বাংলা কমিকসের গোড়াপত্তন হয়েছিল তাঁর হাতে। ‘হাঁদা ভোঁদা’, ‘বাঁটুল দি গ্রেট’ বা ‘নন্টে–ফন্টে’—বাংলা কমিকস কি এসব চরিত্র ছাড়া সম্পূর্ণ হয়? বাঙালির কিশোরবেলা রাঙিয়ে দেওয়া সেই কিংবদন্তি নারায়ণ দেবনাথ আর নেই। আজ মঙ্গলবার তিনি মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর।
ভারতের পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজারে প্রকাশিত এক খবরে বলা হয়েছে, নারায়ণ দেবনাথকে গত ২৪ ডিসেম্বর দক্ষিণ কলকাতার মিন্টো পার্কের কাছে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তাঁর ফুসফুস থেকে শুরু করে কিডনির সমস্যা বাড়ছিল। রক্তে অক্সিজেনের মাত্রা কমে গিয়েছিল তাঁর। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে গত ১৬ জানুয়ারি ভেন্টিলেশনে দেওয়া হয়। সে অবস্থায় আজ মঙ্গলবার সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
সংশ্লিষ্ট হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকেই নারায়ণ দেবনাথের হৃদ্যন্ত্রে গুরুতর সমস্যা হচ্ছিল। রক্তচাপও দ্রুত ওঠানামার পাশাপাশি অবস্থার দ্রুত অবনতি হয়। চিকিৎসকেরা চেষ্টা করেছিলেন, কিন্তু সব চেষ্টা বিফল করে চলে গেলেন নারায়ণ দেবনাথ।
আনন্দবাজারের খবরে জানা গেছে, নারায়ণ দেবনাথ বয়সজনিত নানা সমস্যায় কয়েক বছর ধরেই ভুগছিলেন। এর আগেও একাধিকবার এই শিল্পীকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল।
নারায়ণ দেবনাথের জন্ম ১৯২৫ সালে। তাঁর জন্ম ও বেড়ে ওঠা পশ্চিমবঙ্গের হাওড়ার শিবপুরে। পারিবারিক আদি বাসস্থান বাংলাদেশের বিক্রমপুর অঞ্চলে (অধুনা মুন্সিগঞ্জ)। তাঁর জন্মের আগেই পরিবার শিবপুরে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেছিল। অল্প বয়স থেকেই তাঁর শিল্পসত্তার প্রকাশ ঘটেছিল। পারিবারিক পেশা স্বর্ণকার হওয়ায় অলংকারের নকশা করার সুযোগ ছিল তাঁর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি আর্ট কলেজে পাঁচ বছরের ডিগ্রির জন্য লেখাপড়া শুরু করলেও শেষ পর্যন্ত তা চালিয়ে যাননি। শেষ বর্ষে এসে পড়া ছেড়ে দেন। এরপর কিছু বছর বিভিন্ন বিজ্ঞাপন সংস্থার জন্য কাজ করেছিলেন তিনি।
বাংলা কমিকসের জগতে নারায়ণ দেবনাথের আগমন ঘটে দেব সাহিত্য কুটিরের উৎসাহে। সে সময় বাংলা কমিকস বলতে ছিল একমাত্র প্রফুল্ল চন্দ্র লাহিড়ি বা কাফি খাঁর আঁকা শেয়াল পণ্ডিত, যা তখন যুগান্তরে প্রকাশিত হতো। ‘হাঁদা ভোঁদা’ প্রকাশের সঙ্গে সঙ্গেই পাঠকদের সমাদর পায় এবং শুকতারা থেকে নিয়মিত প্রকাশিত হতে থাকে। শুরুতে দেবনাথ নিজেই ‘হাঁদা ভোঁদা’য় অঙ্কন ও কালি বসানোর কাজ করতেন। পরবর্তীতে তা গ্রেস্কেলে প্রকাশ করার ব্যবস্থা করা হয়।
নারায়ণ দেবনাথের প্রথম রঙিন কমিক স্ট্রিপ ছিল ‘বাঁটুল দি গ্রেট’। তাঁর নিজের জবানিতে, কলকাতার কলেজ স্ট্রিট থেকে ফেরার পথে তিনি বাঁটুলের কল্পনা করেন এবং তৎক্ষণাৎ তার প্রতিকৃতি এঁকে ফেলেছিলেন। পরে তুমুল জনপ্রিয় হয় ‘বাঁটুল দি গ্রেট’। ২০১২ সালে বাঁটুল প্রথমবার ইংরেজিতে অনুবাদ করা হয়।
২০২১ সালে নারায়ণ দেবনাথকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করে ভারত সরকার। এর আগে ২০১৩ সালে সাহিত্য আকাদেমি পুরস্কার ও বঙ্গবিভূষণ পুরস্কারে ভূষিত হয়েছিলেন তিনি।

ইরানের মুদ্রা রিয়াল আবারও ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। দেশটির মুক্তবাজারে এখন ১ মার্কিন ডলারের বিনিময় মূল্য প্রায় ২০ লাখ ২১ হাজার ৯৫০ রিয়াল। সম্প্রতি ইরানের ওপর ইতিহাসের সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এরপরেই রিয়ালের এই নজিরবিহীন অবমূল্যায়ন হয়েছে...
২ ঘণ্টা আগে
নেপাল-তিব্বত সীমান্তবর্তী ভোতে কোশি নদীতে আকস্মিক পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এখনো নিখোঁজ রয়েছেন প্রায় পাঁচ শতাধিক জন। নিখোঁজদের মধ্যে ১০৫ জন ভারতীয় নাগরিকসহ অন্তত ২৯১ জন বিদেশি ও ৯৩ জন নেপালি নাগরিক রয়েছেন...
৩ ঘণ্টা আগে
২০০০ সাল। বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল ফিলিস্তিনি শিশু মুহাম্মদ আল-দুররাহর মৃত্যুর ঘটনা। ২৫ বছর পর সেই ঘটনার ছবি টেলিভিশনের পর্দা থেকে জায়গা করে নিল মিসরের উচ্চমাধ্যমিকের ইতিহাসের পাঠ্যবইয়ে। নতুন পাঠ্যক্রমে ২০০০ সালের দ্বিতীয় ফিলিস্তিনি ইন্তিফাদা (অভ্যুত্থান) নিয়ে একটি পাঠে দুররাহ হত্যাকাণ্ডের...
৪ ঘণ্টা আগে
নেপালের ভোতে কোশি নদীতে আকস্মিক বন্যায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে, যাদের মধ্যে ১০৫ জন ভারতীয়ও রয়েছেন। নেপালের তিব্বত সীমান্তের দিক থেকে নেমে আসা বন্যার পানিতে নেপালের নুয়াকোট ও ধাদিং জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বেশ কয়েকটি গ্রাম পানির স্রোতে ভেসে গেছে বলে নেপালি...
৫ ঘণ্টা আগে