
টিটিই বরখাস্তের ঘটনায় একটি তদন্ত কমিটি করা হয়েছে বলে স্বীকার করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, ‘তদন্ত কমিটির মাধ্যমে পুরো ঘটনাটি বের হয়ে আসবে। তা ছাড়া গতকাল পর্যন্ত আমি জানতাম না যে অভিযোগকারীরা আমার স্ত্রীর আত্মীয়। পরে আমি জানতে পেরেছি। তবে মন্ত্রীর স্ত্রী হিসেবে তিনি শুধু অভিযোগ করেছেন, কাউকে সাসপেনশন করতে বলেননি।’
রোববার সকালে রেল ভবনে রেলমন্ত্রীর আত্মীয় পরিচয় দিয়ে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করার অপরাধে তিন যাত্রীকে জরিমানা করার জন্য টিটিইকে বরখাস্তের ঘটনার বিষয়ে সংবাদ সম্মেলন করার সময় এমনটি জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
এ সময় মন্ত্রী বলেন, ‘একজন যাত্রী হিসেবে তিনি এ ধরনের অভিযোগ করতে পারেন। কিন্তু মন্ত্রীর বউ হিসেবে অভিযোগ করতে পারেন না। আমার স্ত্রীর রেলের বিষয়ে কোনো অভিযোগ থাকলে আমাকে বলতে পারেন। এটাই হলো নিয়ম। কাজেই এই জায়গায় কিছুটা ব্যত্যয় আছে। সংগত কারণে আমি মনে করি টিটিইর বারখাস্তের অর্ডারটা যথাযথ হয়নি, তাই প্রত্যাহার করা হয়েছে।’
মন্ত্রী আরও বলেন, ‘আমার নিজের ভাইগনা ভাগনি আছে ৩৭ জন। তাদের ছেলেমেয়ে আছে, নাতি-নাতনি এবং পুতি পর্যন্ত হয়েছে। সুতরাং কে, কোথায়, কীভাবে পরিচয় দিচ্ছে সেটা আমার পক্ষে জানা সম্ভব নয়।’
এ ঘটনায় মন্ত্রীর কোনো সম্পৃক্ততা নেই দাবি করে রেলমন্ত্রী বলেন, ‘মিডিয়ায় আপনারা যেভাবে শুনেছেন, প্রথমে আমিও ঠিক একইভাবে শুনেছি। আমার স্ত্রীর খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন বলে দাবি করে যে কথাগুলো বলা হচ্ছে, আপনারা যেভাবে শুনেছেন, আমি মন্ত্রী হিসেবেও ঠিক একইভাবে শুনেছি। তবে আমার সঙ্গে আমার স্ত্রীর আত্মীয়ের কোনো কথা হয়নি, যেগুলো মিডিয়ায় এসেছে। মাত্র ৯ মাস হলো আমি দ্বিতীয় বিয়ে করেছি। আমার স্ত্রী ঢাকাতেই থাকেন। তাঁর মামাবাড়ি-নানাবাড়ি ঈশ্বরদীতে এবং তার খালার বাড়ি পাবনায়। ওই ঘটনার দিন আমার স্ত্রী ঈশ্বরদীতে ছিলেন বলে জানতে পেরেছি।’
টিটিই যে কাজটি করেছেন তা সঠিক করেছেন জানিয়ে মন্ত্রী বলেন, ‘বিনা টিকিটে ট্রেনে যাত্রী উঠলে টিটিইর যা দায়িত্ব ছিল, তিনি সেটি পালন করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে যে ঘটনাটি ঘটেছে, সেটি একটি দুর্ঘটনা। যারা এর সঙ্গে জড়িত, তদন্তে বেরিয়ে এলে ব্যবস্থা নেওয়া হবে। আর এ ঘটনায় টিটিইর যদি কোনো দোষ না থাকে, তাহলে ওই টিটিইকে পুরস্কৃত করা হবে।’
