Ajker Patrika

হল অব ফেমে কাঁদতে কাঁদতে যা বললেন ফেদেরার

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ১৬: ৪৪
হল অব ফেমে কাঁদতে কাঁদতে যা বললেন ফেদেরার
কান্নায় ভেঙে পড়লেন রজার ফেদেরার। ছবি: সংগৃহীত

মাঠে আবেগে কেঁদে ফেলা রজার ফেদেরারের কাছে নতুন কিছু নয়। এবারও তিনি কাঁদলেন। তবে উপলক্ষটা ভিন্ন। হল অব ফেমে জায়গা পাওয়ায় চোখের পানি ধরে রাখতে পারেননি সুইস এই টেনিস কিংবদন্তি।

যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের নিউপোর্টে গতকাল আন্তর্জাতিক টেনিসের হল অব ফেমে ভূষিত হলেন ফেদেরার। মঞ্চে দাঁড়িয়ে কথা বলবেন কী করে, চোখের পানি মুছতেই মুছতেই গেছে সময়। ভক্ত-সমর্থক, সতীর্থদের কাছ থেকে এমন সম্মান-ভালোবাসা পেয়ে রীতিমতো অভিভূত তিনি। সুইস এই টেনিস কিংবদন্তি বলেন, ‘‘এটি আমার জীবনের অন্যতম সেরা সম্মান। তাঁরা এটিকে ‘হল অব ফেম’ বলেন। কিন্তু খ্যাতি কখনোই আমার লক্ষ্য ছিল না। আমার লক্ষ্য ছিল এমন কিছু করে জীবন কাটানো, যেটাকে আমি ভালোবাসি। যাদের আমি ভালোবাসি, তাদের সঙ্গে সেই ভালোবাসার কাজটি ভাগ করে নেওয়া।’’

২০২২ সালে টেনিস থেকে অবসর নিয়েছেন ফেদেরার। দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে ২০টি গ্র্যান্ড স্লাম জিতেছেন তিনি। এ ছাড়া মাস্টার্স কাপের শিরোপা জিতেছেন আটবার। ২০ বছরের ক্যারিয়ারে গড়েছেন অসংখ্য রেকর্ডও। উইম্বলডন, ইউএস ওপেন, ফ্রেঞ্চ ওপেন, অস্ট্রেলিয়ান ওপেন—এই চার গ্র্যান্ড স্লামের চারটির ফাইনালেই খেলেছেন তিন মৌসুমে। এক মৌসুমে দুই বা ততোধিক গ্র্যান্ড স্লাম জিতেছেন চারবার।

গতকাল হল অব ফেমের অনুষ্ঠানে ফেদেরার পরিসংখ্যান ছাপিয়ে তাঁর খেলোয়াড়ি জীবনের কিছু স্মৃতিচারণও করেছেন। ৪৫ বছর বয়সী টেনিস তারকা বলেন, ‘মেজর শিরোপার সংখ্যা বা বিশ্বের এক নম্বরে থাকার সপ্তাহের মতো প্রচলিত পরিসংখ্যানের কথা বলছি না। আমি এমন সংখ্যার কথা বলছি, যেগুলো আসলে একটি ছবি তুলে ধরে। ১৯৯৮ সাল থেকে—যখন আমি প্রথম এটিপি ট্যুরে খেলতে শুরু করি, তখন থেকে ২০২২ সালে অবসর নেওয়া পর্যন্ত পাঁচ হাজারেরও বেশি হেডব্যান্ড পরেছি। যা (বিয়র্ন) বোর্গ ও (জন) ম্যাকএনরোর মিলিত সংখ্যার চেয়েও বেশি।’

শুধু হেডব্যান্ড পরার মতো চমকের কথা নয়, গতকাল আরও একটি সংখ্যার কথা বলে ফেদেরার উপস্থিত সবাইকে চমকে দিয়েছেন। সুইস টেনিস তারকা বলেন, ‘যদি এটাকেও (পাঁচ হাজারের বেশি হেডব্যান্ড) চমকপ্রদ মনে হয়, তাহলে বলব, আমি সম্ভবত সাত হাজার জোড়ারও বেশি মোজা পরেছি। আমার অধিকাংশ প্রতিপক্ষের তুলনায় এটা সম্ভবত দ্বিগুণেরও বেশি। কারণ’ আমি একসঙ্গে দুই জোড়া মোজা পরতাম।’

২০ গ্র্যান্ড স্লামের মধ্যে ফেদেরার আটবার জিতেছেন উইম্বলডনের শিরোপা। পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছেন ইউএস ওপেনে। অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতেছেন ছয় ও একবার। তবে সর্বোচ্চ গ্র্যান্ড স্লামের তালিকায় সুইস টেনিস কিংবদন্তি আছেন তিনে। সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্লাম জিতেছেন নোভাক জোকোভিচ। এই তালিকায় দুইয়ে থাকা রাফায়েল নাদালের রয়েছে ২০ গ্র্যান্ড স্লাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত