Ajker Patrika

বিশ্বকাপ-ভাবনায় রেখে শুরু পাকিস্তান সিরিজ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
বিশ্বকাপ-ভাবনায় রেখে শুরু পাকিস্তান সিরিজ
ফাইল ছবি

পবিত্র রমজানে আন্তর্জাতিক সিরিজে ফিরছে বাংলাদেশ। প্রায় তিন মাস বিরতির পর পুরোনো ব্যস্ততা শুরু হচ্ছে মিরাজ-লিটনদের। গত তিন মাসে বাংলাদেশ ক্রিকেট যে থমকে ছিল, তা তো নয়। ক্রিকেটাররা বিপিএল খেলেছেন। অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের পর বিসিএল ওয়ানডে খেলেছেন। টানা খেলার মধ্যে থাকলেও আন্তর্জাতিক ক্রিকেটে না থাকায় ‘বিরতি’টা যেন বেশ দীর্ঘ মনে হচ্ছিল। সেটি দীর্ঘ মনে হওয়ার সবচেয়ে বড় কারণ, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না থাকা।

টি-টোয়েন্টি বিশ্বকাপ এখন অতীত। ২০ ওভারের বিশ্বকাপ ভুলে বাংলাদেশকে এখন ভাবতে হচ্ছে ৫০ ওভারের বিশ্বকাপ নিয়ে। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে খেলতে হলে সামনের প্রতিটি ওয়ানডে সিরিজে ভালো করতে হবে। ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে র‍্যাঙ্কিংয়ে ৯ নম্বরে থাকতে হবে বাংলাদেশকে। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তাই অনেকভাবেই নতুন করে শুরু করতে হচ্ছে বাংলাদেশকে। বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ গতকাল সংবাদ সম্মেলনে বলেছেন, ‘এ বছর ২২টা ওডিআই আছে আমাদের। অবশ্যই এটা আমাদের জন্য একটা বিরাট সুযোগ। দিন শেষে আমাদের ফল খুব গুরুত্বপূর্ণ। সামনে ওয়ানডে বিশ্বকাপ। আমাদের কাছে র‍্যাঙ্কিংটা খুবই ইম্পরট্যান্ট।’

৫০ ওভারের ক্রিকেটে নতুন করে শুরু করতে চাইছে পাকিস্তানও। টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতা ভুলে ছয় অনভিজ্ঞ ক্রিকেটারকে তারা দলে জায়গা দিয়েছে। তাদের ছয় অনভিষিক্ত ক্রিকেটারের মধ্যে চারজনই টপ-অর্ডার ব্যাটার। এদের মধ্যে সবচেয়ে পরিচিত নাম সাহিবজাদা ফারহান, যিনি টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান করেছেন।

অচেনা, অনভিজ্ঞ ক্রিকেটারদের হালকাভাবে নেওয়ার কোনো সুযোগই নেই বাংলাদেশের। বাংলাদেশ দলে এ রকম চমক না থাকলেও অভিজ্ঞ লিটন দাস ও আফিফ হোসেনকে ফেরানো হয়েছে দলে। গত দুই বছরে ওয়ানডেতে একেবারেই ছন্দে ছিলেন না লিটন। স্পিনের বিপক্ষে তাঁর দক্ষতা নির্বাচকদের উৎসাহিত করেছে তাঁকে দলে ফেরাতে। বাংলাদেশ কোচ ফিল সিমন্স মনে করেন, পাঁচ নম্বরে ব্যাটিং করলে উইকেটকিপিংয়ের পর লিটনের কিছুটা বিশ্রাম মিলবে। এখন লিটনের সামনে বড় চ্যালেঞ্জ হলো ২০২৩ সালের ডিসেম্বরের পর থেকে খারাপ হয়ে যাওয়া তাঁর ওয়ানডে ফর্মকে আবার ফিরিয়ে আনা।

যে ওয়ানডেতে বাংলাদেশ একসময় ধারাবাহিক ভালো খেলেছে, সেটিতেই সাম্প্রতিক সময়ে বড্ড বিবর্ণ দশা তাদের। গত পাঁচ ওয়ানডে সিরিজের চারটিতেই হেরেছে বাংলাদেশ। এক আফগানিস্তানের কাছেই এক বছরের মধ্যে বাংলাদেশ দুটি ওয়ানডে সিরিজ হেরেছে। এই সিরিজেও বাংলাদেশের মূল শক্তি বোলিং বিভাগ। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেনের সঙ্গে মেহেদী হাসান মিরাজ ও তানভীর ইসলাম। মিরপুরের উইকেট যদি ভিন্ন আচরণ করে, তাহলে পেস বিভাগে তৃতীয় পেসার হিসেবে সেবা দিতে প্রস্তুত আছেন শরীফুল ইসলাম ও নাহিদ রানা।

অধিনায়ক হিসেবে টানা তৃতীয় ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে শুরু করতে চাইবেন পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। তাঁর নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ এবং শ্রীলঙ্কার বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে পাকিস্তান। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে শাহিনের পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না।

মিরপুরে যেকোনো সিরিজের আগে অবধারিতভাবে আসে উইকেটের প্রসঙ্গ। আগের সিরিজেই এই মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ মিলিয়ে ৮৪ শতাংশ ওভার স্পিনাররা করেছিলেন। এক ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ পুরো ৫০ ওভারই স্পিন করেছিল। পরিসংখ্যান-রেকর্ড যেটাই বলুক, দুই দলের কোচই বলেছেন, এবার উইকেট কিছুটা উন্নত হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে নাকি বিকেলে অকালবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডে সিরিজ বাংলাদেশ ৩-০ ব্যবধানে জিতেছিল। এবার সেটির পুনরাবৃত্তিও যদি না হয়, অন্তত সিরিজটা জিততে পারলেও ঈদের আগে তা বাংলাদেশের দর্শকদের কাছে বিরাট উপহার হয়ে থাকবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জামায়াতের মঞ্চে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক কারবারি

নেতানিয়াহু নিহত বা গুরুতর আহত হওয়ার দাবি ইরানি গণমাধ্যমের, ‘গুজব’ বলে উড়িয়ে দিচ্ছে ইসরায়েল

ইরান যুদ্ধ থেকে ‘প্রস্থানের পথ’ খুঁজছে ইসরায়েল

ইরানের স্বল্পস্থায়ী যুদ্ধের দুর্বলতা ও দীর্ঘমেয়াদি যুদ্ধের শক্তিমত্তা

রাজধানীর তেজগাঁওয়ে মানুষের ৪৭টি মাথার খুলি, বিপুল পরিমাণ হাড়সহ গ্রেপ্তার ৪

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত