ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লেগে একটি উড়োজাহাজ পুড়ে ছাই হয়ে গেছে।
৩ মিনিট ৩২ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওতে দেখা যাচ্ছে, একটি উড়োজাহাজে আগুন জ্বলছে। সেখানে আগুন নেভানোর প্রক্রিয়া চলছে। ফেসবুকে কয়েক হাজার গ্রুপ, পেজ ও আইডিতে ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘লঞ্চের পর এবার বিমানে আগুন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লেগে ছাই হয়ে গেছে একটি বিমান!’
ফ্যাক্টচেক
কি-ওয়ার্ড ও রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে জানা যায়, সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়। গত ৩০ ডিসেম্বর রাত ১টায় এই মহড়া শুরু হয়।
অনলাইন সংবাদমাধ্যম ঢাকা পোস্টে প্রকাশিত এ-সংক্রান্ত প্রতিবেদনে ওই মুহূর্তের ছবি খুঁজে পাওয়া যায়, যা ভাইরাল হওয়া ভিডিওর সঙ্গে মিলে যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, বিমানবন্দরে যদি কোনো উড়োজাহাজে আগুন লাগে, তখন কীভাবে, কে কী পদক্ষেপ নেবে; সেই মহড়া করা হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
কোনো আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজে আগুন লাগলে কীভাবে তা মোকাবিলা করা হবে, তা অনুশীলনের জন্য প্রতি দুই বছর পর পর মহড়ার বিধান করেছে আন্তর্জাতিক সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। বাংলাদেশের আন্তর্জাতিক বিমাবন্দরগুলোতে নিয়মিত এ ধরনের মহড়া অনুষ্ঠিত হয়।
অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনে প্রকাশিত এ-সংক্রান্ত প্রতিবেদন থেকে জানা যায়, শুরুতে মহড়ার জন্য রাখা একটি ডামি উড়োজাহাজে আগুন ধরিয়ে দেওয়া হয়। রাত ১টা ১৭ মিনিটে এবিসি এয়ারলাইনসের একটি উড়োজাহাজে আগুন লাগার খবর দেয় এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার। চার মিনিট পর বিমানবন্দরের ফায়ার সার্ভিসের গাড়ি আসে আগুন নেভাতে। একই সঙ্গে বিমানবাহিনীর ফায়ার সার্ভিসের গাড়িও আসে। সেই সময় বিমানবাহিনীর একটি অস্ত্রধারী দল উড়োজাহাজটি ঘিরে রাখে। স্বাস্থ্য বিভাগের অ্যাম্বুলেন্স আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। গুরুতর আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে নিতে ঘটনাস্থলে আসে বিমানবাহিনীর একটি হেলিকপ্টার। রাত ১টা ৪৩ মিনিটে মহড়া শেষ হয়।
৩১ ডিসেম্বর বেসরকারি সম্প্রচারমাধ্যম যমুনা টেলিভিশনে এ-সংক্রান্ত প্রতিবেদন প্রচারিত হয়। যমুনা টিভির ইউটিউব চ্যানেলে আপলোড করা প্রতিবেদনটির ফুটেজের সঙ্গে ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়।
সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোনো উড়োজাহাজে অগ্নিকাণ্ডের ঘটনার সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
সিদ্ধান্ত
ফেসবুকে উড়োজাহাজে আগুন লাগার যে ভিডিও প্রচার করা হচ্ছে, সেটি মূলত একটি মহড়ার। আন্তর্জাতিক সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের নিয়মানুযায়ী দুই বছর পর পর এই মহড়া অনুষ্ঠিত হয়। অগ্নিনির্বাপণ মহড়ার ভিডিওকে সত্যিকারের আগুন লাগার ঘটনা দাবি করে ফেসবুকে প্রচার করা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে, তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে-সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা—[email protected]

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হারিয়ে যাচ্ছে Y ক্রোমোজোম, তবে কি বিলুপ্ত হবে পুরুষ?’ শীর্ষক একটি ফটোকার্ড ভাইরাল হয়েছে। এই ফটোকার্ডটি নেটিজেনদের মধ্যে ব্যাপক বিভ্রান্তি ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
১ দিন আগে
ভারতের উত্তর প্রদেশে গাড়ি ওভারটেক করাকে কেন্দ্র করে বাংলাদেশি পর্যটকদের ওপর লাঠিসোঁটা ও কুঠার নিয়ে নৃশংস হামলা চালানো হয়েছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
১ দিন আগে
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একটি পোস্ট ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। পোস্টটিতে দাবি করা হয়েছে, ‘বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুন। মনে রেখো বাংলাদেশ, এর বিচার কিন্তু একদিন এই বাংলার মাটিতেই হবে, ইনশা আল্লাহ।’ পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে...
২ দিন আগে
গাইবান্ধার পলাশবাড়ীতে রামের বিগ্রহ (মূর্তি) নির্মাণে ভারতের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি ২ কোটি টাকা সহায়তা করবেন—এমন একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
৩ দিন আগে