
বাংলাদেশ সিরিজের দল ঘোষণার পর থেকেই আলোচনায় নিউজিল্যান্ড। দ্বিতীয় সারির দল নিয়ে এলেও প্রধান কোচ ফিল সিমন্স এবং ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ কিউইদের হালকাভাবে নিচ্ছেন না। নিউজিল্যান্ডের অবশ্য নিজেদের দল নিয়ে নয়। সফরকারীরা বেশি ভাবছে বাংলাদেশের আবহাওয়া নিয়ে।
বিদ্যুৎ বাঁচাতে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময় পরিবর্তন করা হয়েছে। তিনটি ওয়ানডেই শুরু হবে সকাল ১১টায়। প্রচণ্ড দাবদাহে খেলাটা যে কঠিন হবে, গতকাল নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টারের কথাতেই বোঝা গেছে। আজ দলটির ওয়ানডে অধিনায়ক টম লাথাম জানিয়েছেন, ভ্যাপসা গরমে খেলাটাই তাদের কাছে চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘গরমের কথা বললে নিউজিল্যান্ডের তুলনায় এখানকার আবহাওয়া সম্পূর্ণ ভিন্ন। আমাদের দ্রুত এই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে। সতেজ থাকা এবং পুরো ১০০ ওভার লড়াই করতে শরীরকে প্রস্তুত রাখাটাই এখন বড় ফ্যাক্টর।’
সবশেষ পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়ে নাহিদ রানা অসামান্য অবদান রেখেছেন। ৩ ম্যাচে ৮ উইকেট নিয়ে হয়েছেন সিরিজসেরা। শুধু এখানেই শেষ নয়, পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) গতির ঝড়ে কাঁপিয়ে দিয়েছেন। পেশোয়ার জালমির জার্সিতে ৪ ম্যাচে ৫.৪২ ইকোনমিতে নিয়েছেন ৭ উইকেট। যার মধ্যে এক ম্যাচে ৪ ওভারে ৭ রানে নিয়েছেন ৩ উইকেট।
রানার পাশাপাশি মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলামও পিএসএলে দুর্দান্ত বোলিং করেছেন। বাংলাদেশের পেসারদের মোকাবিলা করাটা চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন লাথাম। নিউজিল্যান্ডের ওয়ানডে অধিনায়ক বলেন, ‘বাংলাদেশের পেস আক্রমণ এখন বেশ অভিজ্ঞ। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানারা গত কয়েক বছরে নিজেদের সামর্থ্য প্রমাণ করেছে। বিশেষ করে রানা গত কয়েক সিজনে যেভাবে বল করছে, তা নজরকাড়া। আমরা তাদের নিয়ে আলাদাভাবে প্রস্তুতি নিয়েছি।’
১৭ ও ১৯ এপ্রিল প্রথম দুই ওয়ানডে হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। মিরপুরে খেলা হলেই আলোচনায় থাকে উইকেট। গত বছরের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে স্পিনবান্ধব উইকেট বানিয়ে বিদ্রুপের শিকার হয়েছিল বাংলাদেশ। আর এ বছরে বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজে পেস-স্পিনের ভারসাম্য দেখা গেছে।
আগামীকাল শুরু হতে যাওয়া বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজে স্পিনবান্ধব উইকেট হবে বলে ধারণা লাথামের। কিউই অধিনায়ক বলেন, ‘পিচ দেখে ভালো মনে হচ্ছে, তবে এখানে স্পিন বড় ভূমিকা রাখবে। বাংলাদেশ এই মুহূর্তে ঘরের মাঠে অত্যন্ত শক্তিশালী। আমাদের তাই কঠিন চ্যালেঞ্জের মুখেই পড়তে হবে।’
বাংলাদেশ সিরিজের দলে থাকা সবচেয়ে বেশি ১৬৯ ওয়ানডে খেলার অভিজ্ঞতা রয়েছে লাথামের। এই সিরিজে আর কোনো ক্রিকেটারই ১০০ ম্যাচ খেলেননি। মুহাম্মদ আব্বাস, আদিত্য অশোকরা গত বছর বাংলাদেশে খেলে গেলেও সেই সিরিজটি ছিল ‘এ’ দলের। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁদের পথচলাটাও বেশি দিনের নয়। এ প্রসঙ্গে লাথাম বলেন, ‘আমাদের দলে কিছু তরুণ আছে যারা এই কন্ডিশনে খুব বেশি খেলেনি। সিনিয়র হিসেবে আমার দায়িত্ব হলো তাঁদের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করা। আমি চাই ছেলেরা নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে যেভাবে সাবলীল খেলে, এখানেও যেন সেই স্কিলটা কাজে লাগাতে পারে।’
আইপিএল-পিএসএলের কারণে মিচেল স্যান্টনার, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, রাচীন রবীন্দ্রদের মতো তারকাদের ছাড়াই বাংলাদেশ সিরিজ খেলতে এসেছে নিউজিল্যান্ড। ঘরের মাঠে টানা দুই সিরিজ জেতা বাংলাদেশের বিপক্ষে তুলনামূলক অনভিজ্ঞ ক্রিকেটারদের নিয়েই সিরিজ জেতা সম্ভব বলে মনে করেন লাথাম। কিউই অধিনায়ক আজ সংবাদ সম্মেলনে বলেন, ‘নিউজিল্যান্ডকে প্রতিনিধিত্ব করা সবসময়ই গর্বের। আমাদের লক্ষ্য হলো প্রতিটি ম্যাচ থেকে শিক্ষা নেওয়া এবং পরিকল্পনার সঠিক বাস্তবায়ন করা। আমরা লড়াইয়ের জন্য মুখিয়ে আছি।’

বিদেশে যাওয়ার আগে দেশের মাটিতেও হবে প্রস্তুতির একটি অংশ। ফাহাদ করিম জানান, চট্টগ্রামে ১০ দিনের একটি ক্যাম্প করার কথা রয়েছে বাংলাদেশ দলের। চট্টগ্রাম থেকে ফিরে ঢাকায় দুই দিন অনুশীলন শেষে দেশের বাইরের উদ্দেশ্যে উড়াল দেবেন ঋতুপর্ণা-মারিয়ারা । চীন কিংবা থাইল্যান্ড—যেখানেই ক্যাম্প হোক না কেন, সেখান থেকে আ
১৩ মিনিট আগে
গত ৯ এপ্রিল বাফুফে নতুন কোচের জন্য বিজ্ঞপ্তি দিয়েছিল। ধারণা করা হচ্ছে, প্রিমিয়ার লিগের তারকা হামজা চৌধুরী বাংলাদেশ দলের হয়ে খেলার প্রক্রিয়া শুরু করায় বিশ্বজুড়ে কোচদের মধ্যে এই পদের গুরুত্ব বহুগুণ বেড়ে গেছে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কার কাঁধে ওঠে জাতীয় দলের দায়িত্ব।
১ ঘণ্টা আগে
তবে তামিম অনুষ্ঠানে বুলবুলের প্রতি কৃতজ্ঞতা জানান। যাঁরা ছিলেন না ক্যাপ্টেনস কার্ড অনুষ্ঠানে, তাঁদের উদ্দেশে বিসিবি সভাপতি বলেন, ‘কার্ডগুলো আপনাদের জন্য রেডি আছে। যখনই আপনারা আসবেন, যখনই আপনারা দেশে থাকবেন, প্লিজ কার্ডগুলো আমাদের কাছ থেকে গ্রহণ করবেন। এটা বিসিবিতে আপনাদের সবার জন্য সব সময় প্রস্তুত থ
১ ঘণ্টা আগে
এক মাস বিরতির পর মাঠে নামছে বাংলাদেশ। মিরপুরে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডে। বাংলাদেশ থেকে তো বটেই, বিশ্বের অন্যান্য প্রান্ত থেকেও এই সিরিজ দেখার ব্যবস্থা রয়েছে।
৫ ঘণ্টা আগে