Ajker Patrika

মাত্র ছয় মাসে বিএনপি বিগত সরকারের চেয়ে বেশি কাজ করেছে: মঈন খান

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ২১: ৫৯
মাত্র ছয় মাসে বিএনপি বিগত সরকারের চেয়ে বেশি কাজ করেছে: মঈন খান
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত আলোচনায় বক্তব্য দেন ড. আবদুল মঈন খান। ছবি: আজকের পত্রিকা

নরসিংদীর পলাশে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ সঠিক পথে এগিয়ে যাচ্ছে। সরকারের জন্য ছয় মাস দীর্ঘ সময় না হলেও নির্বাচনের আগে দেওয়া তারেক রহমানের প্রতিশ্রুতিগুলো একে একে বাস্তবায়ন করা হচ্ছে।

আজ বুধবার বিকেলে পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত আলোচনা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো অনুষ্ঠানের আয়োজন করে।

ড. আবদুল মঈন খান বলেন, বিএনপি জনগণের কল্যাণে কাজ করে। বিগত সরকার ১৭ বছরে যা করতে পারেনি, ক্ষমতায় এসে মাত্র ছয় মাসে তার চেয়ে বেশি কাজ করা হয়েছে। এরই মধ্যে রাস্তাঘাট, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা ও মন্দিরে অনুদান দেওয়া হয়েছে।

মঈন খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে যেসব কাজ করছেন, সেগুলো ইসলামের আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। দরিদ্র মানুষের সহায়তায় ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগের ধারণা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শিক্ষা থেকে অনুপ্রাণিত।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, দেশের মানুষ যুগ যুগ ধরে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছে। মহানবী (সা.) বিভিন্ন ধর্মাবলম্বীর সমন্বয়ে যে সমাজব্যবস্থা, পারস্পরিক অধিকার ও শান্তিপূর্ণ সহাবস্থানের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, জাতীয় জীবনেও শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় তা অনুসরণ করা প্রয়োজন।

বর্তমান বিশ্বের হিংসা, সংঘাত, মিথ্যা ও নৈতিক অবক্ষয় থেকে উত্তরণের জন্য মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার। জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিলটনের সঞ্চালনায় বক্তব্য দেন ড. আবদুল মঈন খানের সহধর্মিণী ও দি মিলেনিয়াম ইউনিভার্সিটির চেয়ারপারসন অ্যাডভোকেট রোখসানা খন্দকার, নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, বিএনপি নেতা ফেরদৌস আহমেদ খোকন, নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন মৃধা এবং নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকারসহ স্থানীয় নেতারা।

আলোচনা সভা শেষে দেশ ও মানুষের কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত