
গাজীপুর সাফারি পার্কে রাখা সম্রাট ও নিহারকলি নামে উদ্ধার করা দুই হাতিকে মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে বন বিভাগ। নির্যাতন না করা, হাতি দিয়ে টাকা না তোলা এবং জিম্মানামা-মুচলেকাসহ কয়েকটি শর্তে গত ১২ আগস্ট দুপুরে হাতি দুটি হস্তান্তর করা হয়। আজ বৃহস্পতিবার বিষয়টি জানিয়েছেন গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক এসিএফ মো. তারেক রহমান।
তারেক রহমান জানান, শ্রীপুরের গাজীপুর সাফারি পার্ক থেকে সম্রাট ও নিহারকলি নামের হাতি দুটি মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। সম্রাটকে তার মালিক মনির মিয়া এবং নিহারকলিকে তার মালিক আব্দুল মজিদ বুঝে নিয়েছেন।
বন বিভাগ সূত্রে জানা যায়, সড়ক-মহাসড়কসহ দেশের বিভিন্ন স্থানে হাতি দিয়ে টাকা তোলার অভিযোগে দুই বছর আগে হাতি দুটি উদ্ধার করে গাজীপুর সাফারি পার্কে আনা হয়েছিল। মালিকদের আবেদনের পর নির্যাতন না করা এবং হাতি দিয়ে টাকা না তোলাসহ কয়েকটি শর্তে সেগুলো ফেরত দেওয়া হয়েছে।
২০২৪ সালের ৩১ আগস্ট নারায়ণগঞ্জের ভুলতা থেকে নিহারকলিকে উদ্ধার করা হয়। বন বিভাগের ভাষ্য, হাতিটি দিয়ে মানুষের কাছ থেকে টাকা তোলা হচ্ছিল। সেই সঙ্গে হাতিটিকে নির্যাতনের অভিযোগও ছিল। এ কারণে হাতিটিকে গাজীপুর সাফারি পার্কে আনা হয়েছিল।
একই বছর ২৪ সেপ্টেম্বর গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাহুত নজরুল ইসলামকে পিষে হত্যার পর সম্রাটকে উদ্ধার করা হয়। পরে তাকে সাফারি পার্কে আনা হয়।
সম্রাটের মালিক মনির মিয়া জানান, সাফারি পার্ক থেকে হাতিটিকে এনে বর্তমানে মৌলভীবাজার এলাকায় রাখা হয়েছে। সেখানে তার নিজ দায়িত্বে হাতিটিকে লালন-পালন করা হবে।
এসিএফ মো. তারেক রহমান বলেন, ‘হাতির মালিকরা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বনবিভাগের কাছে আবেদন করেছিল। তাদের আবেদন যাচাই-বাছাই করে হাতি ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি তাদের আর্থিক সক্ষমতাও যাচাই করে দেখা হয়েছিল। তাদের কাছ থেকে জিম্মানামা ও মুচলেকা নেওয়া হয়েছে। সবকিছু বিবেচনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় হাতি দুটি মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
বন বিভাগের বন সংরক্ষক মো. ছানাউল্যা পাটওয়ারী বলেন, ‘মালিকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। হাতি দুটি যাতে নির্যাতনের শিকার না হয়, কষ্ট না পায় এবং চাঁদা তোলার কাজে ব্যবহার না করা হয়—এমন শর্ত দেওয়া হয়েছে। ৩০০ টাকার স্ট্যাম্পে জিম্মানামা নিয়ে হাতি দুটি ফেরত দেওয়া হয়েছে।’
মো. ছানাউল্যা পাটওয়ারী আরও বলেন, ‘সাফারি পার্কে দুটি হাতির মৃত্যুর কারণে নয়, মালিকদের আগের আবেদনের পর নিয়ম মেনেই হাতি দুটি ফেরত দেওয়া হয়েছে।’
উল্লেখ্য, গত ৬ ও ৭ আগস্ট রাজু বাহাদুরসহ পার্কের হাতিশালায় দুটি হাতির মৃত্যু হয়। চলতি বছরের ২৪ মে পার্কের হাতিশালায় শেকলে বাঁধা ১০ বছর বয়সী রাজু বাহাদুরের ওপর হামলা করে ৪ বছর বয়সী হাতি জয়িতা। এতে রাজু বাহাদুরের একটি পা ভেঙে যায়। চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়। পাশাপাশি থাইল্যান্ড থেকে বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক আনা হয় এবং শ্রীলঙ্কার চিকিৎসকদের সঙ্গেও পরামর্শ করা হয়। সব চেষ্টা সত্ত্বেও গত ৭ আগস্ট হাতিটির মৃত্যু হয়। অপরদিকে, ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে গাজীপুর সাফারি পার্কের আরও একটি হাতির মৃত্যু হয় গত ৬ আগস্ট।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের কাছ থেকে প্রতিবছর রাকসু ও হল সংসদ ফি আদায় করা হলেও সেই অর্থ ব্যয়ের নেই সুস্পষ্ট নীতিমালা। এই পরিস্থিতিতে দীর্ঘদিনের জমা অর্থের বড় একটি অংশ বর্তমান রাকসুর মেয়াদেই ব্যয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২৯ মিনিট আগে
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় পুলিশের দেওয়া বয়ানের সঙ্গে মাঠপর্যায়ের তথ্য, বাদীর বক্তব্য এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় কিছু অসংগতি দেখা দিয়েছে। এজাহারের সময় নিয়েও রয়েছে গরমিল। আর বাদী বলছেন, এজাহারে কী আছে, তিনি জানেন না।
১ ঘণ্টা আগে
খুলনা মহানগরে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করায় তা মোকাবিলা নিয়ে বিএনপি ও খুলনা সিটি করপোরেশন (কেসিসি) পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে। মহানগর বিএনপি গত সোমবার জরুরি সভায় এই পরিস্থিতির জন্য কেসিসির ‘ব্যর্থতাকে’ দায়ী করা হয়। এর পরদিন গতকাল মঙ্গলবার সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির...
২ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় বৃক্ষরোপণে ও সবুজায়ন বাড়াতে এক দশকে শতকোটি টাকার বেশি খরচ করা হয়েছে। কিন্তু পরিবেশবিষয়ক বেসরকারি সংস্থা ক্যাপসের গবেষণা বলছে, এই সময়ে ঢাকায় গাছপালা আচ্ছাদিত সবুজ এলাকা কমেছে ৩১ শতাংশের বেশি। ১০ বছর আগে ঢাকায় সবুজ এলাকা ছিল ১২ দশমিক ৫২ শতাংশ, বর্তমানে তা ৮ দশমিক ৬৩ শতাংশে দাঁড়িয়েছে।
২ ঘণ্টা আগে