গত জুলাই মাসে শুরু হওয়া আন্দোলনে প্রথম সারির মানুষ হিসেবে তাঁদের নামগুলো আমরা অনেকবার শুনেছি। আর এখন তাঁদের নাম শুনছি দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ উপদেষ্টা হিসেবে। এ দুজন হলেন কোটা সংস্কার আন্দোলনের দুই সমন্বয়ক মো. নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এই দুজন তরুণ উপদেষ্টা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করছেন। সার্টিফিকেট অনুযায়ী দুজনেরই বয়স ২৬ বছর।
অন্তর্বর্তীকালীন সরকারে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন নাহিদ ইসলাম। আর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের বাসা ঢাকার বনশ্রীতে। দক্ষিণ বনশ্রী মডেল হাইস্কুল থেকে ২০১৪ সালে এসএসসি ও সরকারি বিজ্ঞান কলেজ থেকে ২০১৬ সালে এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন তিনি। বাবা বদরুল ইসলাম জামির পেশায় স্কুলশিক্ষক আর মা মমতাজ নাহার গৃহিণী। নাহিদ ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করছেন। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনেও তিনি সক্রিয় ছিলেন। সেখান থেকে ছাত্র অধিকার পরিষদের মাধ্যমে ছাত্ররাজনীতিতে যোগ দেন। এ সময় তিনি এ সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন দায়িত্ব পালন করেন। নাহিদ ইসলাম বিবাহিত।
২০২৩ সালের ৩ জুলাই গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ এনে ছাত্র অধিকার পরিষদ থেকে একযোগে পদত্যাগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সব সদস্য। তাঁদের মধ্যে নাহিদও ছিলেন। এর কয়েক মাস পর ৩ অক্টোবর ডাকসুর সাবেক সমাজসেবাবিষয়ক সম্পাদক আখতার হোসেনের নেতৃত্বে গঠন করা হয় গণতান্ত্রিক ছাত্রশক্তি নামে একটি সংগঠন। নাহিদ বর্তমানে সংগঠনটির কেন্দ্রীয় সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
কোটা আন্দোলনের আরেক সমন্বয়কারী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাঁর বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার আকবপুর ইউনিয়নে। তাঁর বাবার নাম মো. বিল্লাল হোসেন এবং মা রোকসানা বেগম। ঢাকার তেজগাঁও থানার নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয় থেকে ২০১৫ সালে এসএসসি এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে ২০১৭ সালে এইচএসসি পাস করেন। আসিফ মাহমুদ কলেজটির বিএনসিসি ইউনিটের প্লাটুন সার্জেন্ট ছিলেন। সেখান থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে তিনি ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে ভর্তি হন। এখন তিনি স্নাতকোত্তরে পড়ছেন।
আসিফও ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে সক্রিয় ছিলেন। এরপর ছাত্র অধিকার পরিষদে যোগ দেন। তিনি সর্বশেষ ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর সংগঠনের গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ এনে তাঁর নেতৃত্বে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি পদত্যাগ করে। গত ৩ অক্টোবর গণতান্ত্রিক ছাত্রশক্তির সূচনার পর তিনি সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়কের দায়িত্ব পান।
মাত্র ২৬ বছর বয়সে একটি দেশের সরকারের অংশ হিসেবে তাঁরা ইতিহাসের অংশ হয়ে গেছেন। সাধারণ শিক্ষার্থীরা তাঁদের অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেছেন। সবার আশা, দায়িত্ব পালনকালে দেশের অন্যায্যতার বিরুদ্ধে মো. নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সরব থাকবেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পদার্থবিজ্ঞান বিভাগের ছয়জন শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য ফুল-ফান্ডেড স্কলারশিপ অর্জন করেছেন। তারা ২০২৬ সালের সেমিস্টারে স্নাতকোত্তর (মাস্টার্স) ও ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) প্রোগ্রামে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন...
২ মিনিট আগে
ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) রোবোটিক্স সোসাইটি আয়োজিত ‘টেকাথন ন্যাশনালস অ্যান্ড রোভার সামিট ২০২৬ ’-এ দুই বিভাগে চ্যাম্পিয়ন হয়ে সাফল্য অর্জন করেছেন সাউথইস্ট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীরা।
১ ঘণ্টা আগে
পরিকল্পিত ও টেকসই উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের পর্যটন খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে ‘অর্থবহ পর্যটন’ (Meaningful Tourism) ধারণা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও অংশীজনরা। আজ মঙ্গলবার ঢাকার সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্মেলন...
১ ঘণ্টা আগে
বৈরি আবহাওয়ার কারণে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা-২০২৬-এর আগামী ১৭ জুলাই অনুষ্ঠিতব্য বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিত করা হয়েছে। একই সঙ্গে ১৭ ও ১৮ জুলাই অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রামের নির্ধারিত পরীক্ষাও স্থগিত করেছে
২ ঘণ্টা আগে