Ajker Patrika

নেইমারের কাছে পাওনা বাড়ছে ব্রাজিলের

রানা আব্বাস, নিউজার্সি থেকে
আপডেট : ১৪ জুন ২০২৬, ০০: ৫৩
নেইমারের কাছে পাওনা বাড়ছে ব্রাজিলের
ব্রাজিল দলের তারকা নেইমার জুনিয়র।

নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামের বিশাল মিডিয়া সেন্টারে শুক্রবার বেলা সাড়ে ৩টায় মরক্কোর কোচ মোহাম্মদ ওয়াহবি ও দলের বড় তারকা আশরাফ হাকিমি ধর্মীয় রীতি মেনে সংবাদ সম্মেলন শুরু করলেন সালাম দিয়ে। ‘আসসালামু আলাইকুম’ শব্দটা অবশ্য অনেকবারই শোনা গেল সংবাদ সম্মেলনে।

স্বদেশি সাংবাদিকেরা ওয়াহবি-হাকিমিকে প্রশ্নই শুরু করেন সালাম দিয়ে। মরক্কোর সংবাদ সম্মেলনে এল নেইমারের প্রসঙ্গও। পিএসজিতে দুই মৌসুমের কিছু বেশি সময় একসঙ্গে খেলেছেন নেইমার ও হাকিমি। সাবেক সতীর্থকে হয়তো এই ম্যাচে পাচ্ছেন না, কিন্তু তাঁর দল ব্রাজিল বড় পরীক্ষা নেবে হাকিমিদের মরক্কোর। আর না খেললেও দলে নেইমারের উপস্থিতি নিশ্চিতভাবেই উজ্জীবিত করবে ব্রাজিলকে।

কাল রাতে গ্রুপপর্বে মরক্কোর বিপক্ষে না নামতে পারলেও নেইমারের মতো বড় মাপের খেলোয়াড়ের চ্যালেঞ্জ নিতে উন্মুখ হয়ে থাকেন হাকিমি। সংবাদ সম্মেলনে মরক্কোর তারকা রাইট ব্যাক বলেছেন, ‘সে তো নেইমার, আর আমি সব সময় সেরাদের বিপক্ষেই খেলতে ভালোবাসি। নেইমার বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়, তাই তার বিপক্ষে খেলতেই আমি বেশি পছন্দ করি। আমরা সবাই সেটা জানি। নেইমার অন্যতম সেরা এবং কঠিন প্রতিপক্ষ। তাই আমি চাই সে খেলুক, যাতে তার বিপক্ষে মাঠে নামতে পারি। তাকে চিনি, তার বিপক্ষে খেলতে ভালো লাগে, আর সে সেরাদের একজন।’

কঠিন প্রতিপক্ষ হয়েও হাকিমি চাইছেন পেশির চোট কাটিয়ে নেইমার মাঠে নামুন। তাহলে তাঁর দলের চাওয়াটা কী, বলার অপেক্ষা রাখে? যুক্তরাষ্ট্রে এ কদিনে বিশ্বকাপে আসা ব্রাজিলের যেকোনো ব্যক্তির কাছে শুনতে চাইলে যে নামটি সবার আগে বলেন—নেইমার। পর্তুগিজ ছাড়া আর কোনো ভাষা জানা নেই, এমন ব্রাজিলিয়ানকেও যদি দল সম্পর্কে জানতে চাওয়া হয়, তাঁর কাছে তৈরি উত্তর—নেইমার।

ব্রাজিলিয়ান সাবেক তারকা আলেক্সান্দরে পাতোর সঙ্গে দেখা মেটলাইফের মিডিয়া সেন্টারে। বিশ্লেষক হিসেবে বিশ্বকাপে আসা পাতো দলের সংবাদ সম্মেলন দেখলেন পাঁচ শর অধিক সাংবাদিকের উপস্থিতিতে গিজগিজে মিডিয়া সেন্টারে দাঁড়িয়ে। নেইমারকে গ্রুপপর্বের ম্যাচগুলোয় না পাওয়া গেলেও তাঁকে নিয়ে পাতোর আশার শেষ নেই। এমনকি যখন জানতে চাওয়া হলো, এ বিশ্বকাপে সবচেয়ে বেশি আলো ছড়াবেন কে—মেসি, নেইমার, এমবাপ্পে, রোনালদো নাকি ইয়ামাল? পাতো একটু ভাবলেন। এরপর প্রশস্ত হাসিতে বললেন, নেইমার! চোটে পড়ে বিশ্বকাপের প্রায় অর্ধেকটা খেলতে পারবেন না, তবু নেইমার হবেন সেরা? পাতো তাঁর উত্তরে অটল। একে কেউ কেউ ‘পক্ষপাত’ বলতে পারেন। তবে ব্রাজিলিয়ানদের কাছে নেইমারের প্রতি এটা নিখাদ ভালোবাসা আর অগাধ আস্থা মাত্র।

আর নেইমারের মতো খেলোয়াড়কে কীভাবে কাজে লাগাতে হয়, সেটা ভালো করেই জানা ক্লাব ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল কোচ কার্লো আনচেলত্তির। শুক্রবারের সংবাদ সম্মেলনে আনচেলত্তিকে করা একটা প্রশ্ন বেশ ইন্টারেস্টিং লাগল। যথেষ্ট সাহসি প্রশ্ন বৈকি। এক সাংবাদিক জানতে চাইলেন, ‘ব্রাজিল জাতীয় দলের জন্য আনচেলত্তিই কেন সঠিক কোচ?

শীতল কণ্ঠে আনচেলত্তির উত্তর, ‘এ প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে সহজ নয়। এখানে খুব স্বাচ্ছন্দ্যবোধ করছি এবং এই দায়িত্ব পেয়ে ভীষণ আনন্দিত। এত অসাধারণ একটি দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া আমার জন্য বড় সম্মানের। আশা করি, দলের সাফল্যের জন্য যা যা করা প্রয়োজন, তা করতে পারব এবং এই দলকে সাফল্যের পথে এগিয়ে নিতে সক্ষম হব।’

সেই সাফল্য পাওয়ার পথে আর সবার মতো আনচেলত্তিও আছেন নেইমারের অপেক্ষায়। তাঁর প্রতি যে আশা, স্বপ্ন, ব্রাজিলিয়ান সমর্থকদের বিপুল ভালোবাসা—নেইমার হয়তো নিউজার্সির মরিসটাউনের বেস ক্যাম্পে চোট কাটিয়ে ওঠার দিনগুলোয় মনে মনে ভাবছেন, ‘আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত