Ajker Patrika

অস্ত্র. ককটেলসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশে দিল জনতা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০০: ২৮
অস্ত্র. ককটেলসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশে দিল জনতা
উদ্ধার হওয়া অস্ত্র। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে আতঙ্ক সৃষ্টির অভিযোগে রকি হোসেন (২২) নামের এক যুবককে অস্ত্রসহ আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এ সময় তাঁকে গণপিটুনি দেওয়া হয়।

আজ শনিবার রাত ৮টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর বেলতলা এলাকায় এ ঘটনা ঘটে। রকি হোসেন ওই এলাকার মৃত বজলুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিরাজনগর এলাকায় মাদকসেবী ও কারবারিদের উৎপাত বাড়ায় ক্ষুব্ধ এলাকাবাসী গতকাল রাতে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল করে। আজ রাতে সিরাজনগরের একটি বাঁশবাগানে মাদক সেবন ও বিক্রির প্রস্তুতি চলছে—এমন খবরে স্থানীয় কয়েকজন সেখানে যান।

স্থানীয়দের অভিযোগ, তাঁদের উপস্থিতি বুঝতে পেরে রকি হোসেনসহ তাঁর আরও ১০-১২ জন সহযোগী আতঙ্ক সৃষ্টি করতে ফাঁকা গুলি ছোড়েন এবং একাধিক ককটেল বিস্ফোরণ ঘটান। পরে স্থানীয়রা তাঁদের ধাওয়া দিলে অন্যরা পালিয়ে গেলেও রকিকে অস্ত্রসহ আটক করা হয়। এ সময় উত্তেজিত জনতার গণপিটুনিতে তিনি আহত হন।

খবর পেয়ে দৌলতপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহত রকিকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। পুলিশ তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি রামদা ও একটি ককটেল জব্দ করার কথা জানিয়েছে।

ফিলিপনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান একরামুল হক বলেন, ‘এলাকায় মাদকবিরোধী আন্দোলন চলছিল। এর মধ্যে আজ রাতে ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।’

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ‘অস্ত্র, বিস্ফোরকসহ এক যুবককে স্থানীয় জনতা আটক করে পুলিশে দিয়েছে। গণপিটুনিতে আহত হওয়ায় তাঁকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলা ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত