চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের অধিনায়ক আশরাফুল

ভারতে যাওয়ার প্রস্তুতি চলছে বাংলাদেশ হকি দলের, তবে এখনো ভিসা হাতে পাননি খেলোয়াড় ও কর্মকর্তারা। শুক্রবার দুপুর ১২টায় দেশ ছাড়ার কথা দলটির। এর মধ্যেই এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অধিনায়ক ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। অভিজ্ঞ ডিফেন্ডার আশরাফুল ইসলামের কাঁধে উঠেছে নেতৃত্বের দায়িত্ব, তাঁর সহকারী হিসেবে থাকছেন আমিরুল ইসলাম।
আজ ফেডারেশন আনুষ্ঠানিকভাবে নতুন অধিনায়কের নাম জানায়। গত মাসে অনুষ্ঠিত এশিয়ান গেমসে বাংলাদেশ দলের নেতৃত্বে ছিলেন রোমান সরকার, তাঁর সহকারী ছিলেন আমিরুল।
২৭ অক্টোবর ভারতের জলন্ধরে শুরু হবে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তান নাম প্রত্যাহার করে নেওয়ায় এবারের প্রতিযোগিতায় খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। ছয় দলের এই টুর্নামেন্টে স্বাগতিক ভারত ছাড়াও রয়েছে চীন, জাপান, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়া।
বাংলাদেশের প্রথম পরীক্ষাই স্বাগতিক ভারতের বিপক্ষে, ২৭ অক্টোবর। এরপর ২৯ অক্টোবর জাপান ও ৩০ অক্টোবর মালয়েশিয়ার মুখোমুখি হবে দলটি। ১ নভেম্বর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলার পর ২ নভেম্বর চীনের সঙ্গে ম্যাচ দিয়ে শেষ হবে বাংলাদেশের গ্রুপ পর্ব।
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের আগের অভিজ্ঞতা ২০২১ সালের। ঢাকায় অনুষ্ঠিত সেই আসরে স্বাগতিক হওয়ার সুবাদে খেলেছিল দলটি। এবার পাকিস্তানের সরে দাঁড়ানোয় আবারও মহাদেশীয় এই প্রতিযোগিতায় খেলার সুযোগ এসেছে বাংলাদেশের সামনে।









