
ফরিদপুরের মধুখালীতে চুরির অপবাদ দিয়ে ১৪ বছরের শিশু তাওহীদ শেখকে হাত-পা ও চোখ-মুখ বেঁধে নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাবা ও ছেলেকে আসামি করা হলেও মামলা দায়েরের পরও তাঁদের গ্রেপ্তার করা হয়নি। বরং তাঁরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ করেছে পরিবার। এ ছাড়া মামলা করায় পরিবারটিকে হুমকি-ধমকি দেওয়ার অভিযোগও উঠেছে।
নির্যাতনের শিকার তাওহীদ উপজেলার নওপাড়া ইউনিয়নের নওপাড়া কুরানিয়ার চর এলাকার রুবেল শেখের বড় ছেলে। সে স্থানীয় বাজারের একটি ফার্নিচারের দোকানে কর্মচারী হিসেবে কাজ করে।
পরিবারের অভিযোগ, গত রোববার (৩০ আগস্ট) দিবাগত রাতে ওই এলাকার মায়ের দোয়া মুড়ির কারখানার দ্বিতীয় তলার ছাদে তাওহীদকে নিয়ে নির্যাতন করা হয়। পরদিন তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুই দিন চিকিৎসাধীন ছিল সে।
এ ঘটনায় বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে মধুখালী থানায় অভিযোগ করেন তাওহীদের বাবা রুবেল শেখ। পরে রাতে দণ্ডবিধি, ১৮৬০-এর পাঁচটি ধারায় মামলা রুজু করে পুলিশ। মামলায় অন্যায়ভাবে আটকে রাখা, হত্যাচেষ্টা ও ভয়ভীতি প্রদর্শনের মতো অভিযোগের ধারাও রয়েছে। মামলায় আসামি করা হয়েছে মায়ের দোয়া মুড়ির কারখানার মালিক ইশারত মোল্যা (৫৫) ও তাঁর ছেলে মুন্না মোল্যাকে (২৩)।
মামলার এজাহারে রুবেল শেখ অভিযোগ করেন, তিনি চার বছর আগে মায়ের দোয়া মুড়ির কারখানায় কাজ করতেন। কম বেতন দেওয়ায় সেখান থেকে চলে যাওয়ার পর ইশারত মোল্যা তাঁর ওপর ক্ষিপ্ত ছিলেন। এর জেরেই তাঁর ছেলে তাওহীদকে ডেকে নিয়ে নির্যাতন করা হয়।
এজাহারে আরও বলা হয়, ঘটনার দিন স্থানীয় বাজারের ফার্নিচারের দোকানের কাজ শেষে রাত ৯টার দিকে বাড়ি ফিরছিল তাওহীদ। এ সময় আসামিরা তাকে ডেকে একটি নির্মাণাধীন ভবনের ছাদে নিয়ে যান। সেখানে রশি দিয়ে হাত-পা এবং কাপড় দিয়ে চোখ-মুখ বেঁধে লোহার পাইপ দিয়ে প্রায় তিন ঘণ্টা মারধর করা হয়। এ সময় তাকে লোহা চুরির অপবাদ দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরিবারের দাবি, মারধরের কারণে তাওহীদের কোমরের নিচ থেকে নিতম্ব পর্যন্ত শরীরের পেছনের অংশে কালচে দাগ হয়ে গেছে।
এদিকে মামলার পরও আসামিদের গ্রেপ্তার না করায় ক্ষোভ জানিয়ে উপজেলা যুবদলের সদস্য অনিক ইসলাম লিছন বলেন, ‘এটি নিঃসন্দেহে অমানবিক ঘটনা। তাঁরা নির্যাতন করে উল্টো পরিবারটিকেও হুমকি দিচ্ছেন। অথচ তাঁরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। বিকেলেও দেখেছি মোটরসাইকেল চালিয়ে যাচ্ছেন। আমরা চাই প্রশাসন দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করুক।’
তাওহীদের দাদা মো. দেলোয়ার শেখ বলেন, ‘আমরা গরিব মানুষ, ওরা কোটি কোটি টাকার মালিক। মামলা করায় আমাদের হুমকি-ধমকি দিচ্ছে। আর বলছে—দুই কোটি টাকা খরচ হলেও কোর্টের বারান্দায় যাব না।’
এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় আজকের পত্রিকাকে বলেন, ‘বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বুধবার রাতে পরিবারটিকে ডেকে এনে মামলা নেওয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

বগুড়া জেলা পুলিশের বিভিন্ন বিল-ভাউচারে জালিয়াতি করে কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ উঠেছে। প্রাথমিক অনুসন্ধানে এ ঘটনায় জেলা পুলিশের ছয় সদস্য, একজন সিভিল কর্মচারী ও জেলা হিসাবরক্ষণ কার্যালয়ের এক কর্মকর্তাসহ আটজনের সম্পৃক্ততা পেয়েছে জেলা পুলিশ।
৯ মিনিট আগে
কুষ্টিয়ার মিরপুরে নিখোঁজের চার দিন পর হাসনা খাতুন (৭০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার গোবিন্দগুনিয়া এলাকার জিকে (গঙ্গা-কপোতাক্ষ) খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারের সময় তাঁর কোমরে বালুর বস্তা বাঁধা ছিল...
২ ঘণ্টা আগে
ফ্রিজ-টিভি কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপজেলার ভিরাল্লা বনাম আলিয়াবাদ প্রতিদ্বন্দ্বিতা করছিল। খেলার প্রথমার্ধে ভিরাল্লা গোল দিয়ে এগিয়ে যায়। পরবর্তীতে আলীয়াবাদ গোল দিয়ে খেলায় সমতা ফিরে আসে। এমতাবস্থায় ভিরাল্লার দলে তুহিন নামের এক সমর্থকের সঙ্গে গোল করা নিয়ে আলিয়াবাদের...
২ ঘণ্টা আগে
উপজেলা জামায়াতের আমির মাওলানা নাদেরুজ্জামান ও সেক্রেটারি মুহাম্মাদ শিহাব উদদীন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, শান্তিপূর্ণ স্বাগত মিছিল চলাকালে দুর্বৃত্তদের এ ধরনের হামলা উদ্বেগজনক ও নিন্দনীয়। রাজনৈতিক কর্মসূচিতে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই কাম্য নয়।
২ ঘণ্টা আগে