Ajker Patrika

প্রত্যাশার চেয়েও ‘ভালো’ খেলছেন আলকারাস

ক্রীড়া ডেস্ক    
প্রত্যাশার চেয়েও ‘ভালো’ খেলছেন আলকারাস
তৃতীয় রাউন্ডে জয়ের পর কার্লোস আলকারাস। ছবি: এএফপি

চোট নিয়ে টানা চার মাস কোর্টের বাইরে ছিলেন কার্লোস আলকারাস। ইউএস ওপেনের আগে বার্সেলোনা ওপেনে খেললেও অভিজ্ঞতা ভালো ছিল না স্প্যানিশ তারকার। সব মিলিয়ে ইউএস ওপেনে তাঁর খেলা নিয়ে আশঙ্কার কথা জানিয়েছিলেন অ্যান্ডি রডিক, গ্রেগ রুসেদস্কির মতো সাবেক খেলোয়াড়েরা। কিন্তু সব আশঙ্কা উড়িয়ে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠে গেলেন ২৩ বছর বয়সী আলকারাস।

তৃতীয় রাউন্ডে তিনি ৬-৩, ৬-৪, ৬-১ গেমে হারিয়েছেন চীনের উ ইবিংকে। এই জয়ের পর নিজের শারীরিক অবস্থা এবং খেলার ফর্মকে প্রত্যাশার চেয়েও ভালো বলে দাবি করেছেন টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আলকারাস, ‘সত্যি বলতে, আমি যেমনটা ভেবেছিলাম, তার চেয়ে ভালো খেলছি। শারীরিক দিক থেকে আমি ভেবেছিলাম প্রথম ম্যাচের পরেই আমার অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু আমি খুব ভালোভাবে সেরে উঠছি। এই মুহূর্তে আমার খেলার মান খুবই ভালো। কোর্টে নামার সঙ্গে সঙ্গেই আমি প্রতিযোগিতার ছন্দে অভ্যস্ত হয়ে যাচ্ছি।’

চীনের উ তাঁর আক্রমণাত্মক বেসলাইন খেলা দিয়ে আলকারাসকে বেশ চাপে রেখেছিলেন। তাঁর ৩৩টি আনফোর্স এররই সে কথা বলে। কিন্তু নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ২ ঘণ্টা ২০ মিনিটের লড়াইয়ে জয়ী হন আলকারাস। ম্যাচ শেষে অবশ্য প্রশংসায় ভাসিয়েছেন চীনা প্রতিযোগীকে, ‘আমার মনে হয় আজ খেলায় বেশ উচ্চ গতি ছিল। তিনি যেভাবে খেলেন তা অবিশ্বাস্য, তাঁর প্রতিটি শটে—ফোরহ্যান্ড, ব্যাকহ্যান্ডে দারুণ এক ছন্দ ছিল। তাঁর বল কোর্টে প্রচুর স্কিড করে এবং আমার জন্য মাঝে মাঝে তা নিয়ন্ত্রণ করা সত্যিই কঠিন। তবে আমি লড়াইয়ে টিকে ছিলাম। আমি আক্রমণাত্মক খেলেছি। সবচেয়ে কঠিন মুহূর্তগুলোতে আমি বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছি।’

কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে স্প্যানিশ তারকা চতুর্থ রাউন্ডে মুখোমুখি হবেন আমেরিকার টমি পলের, যিনি তৃতীয় রাউন্ডে ৬-৪, ৩-৬, ৬-৭ (৪/৭), ৬-১, ৬-৩ গেমে হারিয়েছেন ১৫তম বাছাই, কাজাখ প্রতিযোগী আলেক্সান্দার বুবলিককে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত