Ajker Patrika

বহিষ্কার-বদলির পরও কর্মবিরতিতে শজিমেকের ইন্টার্ন চিকিৎসকেরা

বগুড়া প্রতিনিধি
বহিষ্কার-বদলির পরও কর্মবিরতিতে শজিমেকের ইন্টার্ন চিকিৎসকেরা
আজ হাসপাতালের বহির্বিভাগ বন্ধ থাকলেও জরুরি বিভাগ চালু রয়েছে। ছবি: আজকের পত্রিকা

এক আনসার সদস্যকে বরখাস্ত, ২০ জনকে বদলি এবং পাঁচ ছাত্রদল নেতাকে দল থেকে বহিষ্কারের পরও কাজে ফেরেননি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা। চার দফা দাবিতে তাঁদের অনির্দিষ্টকালের কর্মবিরতি অব্যাহত রয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) হাসপাতালের বহির্বিভাগ বন্ধ থাকলেও জরুরি বিভাগ চালু রয়েছে। এতে হাসপাতালের নিয়মিত চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ১২ জন আহত হন। ঘটনার পর হামলায় জড়িতদের গ্রেপ্তার, চিকিৎসকদের নিরাপত্তাসহ চার দফা দাবিতে ওই রাত থেকেই কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকেরা।

এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের করা মামলায় ছয়জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তাঁদের মধ্যে পাঁচজন ছাত্রদল নেতা রয়েছেন। পরে তাঁদের দল থেকে বহিষ্কার করা হয়।

এদিকে সংঘর্ষের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এক আনসার সদস্যকে বরখাস্ত করা হয়েছে। একই ঘটনায় আনসার কমান্ডারসহ ২০ জনকে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার ইন্টার্ন চিকিৎসকেরা জরুরি বিভাগ ছাড়া হাসপাতালের ইনডোর ও আউটডোর সেবা বন্ধ রাখেন। এতে চিকিৎসাসেবা ব্যাহত হওয়ায় হাসপাতালজুড়ে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি স্বাভাবিক করতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ), হাসপাতাল কর্তৃপক্ষ ও রাজনৈতিক নেতাদের নিয়ে প্রায় তিন ঘণ্টা বৈঠক হয়।

বৈঠক শেষে হাসপাতাল কর্তৃপক্ষ ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেয়। তবে বৈঠকের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসকেরা।

ইন্টার্ন চিকিৎসকদের দাবি, চার দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাঁরা কাজে ফিরবেন না। পাশাপাশি চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংসদে নতুন আইন পাসের দাবিও জানিয়েছেন তাঁরা।

শজিমেক হাসপাতালের উপপরিচালক ডা. মঞ্জুর-ই-মোর্শেদ বলেন, ইন্টার্ন চিকিৎসকদের কাজে ফেরানোর বিষয়ে আলোচনা চলছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে চিকিৎসাসেবা পুরোপুরি চালুর চেষ্টা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত