Ajker Patrika

আইপিএল ছাড়া ক্রিকেটারদের আরও কঠোর শাস্তির দাবি গাভাস্কারের

ক্রীড়া ডেস্ক    
আইপিএল ছাড়া ক্রিকেটারদের আরও কঠোর শাস্তির দাবি গাভাস্কারের
২ বছরের নিষেধাজ্ঞা যথেষ্ট মনে হচ্ছে না গাভাস্কারের কাছে। ছবি: সংগৃহীত

দিল্লি ক্যাপিটালসকে বেশ বিপদেই ফেলে দিয়েছেন বেন ডাকেট। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরুর আগ মুহূর্তে সরে দাঁড়ান এই ইংলিশ উইকেটরক্ষক ব্যাটার। বিষয়টি নিয়ে গত কয়েক দিন ধরেই আলোচনা-সমালোচনা চলছে ক্রিকেট দুনিয়ায়। এবার বিষয়টি নিয়ে কথা বললেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনিল গাভাস্কার।

নিলাম থেকে দল পাওয়ার পর যৌক্তিক কোনো কারণে নাম সরিয়ে নিলে দুই বছর নিষেধাজ্ঞার নিয়ম করেছে আইপিএল কর্তৃপক্ষ। গাভাস্কারের মতে, শেষ মুহূর্তে ক্রিকেটারদের নাম প্রত্যাহারের প্রবণতা কমাতে এই শাস্তি কাজ করছে না। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে আরও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

ইন্ডিয়া টুডেকে গাভাস্কার বলেন, ‘বিষয়টা কঠিন। অ্যাশেজে ডাকেট খুব ভালো খেলেছে। দ্য হান্ড্রেডের নিলামে যদি সে এত বড় অঙ্কে দল না পেত, তাহলে হয়তো পরিস্থিতি ভিন্ন হতে পারত। বোঝাই যায়, দ্য হান্ড্রেডে বড় দামে দল পাওয়ার পর সে হয়তো এই টুর্নামেন্টটা (আইপিএল) মিস করেই ইংল্যান্ডের টেস্ট ক্যারিয়ারে মনোযোগ দিতে স্বচ্ছন্দ বোধ করেছে।’

বিসিসিআইয়ের উদ্দেশে গাভাস্কার বলেন, ‘কী করা উচিত সেটা ভারতীয় ক্রিকেট বোর্ডকেই ভাবতে হবে। কারণ দুই বছরের নিষেধাজ্ঞা যে কাজ করছে না তা স্পষ্ট। এমন কিছু করতে হবে, যা বাস্তব প্রভাব ফেলবে। যতক্ষণ না শাস্তি খেলোয়াড়ের ওপর এবং তার আইপিএলে ফেরার সম্ভাবনার ওপর প্রভাব ফেলছে, ততক্ষণ এটা কার্যকর হবে না।’

টেস্টের কথা ভেবেই আইপিএল ছেড়েছেন বলে জানিয়েছিলেন ডাকেট। এই সংস্করণে নিজের উন্নতির জন্য আইপিএল থেকে সরে নটিংহ্যামশায়ারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলবেন তিনি। ইংলিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফকে ডাকেট বলেন, ‘আমার জন্য এটা (আইপিএল ছাড়া) কঠিন সিদ্ধান্ত ছিল। দিল্লির সবার কাছে ক্ষমা চাচ্ছি, কারণ আমি আইপিএল খেলতে যাব না। নিলামে নাম দেওয়ার সময় মনে হয়েছিল, এটা দারুণ একটা সুযোগ হবে। দিল্লির মতো ফ্র্যাঞ্চাইজি আমাকে নেওয়ায় উচ্ছ্বসিত ছিলাম। বিশ্বের সেরা টুর্নামেন্ট যেখানে সেরা খেলোয়াড়রা খেলে, এখানে খেলাটা অসাধারণ এক অভিজ্ঞতা হতো।’

আইপিএল ছেড়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলাটাকেই সঠিক সিদ্ধান্ত বলে মনে করছেন ডাকেট, ‘জানি না, এই সিদ্ধান্তে কখনো না খেলেই আইপিএলকে চিরতরে বিদায় জানাচ্ছি কি-না। আমার এখন যে বয়স (৩১ বছর), এখানে পুনরায় খেলা কঠিন হতে পারে। তবে আশা করি, কোনো একদিন দিল্লির হয়ে খেলতে পারব। তবে, অনেক ভেবেচিন্তে আমি এই সিদ্ধান্ত নিয়েছি এবং জানি, আমার ক্যারিয়ারের জন্য এটাই সঠিক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত