
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের নাল্লা গ্রামের কমিউনিটি ক্লিনিকে উদ্বোধনের চার বছর পর সেবা কার্যক্রম শুরু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ক্লিনিকটির সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম।
কমিউনিটি গ্রুপের সভাপতি ও স্থানীয় ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. তবদোল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিছুর রহমান রিপন ভূইয়া।
অনুষ্ঠানে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জসিম উদ্দিন, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার নূরে নাহিদ নিয়াজ চৌধুরী, স্বাস্থ্য সহকারী আবু সালেহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নাল্লা কমিউনিটি ক্লিনিকের নির্মাণকাজ ২০১৮ সালে শেষ হয়। পরে ২০২২ সালে ক্লিনিকটি ভার্চুয়ালি উদ্বোধন করা হলেও দীর্ঘদিন সেবা কার্যক্রম শুরু হয়নি। এতে নাল্লাসহ আশপাশের এলাকার হাজারো মানুষ সরকারি প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, ক্লিনিকটি চালু না থাকায় চিকিৎসাসেবা নিতে তাঁদের দূরের হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে যেতে হতো। এতে সময় ও অর্থ ব্যয় হতো। ক্লিনিকটি চালু হওয়ায় এখন এলাকার মানুষের হাতের নাগালে প্রাথমিক স্বাস্থ্যসেবা পাওয়া যাবে।
কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি নূরে নাহিদ নিয়াজ চৌধুরী বলেন, সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন এখান থেকে এলাকার মানুষ বিনামূল্যে ওষুধ ও প্রাথমিক স্বাস্থ্যসেবা পাবেন।
ইউপি সদস্য মো. তবদোল হোসেন বলেন, ‘উদ্বোধনের পর দীর্ঘদিন কার্যক্রম বন্ধ থাকায় ক্লিনিকটির অবকাঠামোগত নানা সমস্যা দেখা দিয়েছিল। আমরা প্রাথমিকভাবে এসব সমস্যা সংস্কার করে সেবা কার্যক্রম চালুর ব্যবস্থা করেছি। আশা করছি, দ্রুত বিদ্যুৎ সংযোগসহ অন্যান্য সমস্যা সমাধান করে ক্লিনিকটিকে একটি মডেল স্বাস্থ্যসেবা কেন্দ্রে রূপ দেওয়া হবে।’
দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিছুর রহমান রিপন ভূইয়া বলেন, ‘ক্লিনিকটি চালুর জন্য আমরা একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি। কিন্তু চার বছরেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। অবশেষে বর্তমান সরকারের সুদৃষ্টি এবং সংশ্লিষ্টদের উদ্যোগে মঙ্গলবার ক্লিনিকটির সেবা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। এতে এলাকার মানুষের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হয়েছে।’
ইউএনও মুন্নী ইসলাম বলেন, ‘কমিউনিটি ক্লিনিকটি চালু হওয়ায় নাল্লা ও আশপাশের এলাকার মানুষ এখন সহজেই প্রাথমিক স্বাস্থ্যসেবা পাবেন। জনগণের দোরগোড়ায় সরকারি স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ক্লিনিকটির কার্যক্রম নিয়মিত ও সুষ্ঠুভাবে পরিচালনায় সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করতে হবে।’

ভোলার লালমোহনে পাঁচটি গোডাউনে অভিযান চালিয়ে ৫ হাজার ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা পলিথিনের আনুমানিক মূল্য ২২ লাখ টাকা। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে গোডাউন মালিকেরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি...
২০ মিনিট আগে
স্থানীয়রা জানান, মেহেরপুর ও গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় প্রায়ই মুখপোড়া হনুমানের আনাগোনা দেখা যায়। কোনো বড় গাছ পেলে সেখানে অবস্থান নেয় তারা। ক্ষুধার্ত হলে বাড়ির ছাদ, প্রাচীর কিংবা দোকানের আশপাশে ঘোরাঘুরি করে। মাঠে খাবার না পেলে গ্রামের ভেতরে ঢুকে পড়ে। এ সময় স্থানীয়রাও আগ্রহ নিয়ে তাদের খাবার দেন।
২২ মিনিট আগে
সিরাজগঞ্জ সদর উপজেলার ধুকুড়িয়া গ্রামের কৃষক লিটন মণ্ডল একই জমিতে ‘নয়ন কাজল’ জাতের বেগুন ও সাথি ফসল হিসেবে লাউ চাষ করে সাফল্য পেয়েছেন। বিষমুক্ত ও পরিবেশবান্ধব পদ্ধতিতে চাষ করে স্বল্প খরচে ভালো ফলন ও বাজারে ভালো দাম পাওয়ায় তাঁর মুখে এখন তৃপ্তির হাসি।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুই নাবালক সন্তানকে রেখে এক গৃহবধূ তাঁর কথিত প্রেমিকের সঙ্গে নিরুদ্দেশ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। প্রবাসে থাকা স্বামীর ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগে ওই গৃহবধূর বিরুদ্ধে স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে
১ ঘণ্টা আগে