Ajker Patrika

এক ম্যাচ জিতেই সুখবর পেলেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ২১: ৫৫
এক ম্যাচ জিতেই সুখবর পেলেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা
র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ছবি: এএফপি

২০২৬ নারী এশিয়া কাপে শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গত রাতে ইন্দোনেশিয়াকে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন। দুর্দান্ত এই শুরুর পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা।

দুবাইয়ে গত রাতে ইন্দোনেশিয়াকে ৭১ রানে হারিয়েছে বাংলাদেশ। ২০২৬ এশিয়া কাপ অভিযান দারুণভাবে শুরুর পর দিনই আইসিসি মেয়েদের ক্রিকেটের সাপ্তাহিক র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে। নতুন প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে ২ ধাপ এগিয়ে টি-টোয়েন্টিতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৩৭ নম্বরে উঠে এসেছেন মারুফা আক্তার। তাঁর রেটিং পয়েন্ট ৫৩৭। ইন্দোনেশিয়াকে ৫৮ রানে গুটিয়ে দিতে তাঁর অবদান অপরিসীম। ৩ ওভারে ৬ রানে নিয়েছেন ২ উইকেট। এক ওভার মেডেনও দিয়েছেন।

মারুফার মতো র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে স্বর্ণা আক্তার, সুলতানা খাতুনেরও। এক ধাপ এগিয়ে টি-টোয়েন্টিতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৪৬ নম্বরে উঠে এসেছেন সুলতানা। সমান ৪৯৩ রেটিং পয়েন্ট নিয়ে যৌথভাবে ৪৬ নম্বরে পাকিস্তানের তুবা হাসান। তুবা এগিয়েছেন দুই ধাপ। স্বর্ণা সুখবর পেয়েছেন অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে। তাঁর ১৮ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩১ রানের ইনিংসে বাংলাদেশ করেছে ৮ উইকেটে ১২৯ রানে। বোলিংয়ে ২ ওভারে ৩ রান দিয়েও কোনো উইকেট পাননি। দুই ধাপ এগিয়ে এখন টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের ৩১ নম্বর অলরাউন্ডার এখন তিনি। তাঁর রেটিং পয়েন্ট ১১৮।

সমান ১১৮ রেটিং পয়েন্ট নিয়ে স্বর্ণা, রাবেয়া খান টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের ৩১ নম্বর অলরাউন্ডার। রাবেয়া পিছিয়েছেন এক ধাপ। দুঃসংবাদ পেয়েছেন জ্যোতিও। দুই ধাপ পিছিয়ে টি-টোয়েন্টিতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ২২ নম্বরে এখন বাংলাদেশ অধিনায়ক। তাঁর রেটিং পয়েন্ট ৬০৯। আর লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তু সদ্য প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন। ব্যাটিং, অলরাউন্ডার দুই জায়গাতেই র‍্যাঙ্কিংয়ে তিনি আছেন সেরা দশের মধ্যে। তিন ধাপ এগিয়ে টি-টোয়েন্টিতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৩৩ নম্বরে উঠে এসেছেন আতাপাত্তু।

ইন্দোনেশিয়ার বিপক্ষে কিপ্টে বোলিংয়ে র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন মারুফা আক্তার। ছবি: এসিসি
ইন্দোনেশিয়ার বিপক্ষে কিপ্টে বোলিংয়ে র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন মারুফা আক্তার। ছবি: এসিসি

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে অলরাউন্ড পারফরম্যান্সে আতাপাত্তু আইসিসি র‍্যাঙ্কিংয়ে ভালো অবস্থানে আছেন। ৪০৫ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই তিনে লঙ্কান অধিনায়ক। ২৯ আগস্ট আমিরাতের বিপক্ষে ২৫ বলে ৭ চার ও ১ ছক্কায় ৪৮ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন এই ওপেনার। বোলিংয়ে ৩ ওভারে ১০ রানে ১ উইকেট নিয়েছেন তিনি। ৭৩৪ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টিতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই ৬ নম্বরে আতাপাত্তু।

টি-টোয়েন্টিতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে সেরা তিনে অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। ৭৮৫ রেটিং পয়েন্ট নিয়ে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটার অস্ট্রেলিয়ার বেথ মুনি। দুইয়েও আছেন আরেক অজি ব্যাটার জর্জিয়া ভল। তাঁর রেটিং পয়েন্ট ৭৭৯। ৭৭১ রেটিং নিয়ে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের তিন নম্বর ব্যাটার দক্ষিণ আফ্রিকার লরা ভলভার্ট। অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়েও সেরা তিনে অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। ৫০২ রেটিং পয়েন্ট নিয়ে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ অলরাউন্ডার ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথুস। দুইয়ে থাকা নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কারের রেটিং পয়েন্ট ৪৬৫।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত