
ফরিদপুরে সম্প্রতি বিএনপিতে যোগ দেওয়া দুই নেতার এলাকায় আধিপত্য ও একটি বাজারে প্রভাব বিস্তার নিয়ে প্রায় সাত ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাড়িঘরে হামলা চালিয়ে পাট-পেঁয়াজ লুটপাটের অভিযোগসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। এ ছাড়া এ সংঘর্ষে দুটি উপজেলার চার থেকে পাঁচটি গ্রামের বাসিন্দারা অংশ নেয়।
গতকাল রোববার (৩০ আগস্ট) বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ধুলজোড়া ব্রিজ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এদিন বিকেল ৪টা থেকে থেকে রাত প্রায় ১১টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বোয়ালমারী উপজেলার সীমান্তবর্তী পরমেশ্বরদি ইউনিয়নের ময়েনদিয়া বাজারে প্রভাব বিস্তার ও হাট নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। যে বাজারটি আঞ্চলিক বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত। এই বাজারকে কেন্দ্র করে এক পক্ষের নেতৃত্বে রয়েছেন বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মান্নান মাতুব্বর এবং অপরপক্ষের নেতৃত্ব দেন সালথা উপজেলার বড় খারদিয়া গ্রামের সাবেক জামায়াত নেতা মাওলানা আবুল কালাম আজাদের (যুদ্ধাপরাধীর দায়ে সাজাপ্রাপ্ত) ছেলে মুশফিক বিল্লাহ জিহাদ। বর্তমানে তাঁরা দুজনেই বিএনপিতে। তাঁদের মধ্যে মুশফিক বিল্লাহ জিহাদ ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের অনুসারী এবং মান্নান মাতুব্বর ফরিদপুর-১ আসনের বিএনপির পরাজিত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের অনুসারী।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মুশফিক বিল্লাহ জিহাদ বাজারটির নিয়ন্ত্রণ নেন। এরপর চলতি বছরে জাতীয় সংসদ নির্বাচন পরবর্তীতে ফের বাজারটি নিয়ন্ত্রণে নেন মান্নান মাতুব্বর। এ নিয়ে দুইপক্ষের বিরোধ আরও তীব্র হয় এবং কয়েকবার সংঘর্ষেরও ঘটনা ঘটে।
জানা যায়, গত শনিবার (২৯ আগস্ট) জিহাদ গ্রুপের সোলায়মান মাতুব্বর বাজার করতে এলে তাঁর ওপর হামলা করে মান্নান মাতুব্বরের লোকজন। হামলায় সোলায়মান মাতুব্বর মারাত্মক আহত হন। খবর পেয়ে মুশফিক বিল্লাহ জিহাদ ঘটনাস্থলে এসে আহত সোলায়মানকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। এর কিছুক্ষণ পর দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মুশফিক বিল্লাহ্ জিহাদের ওপরও অতর্কিত হামলা চালানো হয়। পরে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ঘটনার পর মুশফিক বিল্লাহ জিহাদ সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, মান্নান মাতুব্বর ও নটখোলা গ্রামের তারা মিয়ার নেতৃত্ব মান্নান মাতুব্বরের ছেলে মাসুদ রানা ও মজনু মাতুব্বর, স্থানীয় যুবলীগ নেতা পান্নু মাতুব্বর, কুদ্দুস মাতুব্বরের ছেলে ফারুক মাতুব্বর ও মারুফ মাতুব্বর, ইয়াসিনসহ ১০ থেকে ১২ জনের একটি দল রামদা, চাইনিজ কুড়াল ও লোহার পাইপসহ দেশীয় অস্ত্র নিয়ে এই হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
জিহাদপন্থী যুবদল নেতা মাহবুব হাসান সজিব বলেন, দীর্ঘদিন ধরে আব্দুল মান্নান মাতুব্বর বাজারে প্রভাব বিস্তার করে আসছেন। বাজারকে তাঁর প্রভাবমুক্ত করতে মুশফিক বিল্লাহ জিহাদকে উপদেষ্টা করা হয়েছিল। শনিবার মান্নান মাতুব্বরের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে জিহাদ ও সোলায়মান আহত হন।
অন্যদিকে ময়েনদিয়া বাজারের ব্যবসায়ী মজিবর রহমান মোল্যার অভিযোগ, জিহাদ লোকজন নিয়ে এলাকায় এসে হামলা চালান। সাধারণ দোকানি ও স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে মারধর ও হুমকি দেওয়া হয়। ব্যবসায়ী মাওলানা মাসুদুর রহমানও কয়েকজনের বিরুদ্ধে দীর্ঘদিন চাঁদাবাজি করার অভিযোগ করেন। শনিবারও এক ব্যবসায়ীর কাছে চার হাজার টাকা দাবি করা হয়েছিল বলে তিনি জানান।
এ ঘটনার জের ধরে গতকাল রোববার (৩০ আগস্ট) বিকেলে মান্নান মাতুব্বরের লোকজন পরমেশ্বরদী গ্রামের ছরোয়ার খাঁর বাড়িতে হামলা ও ভাংচুর চালায়। এসময় ছরোয়ার খাঁর বাড়ি থেকে পাট ও পেঁয়াজ লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়। পরবর্তীতে বড় খারদিয়া গ্রামের মুশফিক বিল্লাহ জিহাদের সমর্থক হুমায়ন খাঁ, রফিক মোল্যা ও ইলিয়াস কাজীর নেতৃত্বে মান্নান মাতুব্বর গ্রুপের লোকজনদের সঙ্গে ধুলজোড়া ব্রিজের কাছে সংঘর্ষ হয়।
একপর্যায়ে সালথা উপজেলার বড় খারদিয়া, নটখোলা, বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদি গ্রামসহ আশপাশের চার থেকে পাঁচটি গ্রামের বাসিন্দারা জড়িয়ে পড়েন। এ সময় তাঁরা দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা দাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করেন। এক পর্যায়ে রাত হয়ে যাওয়ায় টর্চ জ্বালিয়ে সংঘর্ষ চালিয়ে যান।
এতে উভয় গ্রুপের কমপক্ষে ৩০ জন আহত হয়। আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে গুরুতর আহত পরমেশ্বরদী গ্রামের বাচ্চু মোল্যার ছেলে কবির মোল্যা, হাশেম মোল্যার ছেলে কামরুল মোল্যা, মনসুর মোল্যার ছেলে লোকমান মোল্যাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া বোয়ালমারীসহ আশপাশের হাসপাতালে অনেকেই চিকিৎসাধীন।
এ বিষয়ে বক্তব্য জানতে উভয় পক্ষের নেতৃত্বদানকারী কাউকে পাওয়া যায়নি। তাঁদের মোবাইল নম্বরও বন্ধ পাওয়া যায়।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. ইজাজ আহমেদ শাওন বলেন, সন্ধ্যার পর বেশ কয়েকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া এসব ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে বলে ওসি জানান।

বসতবাড়ির চারপাশে কাঁটাতারের বেড়া। বাইরে যাওয়ার কোনো পথ নেই। মই বেয়ে দেয়াল টপকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। এর মধ্যে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বিদ্যুৎ ও পানির সংযোগ। রাত নামলেই বাড়ে আতঙ্ক—কখন এসে বুলডোজার দিয়ে বসতঘর ভেঙে দেওয়া হয়...
১ ঘণ্টা আগে
ময়মনসিংহের ত্রিশালে মালবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজির চালকসহ আরও চারজন আহত হয়েছেন। আজ সোমবার (৩১ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে ত্রিশাল-বালিপাড়া আঞ্চলিক সড়কের ঠাকুরবাড়ি মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
প্রায় ২৬ মিনিট পর সকাল ৯টা ২১ মিনিটে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়া ভূমি অফিসে আসেন। এ সময় প্রতিমন্ত্রী অফিসের অনিয়ম ও অব্যবস্থাপনার বিষয়গুলো তাঁর কাছে তুলে ধরেন এবং এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তালিকাভুক্ত ৩৩০ জন দুষ্কৃতকারীর মধ্যে এক নম্বরে থাকা জাহেদুল ইসলাম (৩৫) ওরফে ‘পিচ্চি জাহেদ’কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত ১০টার দিকে সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের দক্ষিণ পুরানগড়ের ভাঙ্গারগোড়া এলাকায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে