে দেন তাঁরা।
অভিযুক্ত ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল কাফী বলেন, ‘সন্ধ্যার দিকে কম্পিউটারের কিছু কাজ করতে আমি হিমেলের কম্পিউটারের দোকানে যাই। পরে বিল দেওয়াকে কেন্দ্র করে একপর্যায়ে বাগ্বিতণ্ডা হয়। তখন তারাও কিছুটা উগ্র আচরণ করে, একজন শিক্ষার্থী হিসেবে বিষয়টি আমার খারাপ লাগে। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।’ মারধর ও চেয়ার ছোড়াছুড়ির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এমন কিছুই হয়নি। হাতাহাতির সময় চেয়ার-টেবিল থাকলে সেগুলো পড়ে গিয়ে ভেঙে যেতে পারে, তবে চেয়ার ছোড়াছুড়ির কোনো ঘটনা ঘটেনি।’
প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান বলেন, ‘আমরা ঘটনাটি জানার সঙ্গে সঙ্গেই প্রক্টরিয়াল টিম সেখানে উপস্থিত হয়। পরে জানতে পারি, উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। তবে দোকানির ওপর চেয়ার নিক্ষেপের বিষয়টি সত্য। তারা ভবিষ্যতে আর কোনো ধরনের ঝামেলায় জড়াবে না মর্মে আমাদের আশ্বস্ত করেছে। এরপরও যদি এমন কোনো ঘটনা ঘটে, তবে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব।’

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় একটি রেস্টুরেন্টের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (৬ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার ভাগ্যকূল রোড এলাকায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
৬ মিনিট আগে
চাঁদপুর শহরের খলিশডুলী এলাকায় অতিরিক্ত মূল্যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বিক্রি করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার (৬ এপ্রিল) দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনাকালে এ জরিমানা করা হয়।
৮ মিনিট আগে
জামালপুরের ইসলামপুরে ফিলিং স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও জ্বালানি তেল না পেয়ে সড়ক অবরোধ করেছেন মোটরসাইকেলচালকেরা। আজ সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার পৌর শহরের মোশারফগঞ্জ এলাকায় মেসার্স ঝর্ণা ফিলিং স্টেশনের সামনে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন তাঁরা।
১৪ মিনিট আগে
শরীয়তপুর সদর উপজেলায় বিদ্যুৎ-চালিত সেচপাম্পের মোটরে কাপড় পেঁচিয়ে রোজিনা বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে শরীয়তপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড চরপালং কীর্তিনাশা নদীর পাড়ে এ দুর্ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে