
প্রস্তুতি নিচ্ছিলেন বুয়েট ভর্তি পরীক্ষায়। করোনার মধ্যে মায়ের ইচ্ছে হয় ছেলেকে ডাক্তার বানাবেন। তখন বুয়েটের পাশাপাশি মেডিকেলে ভর্তি পরীক্ষার জন্যও প্রস্তুতি শুরু করেন। দৈনিক নিয়ম করে ৭ থেকে ৮ ঘণ্টা পড়াশোনা। অবশেষে মায়ের শখই পূরণ হলো।
২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় সারা দেশে দ্বিতীয় হয়েছেন নেত্রকোনার আসিফ রহমান ওরফে নিহাল। পরীক্ষায় ১০০ নম্বরের নৈর্ব্যক্তিকে পেয়েছেন ৮৯ দশমিক ৫।
নিহাল পূর্বধলা উপজেলার আগিয়া গ্রামের মো. মিজানুর রহমান ও আফরোজা বেগম দম্পতির বড় ছেলে। এমন ভালো ফলাফলের পেছনে মায়ের প্রচণ্ড ইচ্ছা ও প্রেরণার পাশাপাশি নিজের পরিশ্রমের ফল পেয়ে দারুণ খুশি নিহাল ও তাঁর পরিবারের লোকজন।
মো. মিজানুর রহমান ও আফরোজা বেগম দম্পতির তিন ছেলে মেয়ের মধ্যে বড় নিহাল। হতে চান নিউরো সার্জন বিশেষজ্ঞ। মানুষের উন্নত স্বাস্থ্য সেবায় কাজ করতে চান।
আসিফ রহমান নিহাল বলেন, ‘কলেজে ভর্তির পর থেকেই বুয়েটে পড়ার খুব আগ্রহ ছিল। আর আমার মায়ের আগ্রহ ছিল আমি ভালো চিকিৎসক হই। কারণ আমার এক চাচা চিকিৎসক। তিনি মানুষকে সেবা দিয়ে থাকেন। বাবা–মা বলেন, মানবসেবার চেয়ে বড় কিছু নেই। তাই বুয়েটে প্রস্তুতির পাশাপাশি মেডিকেলে ভর্তির জন্য শুরু করি পড়াশোনা। যখন পড়তাম খুব মনযোগ দিয়ে পড়তাম। এবং বুঝে পড়ার চেষ্টা করতাম। তাই সফলতা এসেছে। আনন্দ মোহন সরকারি কলেজেও আমার রেজাল্ট বরাবর ভালো ছিল। তাই মনের মধ্যে একটা আত্মবিশ্বাস ছিল—ভালো কোথাও চান্স পাব।’
যারা মেডিকেলে ভর্তি হতে ইচ্ছুক তাঁদের বিষয়ে নিহাল বলেন, ‘প্রথমে কোন পথে যাব সেই গন্তব্য ঠিক করতে হবে। সেই অনুযায়ী স্টাডি করতে হবে। দৈনিক কমপক্ষে ৭ থেকে ৮ ঘণ্টা পড়তে হবে। যখন পড়তে বসব তখন বুঝে পড়াই উত্তম হবে। কোচিংয়ের পাশাপাশি সিনিয়র ভাইয়ের টাচে থাকলে আশা করি সফলতা আসবেই।’
নিহালের বাবা মিজানুর রহমান বলেন, ‘ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী নিহাল। সে ময়মনসিংহ জিলা স্কুল থেকে এসএসসি ও আনন্দমোহন কলেজ থেকে এইচএসসি পাস করে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা থেকে এইচএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পেয়েছে। তার মতো ভালো ছাত্র আমার অন্য ছেলে মেয়েও। কখনো তাদের পড়াশোনার জন্য চাপ দেইনি। সব সময় বলতাম, তোমরা ভালো মানুষ হও। আলোকিত কর সমাজ। আমার চাওয়া, নিহাল ভালো মানুষের পাশাপাশি একজন ভালো চিকিৎসক হয়ে দেশ ও সমাজের কাজে আসবে।’
নিহালের মা আফরোজা বেগম বলেন, ‘ছেলের এমন সাফল্যে আমরা আবেগে আপ্লুত। সবাই ছেলেকে অভিনন্দন জানাতে আসছে। আসলে এই আনন্দ সুখ কতখানি তা বলে বোঝাতে পারব না। ছেলে আমার কথা রেখেছে, আমি মন থেকে দোয়া করি সে ভালো ডাক্তার হয়ে মানুষের পাশে দাঁড়াবে। ছেলে মেয়েদের পড়াশোনায় মায়েদের ভূমিকা থাকতে হয়। সে কাজটি মনে হয় ভালো ভাবে পালন করতে পেরেছি বিধায় সফলতা এসেছে।’
নিহালের বাবা মিজানুর রহমান সুনামগঞ্জে তাহিরপুর উপজেলায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত। আর আফরোজা বেগম ময়মনসিংহের ফুলপুর মহিলা কামিল মাদ্রাসায় জীববিজ্ঞানের প্রভাষক। ময়মনসিংহ শহরের কৃষ্টপুর দৌলত মুন্সি সড়ক এলাকায় তাঁরা নিজেদের বাড়িতে থাকেন।
আরও খবর পড়ুন:

শিক্ষা ছুটি শেষে যোগদান না করা শিক্ষকদের কাছ থেকে ছুটিকালীন বেতন-ভাতা ফেরত না নেওয়ায় দেশের ২৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের আর্থিক ক্ষতি প্রায় ২৬ কোটি টাকা। এ ছাড়া বিধিবহির্ভূতভাবে জনবলকাঠামোর বাইরে পদোন্নতি দিয়ে বেতন-ভাতা পরিশোধে বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষতি ৪৭ কোটি টাকার বেশি।
৯ মিনিট আগে
রাজধানীর নটর ডেম কলেজের একাদশ শ্রেণিতে ভর্তির লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ রোববার কলেজের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের আগামীকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) ভর্তি আবেদনের রোল নম্বর অনুযায়ী উপস্থিত থাকতে হবে...
৩ ঘণ্টা আগে
একাদশ শ্রেণিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১৬ সেপ্টেম্বর রাত ৮টায়। নির্বাচিত শিক্ষার্থীদের ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে ভর্তি নিশ্চয়ন করতে হবে। নির্ধারিত সময়ে নিশ্চয়ন না করলে নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।
১০ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বরিশাল বিভাগের ২০২৪-২৫ ও ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই নবীনবরণ অনুষ্ঠিত হয়।
১৩ ঘণ্টা আগে