Ajker Patrika

বাংলাদেশের মেয়েদের খেলা দেখে মুগ্ধ এই নারী ক্রিকেটার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৪ মার্চ ২০২৬, ২১: ৪৬
বাংলাদেশের মেয়েদের খেলা দেখে মুগ্ধ এই নারী ক্রিকেটার
বাংলাদেশের মেয়েরা হারলেও খেলা দেখে মুগ্ধ স্বর্ণা আক্তার। ছবি: সংগৃহীত

সিডনিতে গতকাল চীনের কাছে নারী এশিয়ান কাপের ম্যাচে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। তবে স্কোরকার্ড দেখে তো পুরোটা বোঝার উপায় নেই। নারী এশিয়ান কাপে অভিষেক ম্যাচে হেরেও ক্রীড়াপ্রমীদের হৃদয় জয় করেছেন আফঈদা খন্দকার-ঋতুপর্ণা চাকমারা। তাঁদের খেলা দেখে মুগ্ধ বাংলাদেশের তারকা নারী ক্রিকেটার।

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-চীনের মধ্যে ৯৫ ধাপের পার্থক্য। শুধু তা-ই নয়, চীন নারী এশিয়ান কাপের ৯ বারের চ্যাম্পিয়ন। সবশেষ শিরোপাও জিতেছে তারা। গতকাল সিডনিতে তাদের বিপক্ষে বাংলাদেশের গোলপোস্টের সামনে প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন মিলি আক্তার। ঋতুপর্ণা চাকমা দূরপাল্লার এক শটে গোল দিতে দিতেও পারেননি। নারী এশিয়ান কাপে প্রথমবারের মতো খেলতে নামা বাংলাদেশের প্রশংসা ঝরেছে স্বর্ণা আক্তারের কণ্ঠেও। আজ সংবাদমাধ্যমকে তিনি বলেন,‘বাংলাদেশের মেয়েদের খেলা দেখেছি। ভালো খেলেছে। একটা গোল হয়তো গোলরক্ষকের ভুলের জন্য হয়েছে। ভালো খেলেছে।’

জুন-জুলাইয়ে ইংল্যান্ডে হবে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। অথচ এই ইংল্যান্ডে বাংলাদেশ নারী দল এখন পর্যন্ত একটা ম্যাচও খেলেনি। অচেনা কন্ডিশনে বিশ্বকাপের মতো মঞ্চে খেলা যে চ্যালেঞ্জিং, সেটা বুঝতে পারছেন স্বর্ণা। বাংলাদেশের এই নারী লেগস্পিনার বলেন,‘ইংল্যান্ডে আসলে কখনো খেলা হয়নি। প্রথমবার খেলতে যাচ্ছি। হয়তো একটু কঠিন সময় আসবে। এটাকে মেনে নিয়ে যেভাবে খেলতে পারি আরকি।’

নারী বিপিএল নিয়ে আগে অনেকবার আলোচনা করা হলেও দিনক্ষণ ঠিক করা যাচ্ছিল। অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এপ্রিলে আয়োজন করছে মেয়েদের বিপিএল। তিন দল নিয়ে হবে ২০২৬ নারী বিপিএল। জাতীয় দলের তারকা ক্রিকেটারদের পাশাপাশি উদীয়মান তারকা ক্রিকেটারও থাকবেন মেয়েদের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। এ ছাড়াও বিশ্বকাপের আগে কয়েকটি দ্বিপক্ষীয় সিরিজ বাংলাদেশের খেলার কথা।

বিশ্বকাপ সামনে রেখে বিপিএলসহ দ্বিপক্ষীয় সিরিজগুলো নিজেদের ঝালিয়ে নেওয়ার ‘মঞ্চ’ মনে করছেন স্বর্ণা। ১৯ বছর বয়সী বাংলাদেশের এই লেগস্পিনার বলেন, ‘সামনে আমাদের বিপিএল আছে। আমাদের একটা লক্ষ্যও আছে। জুন থেকে বিশ্বকাপ। তার আগে একটা সিরিজ আছে। শ্রীলঙ্কা সিরিজ আছে। ঘরের মাঠে ও বাইরে সিরিজ আছে। সম্ভবত থাইল্যান্ডে। আমরা সেভাবে প্রস্তুত হচ্ছি।’

জানুয়ারি-ফেব্রুয়ারিতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। সেই টুর্নামেন্টে ১৭.২ গড় ও ১৬২.২৬ স্ট্রাইকরেটে করেছেন ৮৬ রান। ৫.২৬ ইকোনমিতে নিয়েছেন ৮ উইকেট। অলরাউন্ড পারফরম্যান্সে অনেকবার ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন স্বর্ণা। দলের জয়ে এমন ‘ইমপ্যাক্ট’ রাখতে চান বাংলাদেশের এই লেগস্পিনিং অলরাউন্ডার।

এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে ১২ দল। ছয়টি করে ভাগ হয়ে দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। এক নম্বর গ্রুপে বাংলাদেশ-ভারত-পাকিস্তানের পাশাপাশি গ্রুপের অপর তিন দল হচ্ছে অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় গ্রুপে পড়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত