Ajker Patrika

সোনাগাজীতে ‘পরকীয়ার’ অপবাদে নারী-পুরুষকে খুঁটিতে বেঁধে নির্যাতন

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি 
সোনাগাজীতে ‘পরকীয়ার’ অপবাদে নারী-পুরুষকে খুঁটিতে বেঁধে নির্যাতন
সোনাগাজী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখা হয় তাঁদের। ছবি: সংগৃহীত

ফেনীর সোনাগাজীতে পরকীয়ার অভিযোগ তুলে এক নারী ও পুরুষকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে ১৬ ঘণ্টারও বেশি সময় নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে। ঘটনার একপর্যায়ে স্থানীয় কয়েক ব্যক্তি ওই নারীর বৈবাহিক সম্পর্ক ছিন্নের ‘ফরমান’ জারি করেন বলে জানা গেছে।

গতকাল মঙ্গলবার বিকেলে সোনাগাজী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হালিম ডাক্তার পুলের গোড়া এলাকা থেকে পুলিশ নির্যাতনের শিকার দুজনকে উদ্ধার করে।

নির্যাতনের শিকার নারীর চার সন্তান এবং পুরুষের দুই সন্তান রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে পৌরসভার পূর্ব চরগণেশ এলাকার বাসিন্দা নুর আলমের স্ত্রী কামরুন নাহার রুমার বাড়িতে তাঁর এক আত্মীয় এরশাদউল্লাহ যান।

রাত সাড়ে ১২টার দিকে স্থানীয় কয়েকজন বিষয়টি দেখতে পেয়ে সেখানে জড়ো হন। পরবর্তীকালে তাঁদের বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে দুজনকেই ধরে এনে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয় এবং শারীরিক নির্যাতন চালানো হয়।

পরদিন মঙ্গলবার দুপুরের দিকে নির্যাতনকারীদের কয়েকজন ওই নারীর সঙ্গে তাঁর স্বামীর সম্পর্কচ্ছেদের সিদ্ধান্ত ঘোষণা করেন। এরপরেও বিকেল ৪টা পর্যন্ত তাঁদের আটকে রেখে নির্যাতন চালানো অব্যাহত থাকে বলে অভিযোগ পাওয়া গেছে।

খবর পেয়ে গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে সোনাগাজী মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ তাঁদের উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁদের থানায় আনা হয়েছে।

পুলিশ কর্মকর্তা আরও জানান, ঘটনাটির বিষয়ে তদন্ত চলছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত