Ajker Patrika

কিংসের জন্য সময় বাড়াল বাফুফে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ২০: ৫৭
কিংসের জন্য সময় বাড়াল বাফুফে
কিংসের সময় বাড়িয়ে দিয়েছে বাফুফে। ছবি: সংগৃহীত

ক্লাব লাইসেন্সিংয়ের জন্য বসুন্ধরা কিংসকে আরও চার দিন সময় দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফিফার নিষেধাজ্ঞা থাকায় নির্ধারিত সময়ের মধ্যে লাইসেন্সিং প্রক্রিয়া শেষ করতে পারেনি গত মৌসুমের বাংলাদেশ ফুটবল লিগের চ্যাম্পিয়নরা।

ক্লাব লাইসেন্সিংয়ের শেষ দিন ছিল আজ। কিংসের ওপর ফিফার চারটি নিষেধাজ্ঞা থাকায় তারা লাইসেন্সিং করতে পারেনি। তবে সংশ্লিষ্ট খেলোয়াড়দের বকেয়া পাওনা পরিশোধ করেছে ক্লাবটি। নিষেধাজ্ঞা প্রত্যাহারের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হতে আরও দুই থেকে তিন কর্মদিবস লাগতে পারে।

এ কারণে কিংসকে ১ সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছে বাফুফে। এই সময়ের মধ্যে ফিফার নিষেধাজ্ঞা উঠে গেলে ক্লাব লাইসেন্সিং সম্পন্ন করতে পারবে তারা। বাফুফের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

ক্লাব লাইসেন্সিংয়ের সময় বাড়ানো হলেও দলবদলের সময়সীমায় কোনো পরিবর্তন আসছে না। ৩ সেপ্টেম্বরই শেষ হবে ঘরোয়া ফুটবলের দলবদল। এরপর আর সময় বাড়ানোর সুযোগ নেই বলে জানিয়েছে বাফুফে।

ফিফার নিষেধাজ্ঞায় থাকা ফকিরেরপুল ইয়ংমেন্সও এখনো লাইসেন্সিং করতে পারেনি। গত মৌসুমে বাংলাদেশ ফুটবল লিগ থেকে অবনমিত হলেও নতুন মৌসুমে তাদের খেলার সুযোগ দিয়েছে বাফুফে। ক্লাবটির ওপর থাকা দুটি নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রক্রিয়া চলছে। সংশ্লিষ্ট দুই খেলোয়াড়ের সঙ্গে চুক্তিও করেছে তারা। তবে চুক্তি অনুযায়ী অর্থ পরিশোধের ব্যাংক নথি এখনো বাফুফের কাছে জমা দেয়নি ফকিরেরপুল।

কিংস অবশ্য প্রায় এক সপ্তাহ আগেই খেলোয়াড়দের পাওনা পরিশোধ করে ব্যাংকের নথি বাফুফেকে দিয়েছে। এখন ফিফার আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হওয়ার অপেক্ষা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত