বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্রের পেছনে ব্যয়ের পরিমাণ ক্রমেই বেড়ে চলেছে। গত বছরও আগের বছরের তুলনায় প্রায় ১৩ শতাংশ বেশি পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছে এই খাতে। ২০২৩ সালে সারা বিশ্বে পারমাণবিক শক্তিধর দেশগুলো ৯১ দশমিক ৪ বিলিয়ন ডলার বা ৯ হাজার ১৪০ কোটি ডলার ব্যয় করেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার মেলবোর্নভিত্তিক নোবেল বিজয়ী সংগঠন ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবোলিশ নিউক্লিয়ার ওয়েপনস (আইক্যান) প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৩ সালে পারমাণবিক অস্ত্রের পেছনে দেশগুলো যে পরিমাণ ব্যয় করেছে, তা আগের বছর, তথা ২০২২ সালের তুলনায় ১ হাজার ৭০ কোটি ডলার বেশি।
আইক্যানের হিসাব অনুসারে, পারমাণবিক শক্তিধর দেশগুলো তাদের পারমাণবিক প্রকল্পে প্রতি মিনিটে অন্তত ১ লাখ ৭৩ হাজার ৮৮৪ ডলার ব্যয় করছে। প্রতি সেকেন্ডের হিসাবে ব্যয় করছে ২ হাজার ৮৯৮ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৩ লাখ টাকা (৩ লাখ ৪০ হাজার ৩২ টাকা)।
আইক্যানের প্রতিবেদনে বলা হয়েছে, পারমাণবিক অস্ত্রের পেছনে সবচেয়ে বেশি ব্যয় করেছে যুক্তরাষ্ট্র। মোট ৫ হাজার ১৫০ কোটি ডলার। দ্বিতীয় অবস্থানে থাকা চীন ব্যয় করেছে ১ হাজার ১৯০ কোটি ডলার। তৃতীয় অবস্থানে থাকা রাশিয়া ব্যয় করেছে ৮৩০ কোটি ডলার।
এ ছাড়া, যুক্তরাজ্য ব্যয় করেছে ৮১০ কোটি ডলার এবং ফ্রান্স ৬১০ কোটি ডলার। অপর তিন পারমাণবিক অস্ত্রধর দেশ পাকিস্তান, ভারত, ইসরায়েলও এই খাতে যথেষ্ট পরিমাণ অর্থ ব্যয় করেছে। তবে দেশগুলো স্বঘোষিত পারমাণবিক শক্তিধর নয় এবং তারা এই খাতের ব্যাপারে স্পষ্ট কোনো তথ্যই দেয় না।
পাঁচ বছর আগে থেকে আইক্যান এই পারমাণবিক অস্ত্রের পেছনে ব্যয়ের বিষয়টি নিয়ে গবেষণা শুরু করে। সেই সময় থেকে এখন পর্যন্ত এই খাতে ব্যয় মোট ৩৪ শতাংশ বা ২ হাজার ৩২০ কোটি ডলার বেড়েছে। এর মধ্যে এককভাবে যুক্তরাষ্ট্রেরই পারমাণবিক ব্যয় বেড়েছে ৪৫ শতাংশ, যুক্তরাজ্য বাড়িয়েছে ৪৩ শতাংশ। আইক্যান বলছে, বর্তমান প্রবণতা বজায় থাকলে চলতি বছরের মধ্যে এই খাতে ব্যয় ১০ হাজার কোটি ডলার ছাড়িয়ে যাবে।
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুসারে, বর্তমানে সারা বিশ্বে ৯ হাজার ৫৮৫টি পারমাণবিক অস্ত্র আছে। মূলত চীনের পারমাণবিক অস্ত্রের সংখ্যা ৪১০ থেকে ৫০০তে গিয়ে ঠেকায় এই বৃদ্ধি ঘটেছে।
বিশ্বে যে পরিমাণ পারমাণবিক অস্ত্র আছে, তার মধ্যে ৯০ শতাংশই রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কাছে। রাশিয়ার কাছে আছে ৪ হাজার ৩৮০টি অস্ত্র এবং যুক্তরাষ্ট্রের আছে ৩ হাজার ৭০৮টি অস্ত্র। অনুমান করা হয়, ব্রিটেনের কাছে আছে ২২৫টি পারমাণবিক অস্ত্র ও ফ্রান্সের কাছে ২৯০টি অস্ত্র।

ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের লক্ষ্যে পাকিস্তানে নির্ধারিত আলোচনায় অংশ নিতে নিজের বিশেষ প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শনিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তাঁর প্রতিনিধিরা এই আলোচনার জন্য পাকিস্তান সফরে যাচ্ছেন না।
৮ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ অবসানে পাকিস্তান সরকারের কাছে নিজেদের দাবি ও শর্তের তালিকা জমা দিয়েছে ইরান। আজ শনিবার ইসলামাবাদে দিনভর বৈঠকের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি এখন তেহরানের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আল জাজিরার সাংবাদিক ওসামা বিন...
৯ ঘণ্টা আগে
বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হয়েছে, হিশাম ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন। তাঁর বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি (পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে হত্যা ) হত্যার দুটি অভিযোগ আনা হয়েছে বলে হিলসবরো কাউন্টি শেরিফ কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
১০ ঘণ্টা আগে
আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্রের অবস্থানের বিষয়ে তেহরানের বিভিন্ন দাবি ও আপত্তির কথা তুলে ধরেছেন। তবে আমেরিকার সঙ্গে সরাসরি কোনো আলোচনায় বসার সম্ভাবনা নাকচ করে দিয়ে তেহরান জানিয়েছে, তাদের বার্তা পাকিস্তানের মাধ্যমেই পৌঁছানো হবে।
১১ ঘণ্টা আগে