এদিকে টিআইবির বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, ‘টিআইবি এত দ্রুত সময়ে একটি বিবৃতি দিয়েছে, এখানে মন্ত্রীর কোনো সংশ্লিষ্টতা আছে কি না, তা দেখার আগেই তারা এটা করেছে। এটা তাদের ঠিক হয়নি।’
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দিবাগত রাতে ঈশ্বরদী রেল জংশন থেকে তিন যাত্রী বিনা টিকিটে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের এসি কেবিনে চেপে বসেন। ট্রেনে কর্তব্যরত টিটিই শফিকুল ইসলাম তাঁদের টিকিট দেখতে চাইলে তাঁরা রেলমন্ত্রীর আত্মীয় পরিচয় দেন। টিটিই বিষয়টি পাকশী বিভাগীয় রেলের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা (এসিও) মো. নুরুল আলমের সঙ্গে আলাপ করলে তিনি সর্বনিম্ন ভাড়া নিয়ে টিকিট কাটার পরামর্শ দেন। এসিওর পরামর্শ অনুযায়ী টিটিই শফিকুল ওই তিন যাত্রীকে এসি টিকিটের পরিবর্তে মোট ১ হাজার ৫০ টাকা নিয়ে জরিমানাসহ সুলভ শ্রেণির নন-এসি কোচে সাধারণ আসনের টিকিট করে দেন। পরে ওই তিন যাত্রী তাঁদের সঙ্গে অসদাচরণ করা হয়েছে বলে রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে টিটিই শফিকুল ইসলামকে বৃহস্পতিবার রাতেই সাময়িক বরখাস্ত করে রেল কর্তৃপক্ষ।

রাজধানীর দরিদ্র শ্রমজীবীদের তিন বড় আবাসস্থল কড়াইল, ভাষানটেক ও সাততলা বস্তির বাসিন্দাদের জন্য সমন্বিত পরিকল্পিত আবাসন প্রকল্প নিতে যাচ্ছে সরকার। ইতিমধ্যে এ প্রকল্প বাস্তবায়নের জন্য প্রাথমিক কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হতে...
৩ ঘণ্টা আগে
বগুড়ার বেসরকারি চিকিৎসা খাত চলছে নিয়ন্ত্রণহীনভাবে। বিভিন্ন অনিয়মের কারণে ইতিমধ্যে ৭৬টি প্রতিষ্ঠান বন্ধ করা হলেও পরে ভিন্ন নামে আবারও চালু করা হয়েছে। তবে এর বাইরে রয়েছে আরও শতাধিক অনুমোদনহীন প্রতিষ্ঠান। অনেক প্রতিষ্ঠানের নেই প্রয়োজনীয় অবকাঠামো, প্রশিক্ষিত জনবল ও নিরাপদ চিকিৎসাব্যবস্থা।
৩ ঘণ্টা আগে
সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে বঙ্গোপসাগরে মাছ শিকারে টানা ৫৮ দিনের নিষেধাজ্ঞা দিয়েছিল সরকার। নিষেধাজ্ঞা শেষে ১১ জুন মধ্যরাত থেকে উপকূলীয় জেলা বরগুনার পাথরঘাটা উপজেলার প্রায় ৪০ হাজার জেলে গভীর সমুদ্রে মাছ ধরতে যান।
৩ ঘণ্টা আগে
রংপুরের বদরগঞ্জ উপজেলায় ১৩ মাস আগে জব্দ করা ১৮৩ বস্তা চাল অভিযুক্ত চাল ব্যবসায়ী বাপ্পি কুণ্ডুকে দিয়ে দিল খাদ্য বিভাগ। গত সোমবার দুপুরে ওসিএলএসডি কার্যালয়ে প্রেস ব্রিফিং করে বাপ্পি কুণ্ডুর হাতে চালের বস্তাগুলো তুলে দেন উপজেলা খাদ্যনিয়ন্ত্রক বিপ্লব কুমার সিংহ এবং গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা...
৩ ঘণ্টা আগে