আফগানিস্তান ম্যাচের আগমুহূর্তে মোস্তাফিজের দুঃসংবাদ

আর মাত্র কয়েক ঘণ্টা পরই আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে বাঁচা-মরার ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ। শুধু জিতলেই হচ্ছে না, বাংলাদেশকে নেট রানরেটের ব্যাপারও মাথায় রাখতে হচ্ছে। শারজায় ম্যাচ শুরুর আগমুহূর্তে বাংলাদেশের ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ে জায়গা অদল-বদল হয়েছে। তাতে শরীফুল ইসলাম-তাসকিন আহমেদরা সুখবর পেলেও মোস্তাফিজুর রহমান পিছিয়েছেন।
বাংলাদেশ সময় আজ বিকেল ৫টা ৩০ মিনিটে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ। যা ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে লিগ পর্বের শেষ ম্যাচ। শারজায় ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে আইসিসি সাপ্তাহিক র্যাঙ্কিং হালনাগাদ করলে দেখা যায়, ওয়ানডেতে বোলারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে ৩৬ নম্বরে নেমে গেছেন মোস্তাফিজ। তাঁর রেটিং পয়েন্ট ৫১৫। আবুধাবিতে শনিবার জিম্বাবুয়ের বিপক্ষে ১০ ওভারে ৪৪ রান দিলেও কোনো উইকেট পাননি।
নতুন হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ের ১২ নম্বর বোলার এখন তাসকিন। তাঁর রেটিং পয়েন্ট ৫৮৬। ১১ নম্বরে থাকা শরীফুলের রেটিং পয়েন্ট ৫৮৭। বাংলাদেশের বাঁহাতি পেসার এগিয়েছেন দুই ধাপ। আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে ১০ ওভারে ৪৪ রানে তাসকিন নিয়েছেন ৩ উইকেট। ব্রায়ান বেনেট, বেন কারেন, তাফাদজাওয়া সিগা—টপ অর্ডারের তিন ব্যাটারের উইকেট নেন তাসকিন।
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে শরীফুলও নেন ২ উইকেট। যদিও সেই ম্যাচে বাংলাদেশকে ৯৯ রানে হারিয়েছে জিম্বাবুয়ে। ব্রাড ইভান্স সেই ম্যাচে পেয়েছেন ৪ উইকেট। এরপর গত পরশু আফগানদের বিপক্ষে নিয়েছেন ৩ উইকেট। ত্রিদেশীয় সিরিজে ৭ উইকেট নিয়ে ওয়ানডেতে বোলারদের র্যাঙ্কিংয়ে ১৯ ধাপ এগিয়েছেন। ৪৪০ রেটিং পয়েন্ট নিয়ে জিম্বাবুয়ের পেসার অবস্থান করছেন ৬৫ নম্বরে। ১২ ধাপ এগিয়ে ইভান্সের সঙ্গে যৌথভাবে ৬৫ নম্বরে ইংল্যান্ডের পেসার গাস অ্যাটকিনসন।
৭৪২ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডেতে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন রশিদ খান। জিম্বাবুয়ের বিপক্ষে ৮ ওভারে ১৭ রানে নিয়েছেন ৪ উইকেট। সেরা চার পর্যন্ত অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। দুই, তিনে থাকা পাকিস্তানের আবরার আহমেদ, দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজের রেটিং পয়েন্ট ৬৬২ ও ৬৬০।
জিম্বাবুয়ের বিপক্ষে আবুধাবিতে গত পরশু ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করে ম্যাচসেরা হওয়ার পাশাপাশি র্যাঙ্কিংয়েও এগিয়েছেন সেদিকউল্লাহ আতাল। ১২ ধাপ এগিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ের ২০ নম্বর ব্যাটার এখন আতাল। ১১০ বলে ৮ চার ও ১ ছক্কায় ১০২ রানের ইনিংস খেলেছেন তিনি। তাঁর রেটিং পয়েন্ট ৬০৫। তানজিদ হাসান তামিম তিন ধাপ এগিয়ে র্যাঙ্কিংয়ের ২১ নম্বর ব্যাটার। ৬০১ রেটিং পয়েন্ট নিয়ে তাঁর সঙ্গে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে যৌথভাবে ২১ নম্বরে দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক।
ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে সেরা দশে অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। ৮৪১ রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন শুবমান গিল। দুই, তিনে থাকা ড্যারিল মিচেল, বিরাট কোহলির রেটিং পয়েন্ট ৭৯৪ ও ৭৮১। ৬৫৩ রেটিং পয়েন্ট নিয়ে যৌথভাবে ১০ নম্বরে লোকেশ রাহুল ও হ্যারি টেক্টর।










