Ajker Patrika

ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার অবিশ্বাস্য ড্র, লাভ বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ১৭: ৫৮
ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার অবিশ্বাস্য ড্র, লাভ বাংলাদেশের
প্রথম ইনিংসে ১০৩ রানের পর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করেছেন সোনাল দিনুশা। দ্বিতীয় ইনিংসে তাঁর ১৩৩ রানের বীরত্বপূর্ণ ইনিংসে কলম্বো টেস্ট ড্র করে শ্রীলঙ্কা। ছবি: ক্রিকইনফো

১৬ রানে ৬ উইকেট—কলম্বো টেস্টের প্রথম চার দিন শেষে শ্রীলঙ্কার স্কোরটা কাগজে-কলমে এমনই ছিল। কারণ, লঙ্কানরা প্রথম ইনিংসে পিছিয়ে ছিল ২১৩ রানে। এমন অবস্থায় ভারতের জয়টা কেবল সময়ের ব্যাপার মনে হচ্ছিল। কিন্তু কলম্বোতে ‘এসএসসি’ পরীক্ষায় দারুণভাবে পাস করেছে শ্রীলঙ্কা। নিশ্চিত হেরে যাওয়া ম্যাচ ড্র করল লঙ্কানরা।

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) সিরিজের দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কাকে হারালেই ভারত আরেক ধাপ এগিয়ে যেত। ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের পয়েন্ট টেবিলে পাঁচ থেকে চারে উঠত শুবমান গিলের নেতৃত্বাধীন ভারত। কিন্তু ড্র হওয়ায় ভারত থেকে গেছে পাঁচ নম্বরেই। তাদের সফলতার হার ৫১.৫২ শতাংশ। তাতে উপহার হলো বাংলাদেশেরই। নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের দল ৫৩.৩৩ শতাংশ সফলতার হার নিয়ে চারে অবস্থান করছে। ৬ ম্যাচে ৩ জয়, ১ ড্র ও ২ হারে বাংলাদেশের পয়েন্ট এখন ৪০।

২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের পয়েন্ট টেবিল। ছবি: ক্রিকইনফো
২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের পয়েন্ট টেবিল। ছবি: ক্রিকইনফো

লঙ্কানরা যখন আজ কলম্বোতে পঞ্চম দিনের খেলা শুরু করে, তখন তাদের নামের পাশে ৭২.৪ ওভারে ৬ উইকেটে ২২৯ রান। এমন অবস্থায় কেশারা নুয়ান্তা ও সোনাল দিনুশা সাবলীলভাবে এগোতে থাকেন। যদিও কয়েকবার আউটের সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে ভাগ্যের ছোঁয়ায় অনেকবার বল লঙ্কান ব্যাটারদের কানায় লেগে পড়েছে নোম্যানস ল্যান্ডে।

আবার ১০৪তম ওভারের তৃতীয় বলে নুয়ান্তার বিপক্ষে রবীন্দ্র জাদেজার এলবিডব্লুর জোরালো আবেদনে আম্পায়ার আহসান রাজা আঙুল তুলে দেন। নুয়ান্তা রিভিউ নিয়ে বেঁচে যান। তখন তাঁর রান ৪৬। শ্রীলঙ্কার স্কোর ৬ উইকেটে ৩২৯ রান। ১০৪তম ওভার শেষ হতেই লাঞ্চ বিরতিতে যায় লঙ্কানরা। তবে দ্বিতীয় সেশন শুরু হতেই তাড়াতাড়ি আউট হয়ে যান নুয়ান্তা। ১০৫তম ওভারের চতুর্থ বলে নুয়ান্তাকে (৪৬) ফেরান মানব সুথার। স্লিপে ধ্রুব জুরেল দুর্দান্ত ক্যাচ ধরলে ভেঙে যায় সপ্তম উইকেটে দিনুশা-নুয়ান্তার ২৪৬ বলে ১১২ রানের জুটি।

নুয়ান্তা আউট হওয়ার পর দ্রুত বিদায় নেন প্রবাথ জয়াসুরিয়া। ১১৭তম ওভারের তৃতীয় বলে জয়াসুরিয়াকে (২) ফেরান জাদেজা। স্লিপে আরও একটা দুর্দান্ত ক্যাচ ধরেন জুরেল। দ্রুত ২ উইকেট হারিয়ে ১১৬.৩ ওভারে ৮ উইকেটে ৩৫৫ রানে পরিণত হয় শ্রীলঙ্কা। একপ্রান্ত আগলে রেখে ভারতীয় বোলারদের ধৈর্যের পরীক্ষা নিতে থাকেন দিনুশা। নবম উইকেট জুটিতে লাহিরু কুমারা ও দিনুশা ৪৭ রান যোগ করলেও তাঁরা খেলেছেন ১৭০ বল।

কুমারা আউট হলেও দিনুশা মাটি আঁকড়ে খেলে যান। দিনুশা তুলে নেন টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। এই তিন সেঞ্চুরি এসেছে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজেই। এবারও তিন অঙ্ক ছোঁয়ার পর হেলমেট-ব্যাট উঁচিয়ে দর্শকদের অভিনন্দনের জবাব দিয়েছেন তিনি।

১৫৪তম ওভারের শেষ বলে জুরেলকে কাভারে পুশ করেও সিঙ্গেল নেননি আসিতা ফার্নান্দো। দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ৪২৯ রান করার পর শ্রীলঙ্কার দুই ব্যাটার আসিতা ও দিনুশা করমর্দন করেন ভারতের ক্রিকেটারদের সঙ্গে। দিনুশা এবার ২৬৪ বলে ৮ চার ও ২ ছক্কায় ১৩৩ রান করে অপরাজিত থাকেন।

এর আগে টস জিতে আগে ব্যাটিং নিয়ে ভারত প্রথম ইনিংসে ৯ উইকেটে ৫০৩ রানে ইনিংস ঘোষণা করেন। দেবদূত পাড়িক্কাল ও ধ্রুব জুরেল করেন ১১৭ ও ১১৫ রান। যাঁদের মধ্যে জুরেল থাকেন অপরাজিত। শ্রীলঙ্কা এরপর নিজেদের প্রথম ইনিংসে ২৯০ রানে গুটিয়ে যায়। ২১৩ রানে এগিয়ে থাকা ভারত এরপর ফলোঅনে পাঠায় লঙ্কানদের। জয়ের আশাতে গিল এমন সিদ্ধান্ত নিলেও তা ভেস্তে গেছে। উল্টো দ্বিতীয় ইনিংসে ২১৬ রানের লিড পেয়েছে লঙ্কানরা।

কলম্বোতে দ্বিতীয় টেস্টে বীরত্বপূর্ণ ড্রয়ে ম্যাচসেরা হয়েছেন দিনুশা। প্রথম ইনিংসে ১০৩ রানের পর দ্বিতীয় ইনিংসে ১৩৩ রান করে অপরাজিত থাকেন। এই ম্যাচ ড্র হওয়ায় ভারত ১-০ ব্যবধানে সিরিজ জিতেছে। ৩২৮ রান করে সিরিজসেরার পুরস্কার পেয়েছেন পাড়িক্কাল। দ্বিতীয় টেস্টে ড্র করেও ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ছয় নম্বরেই থেকে গেল শ্রীলঙ্কা। লঙ্কানদের সফলতার হার ৩৩.৩৩ শতাংশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত