
বেনাপোল বন্দরে পুলিশের ছত্রচ্ছায়ায় বেপরোয়া হয়ে উঠেছে প্রতারক চক্র। প্রতিদিন লাখ লাখ টাকা লুট হচ্ছে। আজ মঙ্গলবার (২৪ মার্চ) এক পাসপোর্টধারীর কাছ থেকে ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সুশান্ত কুমার মজুমদার নামের ওই পাসপোর্টধারীর লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ দুপুরে তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বেনাপোল পৌরসভার বড়আঁচড়া গ্রামের সলেমানের ছেলে হামিদ, ভবারবেড় গ্রামের মতরেবের ছেলে আতিকুর রহমান ও শাহাজানের ছেলে রুবেল হোসেন।
ভুক্তভোগী পাসপোর্টধারী জানান, তিনি চিকিৎসার জন্য ভারতে যাওয়ার উদ্দেশে আজ ভোরে বাস থেকে বেনাপোল চেকপোস্টে নামেন। এ সময় পাসপোর্টে দ্রুত কাজ করে দেওয়ার নাম করে চার থেকে পাঁচজন তাঁকে ঘিরে ধরেন। তাঁরা তাঁকে তাঁদের সঙ্গে আস্তানায় যেতে বাধ্য করেন। পরে তাঁকে জিম্মি করে সঙ্গে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নেন।
পুলিশ জানায়, প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে বেনাপোল ইমিগ্রেশন ও চেকপোস্ট এলাকায় যাত্রীদের টার্গেট করে নানা কৌশলে অর্থ হাতিয়ে আসছিল। সবশেষ এক পাসপোর্টধারীর কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিদের আটক করে।
তবে এ ঘটনায় নতুন করে বেরিয়ে এসেছে—পুলিশের কিছু অসাধু সদস্যের ছত্রচ্ছায়াতেই এসব ছিনতাই ও প্রতারণা চলছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, অসহায় পাসপোর্টধারীদের জিম্মি করে প্রতিনিয়ত লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি সংঘবদ্ধ চক্র। অনেকে এ চক্রের হাতে জীবনও হারিয়েছেন। এমনকি ছিনতাইকারীদের কাছ থেকে নিয়মিত ভাগ নেওয়ার অভিযোগও রয়েছে পোর্ট থানা-পুলিশের বিরুদ্ধে।
স্থানীয় রাজনীতিবিদ ও ব্যবসায়ী মহল বহুবার এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশকে অনুরোধ জানালেও কার্যকর উদ্যোগের অভাব রয়েছে বলে অভিযোগ করেন তাঁরা। তাঁদের মতে, সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে চক্রটি দল বদল করে একইভাবে প্রতারণা চালিয়ে যাচ্ছে।
বেনাপোল বন্দর পরিচালক শামিম হোসেন বলেন, প্রায়ই প্রতারক চক্রকে ধরে পুলিশে দেওয়া হচ্ছে। তারা আবার ফিরে ছিনতাই ও প্রতারণায় জড়িয়ে পড়ছে।
বেনাপোল ইমিগ্রেশন কর্মকর্তা সাখাওয়াত হোসেন জানান, পাসপোর্টধারীদের কাছ থেকে প্রতিদিনই অর্থ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটছে। বিভিন্ন সভায় এসব তুলে ধরা হয়, কিন্তু কোনোভাবেই থামছে না।
দেশের গুরুত্বপূর্ণ এলাকা ও সড়কপথে ভারত গমনের প্রধান ফটক বেনাপোল চেকপোস্ট। এই পথে প্রতিদিন ৫ থেকে ৭ হাজার দেশি-বিদেশি লোক যাতায়াত করে থাকেন। আর ওইসব যাত্রীকে লাইনের আগে অনলাইন ট্যাক্স, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কষ্ট করতে হবে না—এসব প্রলোভন দেখিয়ে একশ্রেণির ছিনতাইকারী তাঁদের আস্তানায় নিয়ে যান। তারপর অনলাইন ফর্ম পূরণ এবং টাকার নম্বর লিখতে হবে, না লিখলে কাস্টমস আটক করবে বলে নানাভাবে দূরদূরান্ত থেকে আসা যাত্রীদের আতঙ্কিত করে টাকা হাতিয়ে নিচ্ছে এই চক্রগুলো। দিনদুপুরে এমন ঘটনা প্রতিদিনই ঘটায় আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
বেনাপোল পোর্ট থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। যাত্রীদের নিরাপদ ভ্রমণে পর্যায়ক্রমে প্রতারক চক্রের সব সদস্যকে ধরা হবে।

ডিপো থেকে ফিলিং স্টেশনগুলোতে চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ না থাকায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। চট্টগ্রামের অধিকাংশ ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিক্রি বন্ধ। কিছু কিছু স্টেশন কেবল ডিজেল বিক্রি করছে। খুব কম স্টেশনই পেট্রল ও অকটেন বিক্রি করছে।
১ ঘণ্টা আগে
কুয়াকাটা সমুদ্রসৈকতে মোটরসাইকেলের অবাধ চলাচলের কারণে নিরাপত্তা ও স্বস্তি নষ্ট হচ্ছে পর্যটকদের। এই অবস্থায় ভবিষ্যতে এ এলাকার পর্যটন খাতে বড় ধরনের ধস নামতে পারে বলে মনে করছেন অনেকে। তাই ‘নামমাত্র’ অভিযান নয়, বরং স্থায়ীভাবে সৈকতে মোটরসাইকেল প্রবেশ নিষিদ্ধ করতে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন...
১ ঘণ্টা আগে
রাজধানীর আদাবরের মুনসুরাবাদ হাউজিং এলাকায় একটি ব্যাটারি-টায়ারের দোকান থেকে গত রোববার রাতে নগদ টাকাসহ প্রায় ১৭ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। ব্যবসায়ী মো. শাহিন গতকাল সোমবার থানায় মামলা করতে গেলেও দুই দিনেও তা রেকর্ড হয়নি।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দ্বীন ইসলাম (৩০) নামে এক যুবককে অপহরণের পর পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামে এ ঘটনা ঘটে। এতে স্থানীয় সাবেক ইউপি সদস্য আবদুল আওয়াল ও তাঁর সহযোগীদের জড়িত থাকার অভিযোগ তুলেছেন নিহতের পরিবার।
১ ঘণ্টা আগে