
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নে পদ্মা নদীর শাখা ‘মরা নদী’তে গোসল করতে নেমে পানিতে ডুবে একই এলাকার পাঁচ শিশুর করুণ মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে মর্মান্তিক এই দুর্ঘটনার পর সন্ধ্যায় জানাজা শেষে চর চাকলা গোরস্থানে শিশুদের মরদেহ পাশাপাশি কবরে দাফন করা হয়েছে।
নিহত শিশুদের বয়স আট থেকে ১২ বছরের মধ্যে। তারা সবাই একই পাড়ার বাসিন্দা এবং সম্পর্কে একে অপরের আত্মীয়। একই সঙ্গে পরিবারের পাঁচ শিশুর এমন মৃত্যুতে পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর আনুমানিক ১টার দিকে সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের চর চাকলা গ্রামের পাশ দিয়ে প্রবাহিত পদ্মার শাখা নদী ‘মরা নদী’তে গোসল করতে নামে ওই পাঁচ শিশু। পানিতে নামার কিছুক্ষণের মধ্যেই তারা একে একে তলিয়ে যেতে থাকে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুদের কেউ-ই সাঁতার জানত না।
ঘটনার সময় স্থানীয় এক নারী শিশুদের পানিতে হাবুডুবু খেতে দেখে চিৎকার করে আশপাশের মানুষকে ডেকে আনেন। পরে স্থানীয় বাসিন্দারা নদীতে নেমে উদ্ধার তৎপরতা চালান এবং পানির নিচ থেকে পাঁচজনকেই নিথর অবস্থায় উদ্ধার করেন।
জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এর মাধ্যমে খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া পরিচালনা করে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর ১টার দিকে শিশুরা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। স্থানীয়রা উদ্ধার করার আগেই তাদের মৃত্যু হয়। শিশুগুলো পরস্পর আত্মীয় ও একই পাড়ার বাসিন্দা। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘটনার পর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন ঘটনাস্থল পরিদর্শন করেন। ইউএনও জানান, শোকাহত পরিবারের সদস্যদের তাৎক্ষণিকভাবে সান্ত্বনা দেওয়া হয়েছে এবং দাফন-কাফনের কার্যক্রম সম্পন্ন করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তীতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আরও সহায়তার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।
দেবীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান জানান, প্রাণ হারানো শিশুদের স্বজনদের আকুতি ও স্থানীয়দের সম্মতিতে একই গোরস্থানে পাশাপাশি পাঁচটি কবর খোঁড়া হয়। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয়।

আকাশে শরতের পূর্ণিমার চাঁদ। নিচে গ্রামের উঠোনে মাদুর পেতে বসেছেন দর্শকেরা। সামনে জলচৌকিতে বসেছেন একজন পাঠক। হারিকেন আর কুপির বাতির আলোয় তৈরি হয়েছে এক মায়াময় পরিবেশ। চারপাশে সুনসান নীরবতা। আলো-আঁধারির মধ্যে ভেসে আসছে পুঁথি পাঠের সুর।
১২ মিনিট আগে
ভোরে ভাঙ্গা ব্রিজের পাশে দুই পথচারীকে ঘেরাও করে তিন ছিনতাইকারী। এদের মধ্যে এক ছিনতাইকারী এক পথচারীকে জাপটে ধরলে তার কাছ থেকে জিনিসপত্র টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে অন্য দুই ছিনতাইকারী।
২০ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে নির্মাণ কাজের সময় হাইড্রলিক ট্রলির জ্যাক ভেঙে নিচে পড়ে উজ্জ্বল খন্দকার (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
৩৭ মিনিট আগে
গ্রামে বিদ্যুতের পরিস্থিতি আগের চেয়ে উন্নত হয়েছে উল্লেখ করে যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন বলেছেন, ‘আগে আমরা ফোনে চার্জ দিতে পারতাম না বিদ্যুৎ না থাকার কারণে, এখন আমার দুইটা ফোনেই চার্জ আছে। দুইটা ফোনেই চার্জ আছে মানে আপনি ধরে নিতে পারেন যে বিদ্যুতের ঘাটতি কম আছে...
২ ঘণ্টা আগে