Ajker Patrika

বিমানবন্দরে গিয়েই জানলেন নামের পাশে ‘ক্রস’, যাত্রা বাতিল বাংলাদেশ খেলোয়াড়ের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিমানবন্দরে গিয়েই জানলেন নামের পাশে ‘ক্রস’, যাত্রা বাতিল বাংলাদেশ খেলোয়াড়ের
বাংলাদেশ জাতীয় টেবিল টেনিস দলের খেলোয়াড় মুহতাসিন আহমেদ হৃদয়। ফাইল ছবি

এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে অংশ নিতে দলের সঙ্গে তাসখন্দ যাওয়ার কথা ছিল বাংলাদেশের শীর্ষ টেবিল টেনিস খেলোয়াড় মুহতসিন আহমেদ হৃদয়ের। বিমানবন্দরে বোর্ডিং পাসও পেয়েছিলেন তিনি। কিন্তু উজবেকিস্তান থেকে পাঠানো একটি চিঠিতে তাঁর নামের পাশে ক্রস চিহ্ন থাকায় শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় তাঁর যাত্রা। কেন এমন হলো, তার কোনো ব্যাখ্যা দিতে পারেনি সংশ্লিষ্ট কেউ।

উজবেকিস্তানের তাসখন্দে ১৯ থেকে ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে ২৯তম এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ। আসরে অংশ নিতে শনিবার রাতে বাংলাদেশ দলের খেলোয়াড় ও কোচ আলীসহ মোট সাতজন বিমানবন্দরে যান। তাঁদের মধ্যে তিনজন পুরুষ ও তিনজন নারী খেলোয়াড় ছিলেন। অন অ্যারাইভাল ভিসা নিয়ে দলের অন্য সদস্যরা যাওয়ার সুযোগ পেলেও হৃদয়কে ফিরতে হয়েছে বাড়িতে। সোনাম সুলতানা সোমা ও মৌরা অবশ্য তাসখন্দের বিমানে উঠতে পেরেছেন।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও হতাশা প্রকাশ করেছেন হৃদয়। দলের সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করতে যাওয়ার প্রস্তুতি নিয়েও শেষ পর্যন্ত ফিরতে হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি।

হৃদয় লেখেন, ‘গত কয়েক দিন ধরে যারা আমার লেখা পড়ছেন, তারা হয়তো বুঝতে পারছেন যে আমি আমার পেশাগত জীবনের একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। আজও আরেকটি কঠিন দিন গেলো। এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে অংশ নিতে উজবেকিস্তান যাওয়ার উদ্দেশ্যে আমি বিমানবন্দরে এসেছিলাম। দলের সঙ্গে যেতে পারবো; এই আশায় তিন ঘণ্টা অপেক্ষা করলাম। শেষ পর্যন্ত আমার আর যাওয়া হলো না।’

মায়ের কাছ থেকে বিদায় নিয়ে দেশের হয়ে খেলতে যাওয়ার স্বপ্ন দেখা হৃদয়ের কাছে শেষ মুহূর্তের এই বাধা আরও বেদনাদায়ক হয়ে উঠেছে। তিনি আরও লেখেন, ‘আজ (গতকাল) সকালেই আমার মা আমাকে বিদায় জানাতে মেট্রো স্টেশনে এসেছিলেন। আমি তাসখন্দের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, দেশের প্রতিনিধিত্ব করব এই ভেবে। আর এখন আমি একা একা বাড়ি ফিরে যাচ্ছি। এই অনুভূতির কথা ভাষায় প্রকাশ করা খুবই কঠিন। এই মুহূর্তে আমি জানিই না যে এশিয়ান চ্যাম্পিয়নশিপে আদৌ খেলতে পারব কি না।’

চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ পাওয়ার আশা ছাড়ছেন না বাংলাদেশের এক নম্বর এই খেলোয়াড়। হৃদয় যোগ করেন, ‘আমি এই সুযোগটির জন্য প্রস্তুতি নিয়েছি, এবং আমি কেবল আশা করি যে বাংলাদেশের জার্সি গায়ে জড়িয়ে সেই টেবিলে দাঁড়ানোর সুযোগ আমি পাবো’।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত