Ajker Patrika

৫৯ বছর বয়সে অনার্স পাস করলেন শ্রীপুরের সেই বেলায়েত শেখ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  
৫৯ বছর বয়সে অনার্স পাস করলেন শ্রীপুরের সেই বেলায়েত শেখ
বেলায়েত শেখ। ছবি: সংগৃহীত

বাবা মারা যাওয়ার পর বড় ছেলে হিসেবে সংসারের ঘানি টানা শুরু হয় তাঁর। লেখাপড়ার প্রচণ্ড ইচ্ছা থাকা সত্ত্বেও তা বাদ দিয়ে অর্থোপার্জনের জন্য পথে নামতে হয়। স্থানীয় একটি সংবাদপত্রে কাজ করে পেটের খোরাক জুটে গেলেও মনের খোরাক মিটছিল না তাঁর। তাইতো ৫০ বছর বয়সে এসে আবার বই, খাতা হাতে নিয়ে স্কুলগামী হলেন। লোকের হাসাহাসি, কটুক্তি কোন কিছুকেই পাত্তা না দিয়ে অবশেষে ৫৯ বছর বয়সে এসে অনার্স পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন গাজীপুরের বেলায়েত শেখ।

আজ রোববার স্টেট ইউনিভার্সিটির সাংবাদিকতা যোগাযোগ ও মিডিয়া স্টাডিজ বিভাগের সমন্বয়ক, সহকারী অধ্যাপক রিফাত সুলতানা জানিয়েছেন, গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের অনার্সের ফলাফল ঘোষণা করা হয়। বেলায়েত শেখ এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

২০১৭ সালে ৫০ বছর বয়সে ঢাকার দারুল ইসলাম আলিম মাদ্রাসায় নবম শ্রেণিতে ভর্তি হয়ে নতুন করে লেখাপড়া শুরু করেন বেলায়েত শেখ। এরপর ২০১৯ সালে এসএসসি এবং ২০২১ সালে এইচএসসি পাস করেন তিনি। পরে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, জাহাঙ্গীর নগর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধে অংশ গ্রহণ করেছিলেন বেলায়েত শেখ।

অবশেষে ২০২২ সালে স্টেট ইউনিভার্সিটিতে সাংবাদিকতা যোগাযোগ ও মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তি হন। বিশ্ববিদ্যালয় জীবনে বয়সের ব্যবধান, পারিবারিক ও আর্থিক নানা চ্যালেঞ্জ থাকলেও তিনি হাল ছাড়েননি। নিয়মিত পড়াশোনা, ক্লাস ও পরীক্ষায় অংশ নিয়ে শেষ পর্যন্ত অনার্সের গণ্ডি পেরিয়ে গেলেন।

অনার্স পাসের অনুভূতি প্রকাশ করে বেলায়েত শেখ বলেন, ‘শিক্ষার কোনো বয়স নেই। জীবনে যত বাধাই আসুক, ইচ্ছাশক্তি ও পরিশ্রম থাকলে স্বপ্ন পূরণ করা সম্ভব। যারা বয়সের কারণে পড়াশোনা থেকে দূরে আছেন, তাদের প্রতি আমার আহ্বান—সুযোগ পেলেই আবার পড়াশোনায় ফিরে আসুন।’

তাঁর এই সাফল্যে পরিবার, সহপাঠী, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা আনন্দ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর অর্জনকে ইতিবাচকভাবে দেখছেন অনেকে।

৫৯ বছর বয়সে অনার্স পাসের মাধ্যমে বেলায়েত শেখ শুধু নিজের স্বপ্নই পূরণ করেননি, বরং বয়সকে জয় করে শিক্ষার পথে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অন্যদের জন্যও তৈরি করেছেন অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

সাংসারিক জীবনে বৃদ্ধা মা, স্ত্রী দুই ছেলে এক কন্যা সন্তান রয়েছে বেলায়েত শেখের। রয়েছে ছেলে এবং মেয়ের ঘরের তিনজন নাতি-নাতনিও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত