
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কিছু সাংস্কৃতিক সংগঠন থাকলেও কার্যক্রম নেই বললেই চলে। কোনো সংগঠন ঢাকায় অনুষ্ঠানের ডাক পেলে খোলা মাঠে মহড়া করে তাতে অংশ নেয়। এর বাইরে তেমন কোনো আয়োজন নেই। এ জন্য অবকাঠামো সংকট ও অনুশীলনের উপযুক্ত পরিবেশ না থাকাকেই দুষছেন সাংস্কৃতিক কর্মীরা।
রাবি কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি নাসিম আহমেদ বলেন, ‘গত বছরের অক্টোবরে সমকাল নাট্যচক্র একটা প্রোগ্রাম করেছিল। এর আগে সেপ্টেম্বরে ঢাকায় একটা প্রোগ্রাম থাকায় নাট্য সংগঠন তীর্থক কার্যালয়ের সামনে খোলা মাঠে অনুশীলন করেছে। এ ছাড়া এই মাসে আমাদের প্রোগ্রাম থাকলেও তা নিয়ে কাজ করতে পারছি না।’
নাসিম আহমেদ আরও বলেন, ‘সামনে পয়লা বৈশাখ, তা নিয়েও কোনো পরিকল্পনা করতে পারছি না। কারণ, এখন যে পরিবেশে আছি সেখানে সদস্যরা যেতে চাচ্ছেন না। শুধু তীর্থক আর সমকাল তাদের কাজ খুঁড়িয়ে খুঁড়িয়ে চালিয়ে যাচ্ছে। এই সাত মাসে ক্যাম্পাসে শুধু তীর্থক পাঁচটি নাটক মঞ্চায়িত করেছে। এই কাজ ওঠাতে তাদের ব্যাপক কষ্ট করতে হয়েছে।’
রাবির সাংস্কৃতিক সংগঠনগুলো দীর্ঘদিন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ভবনে কার্যক্রম চালিয়েছে। গত বছরের অক্টোবরে রাকসু নির্বাচনের আগে সেপ্টেম্বরে সংগঠনগুলোকে রাকসু ভবন ছাড়তে হয়। বর্তমানে সংগঠনগুলোকে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মডেল স্কুলের একটি পুরোনো ভবনে স্থানান্তর করা হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, ভবনটি দীর্ঘদিন সংস্কারহীন অবস্থায় পড়ে রয়েছে। কক্ষগুলো সংকীর্ণ, অন্ধকার ও স্যাঁতসেঁতে। অনেক জানালা ভাঙা, টিনের চালার অবস্থাও নাজুক। কোথাও কোথাও দেয়ালের পলেস্তারা খসে পড়ছে। উঠানেও ময়লা-আবর্জনা জমে ভাগাড়ে পরিণত হয়েছে। মহড়ার জন্য নেই পর্যাপ্ত জায়গা। বাদ্যযন্ত্র সংরক্ষণ ও দাপ্তরিক কাজ করার মতো পরিবেশও নেই।
এ ছাড়া পুরো ভবনে রয়েছে মাত্র একটি ছোট ওয়াশ রুম। নেই সুপেয় পানির ব্যবস্থা। ইন্টারনেট সংযোগও সীমিত।
খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ১৫টি সাংস্কৃতিক সংগঠন সক্রিয় রয়েছে। এর মধ্যে উদীচী শিল্পীগোষ্ঠী, অরণি সাংস্কৃতিক সংসদ, রাজশাহী ইউনিভার্সিটি ড্রামা অ্যাসোসিয়েশন (রুডা), সমকাল নাট্যচক্র, অনুশীলন নাট্যদল, তীর্থক নাটক, বিশ্ববিদ্যালয় থিয়েটার রাজশাহী, এপিক রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি এবং বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি ডিবেটিং ফোরাম উল্লেখযোগ্য।
নাসিম আহমেদ বলেন, নতুন জায়গার পরিবেশ অত্যন্ত অনিরাপদ ও অস্বস্তিকর। সন্ধ্যার পর সেখানে যাওয়া কঠিন হয়ে পড়ে। বিদ্যুৎ সমস্যাও নিয়মিত। ফলে অনেক শিক্ষার্থী সংগঠনের কার্যক্রমে অংশ নিতে আগ্রহ হারাচ্ছেন। অনুপযুক্ত পরিবেশের কারণে সংগঠনগুলোর কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়ছে।
এদিকে রাকসুর ইশতেহারে পূর্ণাঙ্গ টিএসসিসি বাস্তবায়নের কথা থাকলেও নির্বাচনের পর তা নিয়ে কোনো কার্যক্রম দেখা যায়নি।
আবৃত্তি সংগঠন স্বণনের সাবেক আহ্বায়ক মিজান শেখ বলেন, ‘আমরা বহুত্ববাদীতে বিশ্বাসী। আমরা চাই সবাই থাকুক। বর্তমানে বিভিন্ন কারণে সেটা হারিয়ে যাচ্ছে। তবে রাকসু শুধু একটা ধর্মকে হাইলাইট করে। তাদের সকল প্রোগ্রাম ধর্মকেন্দ্রিক। মনে হয়, রাকসু মানেই বিকল্প ইসলামিক শিল্পী গোষ্ঠী।’
রাবি কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতি সনৎ কুমার ঢালী বলেন, ‘রাকসু ভবন থেকে যখন আমাদের স্থানান্তর করা হয় তখন প্রশাসন আমাদের কথা দিয়েছিল, আমাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি করবে। পূর্ণাঙ্গ সংস্কার করবে বলেও ছুটির আগে আমাদের জানানো হয়েছে। রাকসুর সাংস্কৃতিক সম্পাদক জানিয়েছেন, একটি কমিটি গঠন করে দ্রুত সংস্কার করা হবে। তবে এসব বাস্তবায়নে কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না।’
এ বিষয়ে রাবির উপ-উপাচার্য অধ্যাপক মোহা. মাঈন উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘এই ভবন থেকে শেখ রাসেল নামের স্কুলটি স্থানান্তরিত হওয়ায় ভবনটি ফাঁকা ছিল। এই ভবন ছাড়া সংগঠনগুলোকে পুনর্বাসন করার মতো অবকাঠামোগত সুযোগ আমাদের ছিল না। এর পর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগকে প্রোজেক্ট প্রপোজাল তৈরি করতে নির্দেশনা দিয়েছি।’
এদিকে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, ‘আমি তো সবেমাত্র দায়িত্ব গ্রহণ করলাম। আমি সংগঠনগুলোর সঙ্গে বসব। সবকিছু জানার পর ব্যবস্থা নেব।’

২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে নিহত, যাঁদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে, সেসব হত্যা মামলার তদন্তে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী, এসব মামলায় মরদেহের গোসল ও দাফনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের সাক্ষ্যের ভিত্তিতে মৃত্যুর কারণ ও স্থান নির্দিষ্ট করছেন তদন্ত কর্মকর্তারা।
১৮ মিনিট আগে
ঢাকার কমলাপুর ইনল্যান্ড কনটেইনার ডিপোর (আইসিডি) নতুন অপারেটর নিয়োগপ্রক্রিয়া তিন বছরেও শেষ করতে পারেনি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বিশেষ শর্ত, আইনি জটিলতা ও আদালতের স্থগিতাদেশে টেন্ডার কার্যক্রম দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে; সর্বশেষ আদেশে স্থগিতাদেশ বাড়ানো হয়েছে আগামী ২০ মে পর্যন্ত।
৩৮ মিনিট আগে
ব্রিটিশ শাসনামলে সিলেট-আখাউড়া রেলপথ স্থাপন করা হয় পণ্য সরবরাহের জন্য। সময়ের সঙ্গে সঙ্গে এই রেলপথে সাধারণ যাত্রীরা চলতে শুরু করেন। ট্রেন যাত্রা নিরাপদ ও আরামদায়ক হওয়ায় যাত্রীসংখ্যাও বৃদ্ধি পায়।
১ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনী ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সংযোগস্থলে মাথাভাঙ্গা নদীর ওপর নির্মিত একটি সেতু চার বছরেও চালু হয়নি। সেতুর নির্মাণকাজ শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় এটি ব্যবহার করতে পারছেন না দুই জেলার মানুষ। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
১ ঘণ্টা আগে