
গাইবান্ধার সুন্দরগঞ্জে সড়ক ঘেঁষে আবাদি জমির শ্রেণি পরিবর্তন করে পুকুর খননের অভিযোগ উঠেছে। খনন করা মাটি অবৈধ যান কাঁকড়া দিয়ে বিভিন্ন এলাকায় পরিবহন করায় ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামীণ পাকা ও কাঁচা সড়ক। সেই সঙ্গে দিনরাত কাঁকড়া গাড়ির শব্দ আর ধুলায় অতিষ্ঠ এলাকাবাসী। উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের তালুক ফলগাছা গ্রামের মন্ডলপাড়ায় মাটি কাটার ঘটনা ঘটছে।
সরেজমিনে ওই গ্রামের তালুক ফলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে ৫০০ গজ দূরত্বে গিয়ে দেখা গেছে, যাতায়াতের সড়ক ঘেঁষে আবাদি জমির মাটি অবৈধ যন্ত্র এক্সকাভেটর দিয়ে খনন করা হচ্ছে। অবৈধ যান কাঁকড়াযোগে মাটির স্তূপ বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করা হচ্ছে। এতে কাঁকড়া চলাচলে পাকা ও কাঁচা সড়কগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। মাটি পরিবহনে ব্যবহৃত কাঁকড়া গাড়ির ধুলা বাতাসে উড়ছে। শ্বাসের সঙ্গে ধুলাবালু মানুষের শরীরে প্রবেশ করছে। এতে স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। এ ছাড়া মানুষের বসতবাড়িতে ধুলাবালু উড়ে আসছে। এতে ঘরের আসবাব ধুলায় ঢেকে যাচ্ছে। ভাত-তরকারিসহ বিভিন্ন খাবারে ধুলা উড়ে এসে পড়ছে। পুকুর খননকারী এলাকার প্রভাবশালী ব্যক্তি হওয়ায় মুখ খুলতে সাহস পাচ্ছে না কেউ।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক স্কুলশিক্ষক বলেন, ‘কী বলি ভাই, সড়কটি পাকা হওয়ার এখনো এক বছর পূর্ণ হয়নি। মাটি বহনকারী কাঁকড়ার বেপরোয়া গতিতে এখনেই সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে। এভাবে কাঁকড়া চললে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে যাবে খুব অল্প সময়ে। তা ছাড়া ভয় হয় কখন যে কোন দুর্ঘটনা ঘটে।’
কাঁকড়া চলাচলের সড়ক ঘেঁষে বসতবাড়ির এক মালিকের সঙ্গে কথা হয়। তিনিও নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘রোজার মাস। তা ছাড়া কামকাজ করা শরীল হামার। যেই একনা আরাম নিবার জন্যে শুতিতেই কাঁকড়ার শব্দ। মনে হয় মাথার উপর দিয়া গেল। ঘুম তো দূরের কথা, মাথার বিষ শুরু হয়।’
ওই বাড়ির গৃহিণী জানান, সড়ক দিয়ে যখন কাঁকড়া যায়, তখন ধুলায় বাড়ি অন্ধকার হয়ে যায়। সেই ধুলাগুলো পরে ঘরের ভেতরে ঢুকে যায়। এতে শোবার ঘর, রান্নাঘরসহ সব ঘরে থাকা জিনিসপত্র ধুলায় ভর্তি হয়ে যায়।
এ বিষয়ে কথা হয় সড়ক ঘেঁষে পুকুর খননকাজে অভিযুক্ত কাওছার আহমেদ রোমানের সঙ্গে। তিনি বলেন, ‘আমরা তো অন্যায় কাজ করতে পারি না। সে কারণে নিজস্ব জমিতে পুকুর খনন করতেছি মাছ চাষ করার জন্য। তা ছাড়া সড়ক ঘেঁষে নয়, দূরত্ব বজায় রেখে পুকুর খনন করা হচ্ছে, যাতে সড়কের কোনো ক্ষতি না হয়। তবে জমির শ্রেণি পরিবর্তনে প্রশাসনের অনুমতি লাগে, বিষয়টি আমার জানা নেই।’
এ বিষয়ে কথা হয় বামনডাঙ্গা ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মো. আতোয়ার রহমান খন্দকারের সঙ্গে। তিনি বলেন, ‘শুধু তালুক ফলগাছায় নয়। আমার জানামতে এই ইউনিয়নের তিনটি স্থানে এভাবে মাটি খনন করা হচ্ছে। আমি সে জায়গাগুলোতে গিয়েছিলাম। বন্ধ করে দিয়ে এসেছি। এরপরে তারা আবারও মাটি খনন করছে কি না জানি না। তবে বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে আমরা মাঠে কাজ করছি। কোথাও কোনো অভিযোগ পেলে ঘটনাস্থলে যাচ্ছি এবং ব্যবস্থা নিচ্ছি। আপনি ছবিসহ তথ্য হোয়াটসঅ্যাপ করেন, আমরা ব্যবস্থা নিচ্ছি।’ ইউএনও আরও বলেন, ‘জমির শ্রেণি পরিবর্তনে জেলা প্রশাসকের অনুমতি লাগে। সড়ক ঘেঁষে পুকুর খনন করা ঠিক নয়।’

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মরা গরুর মাংস বিক্রির দায়ে এক বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাঁর দোকান থেকে প্রায় ১০ মণ মরা গরুর মাংস জব্দ করে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। বুধবার (৪ মার্চ) রাত ৯টার দিকে কোটালীপাড়া উপজেলা সদরের পৌর মার্কেটের মাংস বিক্রেতা আলী আকবর গাজীর দোকানে অভিযান...
২৪ মিনিট আগে
রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান এলাকায় ‘আশেকে রাসূল জুয়েলার্স’ নামের একটি জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দোকানটি থেকে প্রায় ১০০ ভরি স্বর্ণালংকার ও ১৫০ ভরি রুপার অলংকার চুরি হয়েছে বলে দাবি করেছেন দোকানের মালিক...
৩৮ মিনিট আগে
জুলাই গণ-অভ্যুত্থানের সময় রংপুরের আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার ঘোষণা করা হবে আগামী ৯ এপ্রিল। আজ বৃহস্পতিবার রায় ঘোষণার জন্য এই দিন ঠিক করে দেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
৪২ মিনিট আগে
সাতক্ষীরার তালা উপজেলায় একটি গ্রামে পাঁচ ও ছয় বছর বয়সী দুই শিশুকে যৌন নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। গতকাল বুধবার দিবাগত রাতে ওই যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করে ভুক্তভোগী এক শিশুর পরিবার। জানা গেছে, প্রতিবেশী দুই শিশুকে ভুলিয়ে-ভালিয়ে...
১ ঘণ্টা আগে