
গৃহযুদ্ধে অনিরাপদ হয়ে পড়েছে সুদান। এ অবস্থায় সেখান থেকে প্রায় ৫০০ বাংলাদেশি নাগরিককে দেশে ফেরানোর প্রস্তুতি শুরু করেছে সরকার। দেশটিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ আজ বুধবার আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার ভালো উপায় খোঁজার নির্দেশ দিয়েছেন জানিয়ে রাষ্ট্রদূত বলেন, সেই নির্দেশনা অনুযায়ী যাঁরা দেশে ফিরতে চান, তাঁদের পাঠানোর প্রস্তুতি শুরু হয়েছে।
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ও প্রায় ৫০০ নাগরিককে দেশে ফেরাতে হতে পারে এমনটি ধরে নিয়ে প্রস্তুতি শুরু করেছে। মন্ত্রণালয়ের এক কূটনীতিক আজকের পত্রিকাকে জানান, যাঁরা ফিরতে চান, তাঁদের সুদান থেকে ফেরিতে সৌদি আরবের জেদ্দায় আনার কথা বিবেচনা করা হচ্ছে। এরপর জেদ্দা থেকে বিশেষ ফ্লাইটে তাঁদের ঢাকায় নিয়ে আসার কথা ভাবছে সরকার। পুরো বিষয়টি জাতিসংঘের অভিবাসন সংস্থার (আইওএম) ঢাকা অফিসকে অবহিত করা হয়েছে।
সুদানে বিবদমান নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের মধ্যে গত ১২ দিনে কমপক্ষে দুইবার আক্রান্ত হয়েছে রাজধানী খার্তুমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও রাষ্ট্রদূতের বাসভবন। ১৫ ও ২২ এপ্রিল ভবনগুলোর কয়েকটি স্থানে দেয়াল ও জানালা ভেদ করে ভেতরে এসে পড়ে মেশিনগানের গুলি। উদ্ভূত পরিস্থিতিতে রাষ্ট্রদূত সাময়িকভাবে সেখানে থেকে সরে গেছেন। ২০ এপ্রিল সপরিবারে দূতাবাস ও বাসস্থান ছেড়ে কম ঝুঁকিপূর্ণ স্থানে চলে যান।
তবে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর গত দুই দিনে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে এমন তথ্য দিয়ে তারেক আহমেদ জানান, এ পর্যন্ত প্রায় ৫০০ মানুষ দেশে ফিরতে নিবন্ধন সম্পন্ন করেছেন। তবে শেষ পর্যন্ত এই ৫০০ লোকের সবাই ফিরবেন কি না, সে ব্যাপারে সংশয় আছে।
তারেক আহমেদ বলেন, পরিস্থিতির উন্নতি ও অবনতির ওপর ভিত্তি করে অনেকে মানসিকভাবে দোটানায় ভুগছেন। পরিস্থিতির উন্নতি হলে অনেকে দেশে ফিরতে নাও চাইতে পারেন।
যাঁরা নিবন্ধন করেছেন, তাঁদের কবে নাগাদ সরিয়ে নেওয়া শুরু হতে পারে, জানতে চাইলে তারেক আহমেদ বলেন, কয়েকটি দেশ ২২ থেকে ২৫ এপ্রিলের মধ্যে নিজেদের নাগরিকদের খার্তুম থেকে বন্দরনগরী পোর্ট সুদানে সরিয়ে নিয়েছে। সেখানে হাজার হাজার মানুষের থাকার কোনো ব্যবস্থা নেই। আবার তাঁদের বন্দরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে জাহাজেও তোলা যায়নি। এ অবস্থায় কয়েক হাজার বিদেশি মানুষের সেখানে থাকা-খাওয়াসহ আনুষঙ্গিক সবকিছু নিশ্চিত করা নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছে।
বাংলাদেশের নাগরিকেরা কবে নাগাদ জাহাজে উঠতে পারবেন, তা নিশ্চিত হওয়ার পর তাঁদের সরাসরি বন্দরে নিয়ে গেলে ভোগান্তি কিছুটা কমানো যেতে পারে—এ বিষয়গুলো বিবেচনায় নিয়ে খার্তুম থেকে বাসবহর ছাড়ার কথা ভাবা হচ্ছে বলে জানান রাষ্ট্রদূত। তাঁর মতে, খার্তুম থেকে প্রায় ৯০০ কিলোমিটার দূরে অবস্থিত পোর্ট সুদানে যেতে বাসবহরের ১৫-১৬ ঘণ্টা লাগতে পারে।
নাগরিকদের মধ্যে যাঁরা দেশে ফিরবেন, তাঁদের অনেকের হালনাগাদ পাসপোর্ট নাও থাকতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, সে ক্ষেত্রে তাদের বিকল্প হিসেবে ‘ট্র্যাভেল পারমিট’ দেওয়া প্রয়োজন হতে পারে। এ ক্ষেত্রেও অন্তত দুই দিন লাগতে পারে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, খার্তুম থেকে বাসে পোর্ট সুদান, সেখান থেকে জাহাজে জেদ্দা, এরপর জেদ্দা থেকে ঢাকাগামী ফ্লাইটে যাত্রীদের তোলা পর্যন্ত বিভিন্ন স্থানে অপেক্ষার সময় যতটা সম্ভব কমিয়ে সব প্রস্তুতি সম্পন্ন করতে সপ্তাহখানেক সময় লাগতে পারে।
উল্লেখ্য, সুদানে প্রায় ১ হাজার ৫০০ বাংলাদেশি নাগরিক আছেন।

বিমানবন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের আকাশপথ স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচলে অনিশ্চয়তা থাকতে পারে। পরিস্থিতি স্বাভাবিক হলে ধাপে ধাপে ফ্লাইট সূচি পুনর্বিন্যাস করা হবে।
১ ঘণ্টা আগে
কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১৭ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
১৭ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
১৭ ঘণ্টা আগে