Ajker Patrika

রাজধানীর জুরাইনে মাদ্রাসার ছাদ থেকে নিচে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক
আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০০: ১৪
রাজধানীর জুরাইনে মাদ্রাসার ছাদ থেকে নিচে পড়ে শিক্ষার্থীর মৃত্যু
প্রতীকী ছবি

রাজধানীর পশ্চিম জুরাইনে একটি মাদ্রাসার ছাদ থেকে পড়ে ইয়ামিন (১০) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তবে সে কীভাবে পড়েছে, সেটি নিশ্চিত করে জানাতে পারেনি মাদ্রাসা কর্তৃপক্ষ।

রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পশ্চিম জুরাইন তাসফিলুল কোরআন নামে একটি হেফজ মাদ্রাসায় এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় মাদ্রাসার শিক্ষকেরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত সোয়া ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

মাদ্রাসাটির প্রিন্সিপাল ফেরদৌস আহমেদ জানান, ইয়ামিন মাদ্রাসার হেফজ বিভাগে পড়ে। তার বাসা কদমতলী মোহাম্মদবাগ এলাকায়। বাবার নাম রফিকুল ইসলাম। গত বুধবার মাদ্রাসা ছুটির পর সে বাসায় চলে যায়। এরপর আর মাদ্রাসায় আসেনি। তিনি বলেন, ইয়ামিন মাদ্রাসায় আসতে চাচ্ছিল না দেখে তার বাবা আমাকে কল করে বলেন, তাকে বাসা থেকে বুঝিয়ে মাদ্রাসায় নিয়ে যেতে। তবে তিনি (প্রিন্সিপাল) আর ইয়ামিনকে আনতে যাননি।

সবশেষ রোববার রাত সাড়ে ৯টার দিকে ইয়ামিনের নানি তাকে মাদ্রাসায় দিয়ে যান। এর কিছুক্ষণ পর সে কৌশলে ছাদের গেটের চাবি নিয়ে ছাদে চলে যায়। কিছুক্ষণ পর তিনি (প্রিন্সিপাল) খবর পান, সে ছাদ থেকে নিচে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে ভবনের নিচ থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলি থানা-পুলিশ তদন্ত করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত