আরব আমিরাত থেকে বৃহস্পতিবার গভীর রাতে বেশ বিধ্বস্ত অবস্থায় মাসকাটে ফিরেছে বাংলাদেশ দল! আবুধাবিতে আয়ারল্যান্ডের কাছে হারের ধকল না কাটতেই দ্রুত দলকে ধরতে হয়েছে মাসকাটের ফ্লাইট। মাসকাটের হোটেল শাংরি লা বার আল জিসাহতে পৌঁছাতে পৌঁছাতে রাত ১২টা। বিছানায় যেতে যেতে ক্রিকেটারদের বেজে গেছে রাত ২টা।
পাঁচ দিন আগে এই মাসকাট থেকে চনমনে একটা দল গিয়েছিল আবুধাবিতে আইসিসির দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে। শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচই হেরেছে বাংলাদেশ। যদিও দলের গুরুত্বপূর্ণ তিন ক্রিকেটারকে দল পায়নি। তবে হার তো হারই। বিশেষ করে গত পরশু আইরিশদের বিপক্ষে হারটা ছিল মাহমুদউল্লাহদের জন্য বড় বার্তা। দুটি ম্যাচেই চিন্তা বাড়িয়েছে বাংলাদেশের ব্যাটারদের পারফরম্যান্সে। প্রস্তুতি ম্যাচে জয়-পরাজয় গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে নিজেদের ঘাটতি, ভুলত্রুটি চিহ্নিত করে দ্রুত শুধরে নেওয়া।
প্রস্তুতি ম্যাচ নিয়ে মাশরাফি বিন মুর্তজার একটি দর্শন আছে। বাংলাদেশ দলের সফলতম অধিনায়ক প্রায়ই বলেন, বড় টুর্নামেন্টের আগে প্রস্তুতি ম্যাচ হারা ভালো! কেন? ২০১৯ বিশ্বকাপের আগে এর ব্যাখ্যায় হাসতে হাসতে বলছিলেন, ‘হারলে কুফা কেটে যায়!’ মাশরাফির যুক্তি, প্রস্তুতি ম্যাচে হারলে নিজেদের মানসিক জড়তা যেমন কেটে যায়, আবার মূল মঞ্চে নিজেদের কী করতে হবে, ভালোভাবে উপলব্ধি করা যায়। সে হিসেবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে টানা দুই হার বাংলাদেশের ‘কুফা’ কতটা কাটল, আগামীকাল থেকেই বোঝা যাবে। কাল স্কটল্যান্ড ম্যাচ দিয়েই শুরু বাংলাদেশের বিশ্বকাপ অভিযান।
দলের সঙ্গে থাকা বিসিবির নির্বাচক হাবিবুল বাশার বললেন, ‘দুটি ম্যাচ জিততে পারলে ভালো হতো। সেটি হয়নি। এখন বুঝতে পারছি আমাদের কী করতে হবে, না হবে।’ হাবিবুল অবশ্য প্রস্তুতি ম্যাচে খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে বেশি ভাবছেন না, ‘বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে খেলোয়াড়দের ভালো ছন্দে পাওয়া। অনেক সময় ছন্দে থাকা খেলোয়াড় বিশ্বকাপে ছন্দ হারিয়ে ফেলেন। তখনই সমস্যা হয়। আশা করি, আমাদের ছেলেরা সবাই ছন্দে থাকবে। প্রথম রাউন্ডে খুব বিরতি থাকবে না। তারপর যদি মূল পর্বে যেতে পারি, তবে বিরতি পাওয়া যাবে। বিশ্বকাপে অনেক চাপ থাকবে।’
সুমন জানালেন, এখন পর্যন্ত দলের সব ঠিক আছে। আজকের অনুশীলনে গত কয়েক দিনের সবকিছু নিয়ে আলোচনা হবে। এই অনুশীলনে থাকতে পারেন সাকিব আল হাসান। গতকাল কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলের ফাইনাল খেলেই সড়কপথে মাসকাটে আসার কথা বাঁহাতি অলরাউন্ডারের। সড়কপথে দুবাই থেকে মাসকাটে আসতে সাধারণত চার-পাঁচ ঘণ্টা সময় লাগে। বিষয়টি নিশ্চিত করেছেন সুমন। বাণিজ্যিক ফ্লাইটে এলে জৈব সুরক্ষাবলয় রক্ষা করা কঠিন বলেই সাকিবের জন্য এই ব্যবস্থা। সে ক্ষেত্রে তাঁর কোয়ারেন্টিনও লাগছে না।
তবে এসেই সাকিব দলের অনুশীলনে যোগ দেবেন কি না, সেটি গতকাল হাবিবুলের পক্ষে বলা কঠিন ছিল। আজকের পত্রিকাকে বিসিবির নির্বাচক বললেন, ‘যেহেতু আমাদের অনুশীলন বিকেলে, ও থাকলেও থাকতে পারে। তবে মনে হয় অনুশীলন করবে না। যেহেতু সে খেলার মধ্যে আছে। সাকিবের এখন অনুশীলন খুব জরুরিও নয়।’
আরব আমিরাত পর্বের আইপিএলে দারুণ খেলা সাকিব যোগ দেওয়ায় নিশ্চিত নতুন করে উজ্জীবিত হবে বাংলাদেশ দল। কিছুটা সুখবর আছে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়েও। চোট-সতর্কতায় তিনি খেলতে পারেননি তিনটি প্রস্তুতি ম্যাচ। দলীয় সূত্র জানিয়েছে, ধীরে ধীরে সেরে উঠছেন অধিনায়ক। আজ অনুশীলনের পর তাঁর অবস্থা আরও ভালো বোঝা যাবে।

চার মাস কোর্টের বাইরে ছিলেন। বার্সেলোনা ওপেনে খেললেও অভিজ্ঞতা ভালো ছিল না কার্লোস আলকারাসের। ইউএস ওপেনে তাঁর খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন অ্যান্ডি রডিক, গ্রেগ রুসেদস্কি। তবে আশঙ্কা উড়িয়ে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠে গেছেন স্প্যানিশ তারকা।
১১ ঘণ্টা আগে
বহুবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু একই দলের জার্সিতে তাঁদের কখনো দেখা যায়নি। এবার সেই অপূর্ণতা পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচকে ঘিরে।
১৫ ঘণ্টা আগে
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। শনিবার দলের শেষ অনুশীলনে ছিলেন না লামিনে ইয়ামাল। স্বাভাবিকভাবেই রোববার মেস্তায়ায় হেত যাওয়া ম্যাচে এই তরুণ তারকার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
১৬ ঘণ্টা আগে
ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রথম দুই টেস্টে হারের পর মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হকসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরানোর সিদ্ধান্তের পেছনে শুধু পারফরম্যান্স নয়, ড্রেসিংরুমে আচরণগত সমস্যাও ছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
১৭ ঘণ্টা আগে