
ঘুষ, দালাল চক্র, সিট-বাণিজ্য, নিম্নমানের খাবার আর গরু-ছাগল-বিড়ালের অবাধ বিচরণ—সব মিলিয়ে চরম অব্যবস্থাপনার চিত্র ফুটে উঠেছে দেশের অন্যতম বৃহৎ চিকিৎসাকেন্দ্র ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে। রোগী ও স্বজনদের অভিযোগ, টাকা ছাড়া এখানে কোনো সেবা মেলে না; আর টাকা দিয়েও পাওয়া যায় না কাঙ্ক্ষিত চিকিৎসা। অপারেশনের নামে অর্থ আদায়, ট্রলিবয় ও আনসার সদস্যদের বিরুদ্ধে ঘুষের অভিযোগ, দালালদের দৌরাত্ম্য এবং নিরাপত্তাহীন পরিবেশে প্রতিদিন দুর্ভোগে পড়তে হচ্ছে হাজারো সেবাপ্রার্থীকে।
হাসপাতালের পুরোনো ভবনের ১৪ নম্বর ওয়ার্ডে ভর্তি থাকা মফিজ উদ্দিন বলেন, ‘চিকিৎসার জন্য হাসপাতালের আঙিনায় ঢুকতেই চারদিক থেকে লোকজন আমাকে ঘিরে ধরে। এখানে কে স্টাফ বা দালাল, তা বোঝার উপায় নেই। এরপর শুরু হয় হয়রানি। এত কিছুর পরও যদি একটি নাপা ট্যাবলেট পেতাম, তাহলে মনকে বোঝাতে পারতাম। খাবারের মানও একদম ভালো না। নাশতায় দেওয়া হচ্ছে পচা কলা, পাউরুটি। মনে হয়, যাঁরা এসব দেখবেন, তাঁরাই অনিয়মের সঙ্গে জড়িত। হাসপাতালের যেখানেই যাবেন, সেখানেই গরু, ছাগল ও বিড়ালের উপদ্রব।’
মফিজ উদ্দিনের বক্তব্যেই বোঝা যায় মমেক হাসপাতালের বর্তমান পরিস্থিতি। ৮ জুন হাসপাতালটির ৭ নম্বর ওয়ার্ডে রোগীর স্বজনদের মারধর করেন শাহীন নামের এক ওয়ার্ডবয়। পরে তাঁকে হাসপাতাল কর্তৃপক্ষ সাময়িক বরখাস্ত করে। সম্প্রতি রোগীর স্বজনদের কাছ থেকে গাইনি ওয়ার্ডে কর্মরত এক নারীর টাকা নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা। শুধু তা-ই নয়, ট্রলিবয়, আনসার সদস্য এবং চিকিৎসকদের বিরুদ্ধেও টাকা নেওয়ার অভিযোগ রোগী ও স্বজনদের।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১ হাজার শয্যার এই হাসপাতালে প্রতিদিন গড়ে প্রায় ৪ হাজার রোগী ভর্তি থাকে। এ ছাড়া বহির্বিভাগে সেবা নেয় ৬ থেকে ৭ হাজার রোগী। শয্যার তুলনায় অতিরিক্ত রোগী আসায় মেঝে ও বারান্দায় গাদাগাদি করে থাকতে হচ্ছে। বৃহৎ এই সেবাপ্রার্থীদের মধ্যে অনেকে প্রতিনিয়ত স্টাফ ও দালালদের হয়রানির শিকার। সেবা নেওয়ার জন্য জরুরি বিভাগের সামনে আসতেই প্রথমে ট্রলিবয়দের কাছে জিম্মি হতে হয়। তাদের চাহিদা অনুযায়ী দিতে হয় ৫০ থেকে ৫০০ টাকা পর্যন্ত।
জরায়ু সমস্যায় জেলার ঈশ্বরগঞ্জের নাজমা বেগমকে গত ঈদুল আজহার আগে ভর্তি করান ছেলে ইসমাঈল হোসেন। এরপর ঈদের জন্য ছুটি দিয়েছেন চিকিৎসকেরা। ৮ জুন পুনরায় হাসপাতালে ভর্তি করানো হলে অপারেশনের জন্য চাওয়া হয় ৩০ হাজার টাকা।
ইসমাঈল বলেন, ‘মায়ের জরায়ু অপারেশন হবে, তাই চিকিৎসক আরমান স্যার এক ম্যাডামের মাধ্যমে ৩০ হাজার টাকা আমার কাছে চেয়েছেন। একটি মেশিন এনে নাকি অপারেশন করাতে হবে। এখন বাধ্য হয়ে টাকা সংগ্রহ করেছি। কারণ, মায়ের জীবন আগে।’
সদর উপজেলার কাকচর গ্রামের নূরে আলম সম্প্রতি তাঁর বাবা রফিকুল ইসলামকে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করিয়েছেন। নূরে আলম বলেন, ‘আব্বাকে নিয়ে আসতেই প্রথমে জরুরি বিভাগের সামনে ট্রলিবয়দের সঙ্গে দর-কষাকষির মাধ্যমে ১০০ টাকায় ওপরে নিয়ে যাই। পরে সেখান থেকে বাইরে একটি পরীক্ষা দিলে ট্রলিবয় আব্বাকে নিয়ে যেতে ৫০০ টাকা দাবি করে। এ নিয়ে তর্কের পর আমাকে দেখে নেওয়ারও হুমকি দেওয়া হয়। এরপর সিট দেবে বলে এক আনসার সদস্য ৫০০ নিয়ে চয়ে যায়। পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।’
ট্রলিবয় নাহিদ হাসান বলেন, ‘জরুরি বিভাগের সামনেই লেখা রয়েছে, ট্রলিবয়দের বকশিশ দেওয়া নিষেধ। তাহলে আমাদের কেন রোগী এবং তাদের স্বজনেরা টাকা দেবে। যারা অভিযোগ দেয়, তারা এমনিতেই দেয়, আমরা এসবের সঙ্গে জড়িত নই।’
হাসপাতাল ক্যাম্পের আনসার ইনচার্জ খায়রুল আলম বলেন, ‘আনসার ও সিকিউরিটি গার্ডকে এক করে ফেলেন স্বজনেরা। আমার মনে হয় আনসার সদস্যরা সিট-বাণিজ্যের সঙ্গে জড়িত নয়। যদি এমন প্রমাণ থাকে, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।’
দালালদের দৌরাত্ম্য কমিয়ে প্রান্তিক জনগোষ্ঠীর সেবা নিশ্চিতকরণের দাবি ময়মনসিংহ সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের সভাপতি ইমতিয়াজ আহমেদের। তিনি বলেন, ‘মানুষ যখন তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হন; তখন সমাজে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। আমরা দেখছি, সেবার অন্যতম এই কেন্দ্র অব্যবস্থাপনার কারণে সুনাম হারাচ্ছে।’
স্থানীয় সংসদ সদস্যের অনুসন্ধানেও উঠে এসেছে হাসপাতালের অব্যবস্থাপনার ভয়াবহ চিত্র। ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, ‘হাসপাতালের লোকবল রোগীদের নয়, তারা নিজেরা নিজেদের স্বার্থ চিন্তা করে। আমি সংসদ সদস্য হিসেবে হাসপাতালের এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে সকলকে নিয়ে কাজ শুরু করব।’
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন, ‘হাসপাতালে কিছু সমস্যা যে নেই, তা অস্বীকার করছি না। তবে যাঁরা ভুক্তভোগী কিংবা হয়রানির শিকার হচ্ছেন, তাঁরা যদি অন্তত নির্দিষ্ট করে মৌখিকভাবেও আমাদের কাছে অভিযোগ করেন, তাহলে ব্যবস্থা নিতে সুবিধা হয়। রোগীর স্বজনদের মারধরের ঘটনায় ওয়ার্ডবয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ট্রলিবয়দের বিষয়টিও দেখা হচ্ছে। অপারেশনের জন্য কোনো চিকিৎসকের টাকা চাওয়ার কথা নয়। তারপরও বিষয়টি দেখছি।’

পুকুর লিজ ও পুরোনো মালপত্র বিক্রিতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নিয়ম থাকলেও এবার তা মানা হলো না রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ‘কাছের লোকদের’ ডেকে মালপত্র বিক্রি ও পুকুর লিজ দেওয়া হয়েছে। বিভিন্ন সময় পত্রিকায় বিজ্ঞপ্তি ছাড়াও কোনো কোনো ক্ষেত্রে এলাকায় মাইকিংও করা
২ ঘণ্টা আগে
কৃষিজমিতে মাত্রাতিরিক্ত কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহার নিয়ে যখন উদ্বেগ বাড়ছে তখন তা কমানোর বদলে বাড়ানোর পক্ষে প্রচার চালানো হচ্ছে। এমনকি খোদ ফসলের খেতে বিজ্ঞাপন দেওয়া হয়েছে কীটনাশক কোম্পানিগুলোর। ঝিনাইদহের বিভিন্ন এলাকায় সম্প্রতি এ চিত্র দেখা গেছে।
২ ঘণ্টা আগে
পুলিশ ও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রোহিঙ্গারা বান্দরবানে অনুপ্রবেশ করে কম মজুরিতে শ্রমিকের কাজ করছে। এর ফলে স্থানীয় বাঙালি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শ্রমিকেরা বেকার হয়ে পড়ছেন।
২ ঘণ্টা আগে
ক্ষতিগ্রস্ত বেইলি সেতু সরিয়ে নতুন সেতু নির্মাণের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয় চার বছর আগে। কিন্তু জমি অধিগ্রহণের জটিলতায় দুই বছর ধরে সেতুর নির্মাণকাজ বন্ধ রয়েছে। ঝুঁকিপূর্ণ বেইলি সেতু দিয়েই চলাচল করছে যানবাহন।
২ ঘণ্টা আগে