
শ্রীলঙ্কা, পাকিস্তান, নেদারল্যান্ডস—লিটন দাসের নেতৃত্বে টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতেই যখন হবে এশিয়া কাপ, তখন এই সংস্করণে হ্যাটট্রিক সিরিজ জয় নিঃসন্দেহে বাংলাদেশকে অনেক বেশি আত্মবিশ্বাসী করবে। কিন্তু আকাশ চোপড়ার মতে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে বেশি দূর যেতে পারবে না।
এবারের এশিয়া কাপে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। আকাশ আজ নিজের ইউটিউব চ্যানেলে বাংলাদেশ দল নিয়ে আলাপ-আলোচনা করতে গিয়ে এই গ্রুপকে ‘মৃত্যুকূপ’ বলেছেন। শ্রীলঙ্কাকে কদিন আগে তাদের মাঠে হারালেও ২০২২ সালে লঙ্কানরাই গ্রুপ পর্ব থেকে ছিটকে দিয়েছিল বাংলাদেশকে। তিন বছর আগে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপে আফগানদের কাছেও হেরেছিল বাংলাদেশ। এবার আমিরাতে এশিয়া কাপ শুরুর আগে শারজায় রশিদ খানের নেতৃত্বাধীন আফগানিস্তান কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিচ্ছে পাকিস্তান-আরব আমিরাতের বিপক্ষে সিরিজ খেলে। মোহাম্মদ নবী, রশিদ, নুর আহমদদের ঘূর্ণিতে প্রতিপক্ষ রীতিমতো চোখে সর্ষেফুল দেখছে।
টি-টোয়েন্টিতে কোনো দলকে হালকাভাবে দেখার সুযোগ নেই—আকাশ এই বাস্তবতাকে স্বীকার করছেন ঠিকই। তবে এবারের এশিয়া কাপে বাংলাদেশ বেশি ভালো করতে পারবে বলে মনে করেন না ভারতীয় এই ক্রিকেট বিশেষজ্ঞ। আকাশ আজ বলেছেন, ‘সুযোগ অনেক থাকলেও সত্যি বলতে তাদের সম্ভাবনা অনেকটাই কম। যদিও টি-টোয়েন্টিতে কোনো দলকে আগেভাগে বাতিলের খাতায় ফেলা যায় না। আমার মতে তারা কোথাও না কোথাও ধরা খাবে। আফগানিস্তান-শ্রীলঙ্কা এই গ্রুপ থেকে উঠবে। তাই বাংলাদেশের গল্প লিগ পর্যায়ে শেষ হয়ে যেতে পারে।’
২০০৭ ওয়ানডে বিশ্বকাপে ভারতকে গ্রুপ পর্বে বিদায় করে দিয়েছিল বাংলাদেশ। ৮ বছর পর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে (২০১৫) ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল বাংলাদেশ। তবে গত তিন বছরে মেজর টুর্নামেন্টে বলার মতো কিছুই নেই বাংলাদেশের। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি—কোনো টুর্নামেন্টেই বাংলাদেশ সেমিফাইনালে খেলতে পারেনি। মেজর ইভেন্টে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে আকাশ বলেন, ‘তাদের (বাংলাদেশ) হারানোর কিছু নেই। কিন্তু তারা বহুজাতীয় টুর্নামেন্টে দীর্ঘদিন ধরে ভালো খেলছে না। তারা আমাদের ২০০৭ সালে গ্রুপ থেকেই ছিটকে দিয়েছিল। বৈশ্বিক টুর্নামেন্টে নিয়মিত খেলে। কিন্তু তেমন প্রতিদ্বন্দ্বী মনে করার কোনো সুযোগ নেই।’
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ২১৫ রান বাংলাদেশ করেছিল ২০১৮ নিদহাস ট্রফিতে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে। গত দুই মাসে তিনটি টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ জিতেছে ঠিকই। কিন্তু তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন, জাকের আলী অনিক ছাড়া আর কাউকে সে অর্থে জ্বলে উঠতে দেখা যায়নি। আকাশের মতে প্রতিপক্ষ একবার আক্রমণ শুরু করলে বাংলাদেশের হা করে তাকিয়ে ছাড়া কোনো উপায় নেই। ভারতীয় ক্রিকেট বিশেষজ্ঞ বলেন, ‘২০২৫ সালে খেয়াল করলে দেখবেন, খুব কম ব্যাটারেরই স্ট্রাইকরেট ১৫০-এর কাছাকাছি। দুই একজনের স্ট্রাইকরেট ১৪০-এর বেশি। ২১০-২২০ করার মতো দল না তারা (বাংলাদেশ)। ১৬০-১৮০ এর মতো স্কোর করতে পারে সহজে। যদি প্রতিপক্ষ দল বেধড়ক পেটায়, তাদের উত্তর দেওয়ার মতো কিছু থাকবে না।’
বাংলাদেশ সবশেষ দুটি সিরিজ ঘরের মাঠে জিতেছে পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে। যার মধ্যে সালমান আলী আগার নেতৃত্বাধীন পাকিস্তান ২-১ ব্যবধানে সিরিজ হারার পর মিরপুরের উইকেটের কড়া সমালোচনা করেছে। আকাশের মতে মিরপুরে বাংলাদেশ স্পিন আক্রমণ নিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করে। কিন্তু বর্তমান বাস্তবতা বিবেচনায় শক্তিশালী পেস আক্রমণও থাকা দরকার বলে মনে করেন ভারতীয় ক্রিকেট বিশেষজ্ঞ। এখানে তিনি (আকাশ) তাসকিন আহমেদের ভূয়সী প্রশংসা করেছেন। এমনকি নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কা সিরিজে লিটন ম্যান অব দ্য সিরিজ হলেও আকাশ মনে করেন, ১০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে লিটন তেমন কিছুই করতে পারেননি।
৯ সেপ্টেম্বর আবুধাবিতে আফগানিস্তান-হংকং ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপ। টুর্নামেন্টে বাংলাদেশের অভিযান শুরু হবে দুই দিন পর। ১১ সেপ্টেম্বর আবুধাবিতে হংকংয়ের বিপক্ষে এশিয়া কাপে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৩ ও ১৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মুখোমুখি হবেন লিটনরা। এশিয়া কাপে গ্রুপ পর্বের সব ম্যাচই বাংলাদেশ খেলবে আবুধাবিতে।

ব্লেসিং মুজারাবানি ক্যাচ ধরার পর হাত মুঠো করে উদযাপনে ব্যস্ত। মোস্তাফিজুর রহমানকে আউট করার পর বোলার রিচার্ড এনগারাভা শূন্যে কী যেন ইঙ্গিত করেন। হারারের গ্যালারিতে তখন জিম্বাবুয়ের দর্শকদের উচ্ছ্বাস। বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের প্রথম ওয়ানডের সারমর্ম বর্ণনা করতে এটুকুই যথেষ্ট। ব্যাটিং ব্যর্থ
২ ঘণ্টা আগে
নিউইয়র্কে গত রাতে পেনাল্টি থেকে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করেও নেইমারের ছিল না কোনো উদযাপন। কারণ, তখন খেলা তো প্রায় শেষের দিকে। নেইমারের এই গোল শুধু হারের ব্যবধানই কমাতে পেরেছে। শেষ পর্যন্ত নরওয়ের কাছে ২-১ গোলে হেরে শেষ ষোলো থেকেই বিদায়ঘণ্টা বেজে গেছে ব্রাজিলের।
২ ঘণ্টা আগে
শেষ ষোলোতে তারকা এক ফুটবলারকে ছাড়াই মাঠে নামতে হতো যুক্তরাষ্ট্রকে। আগামীকাল সিয়াটলে বাংলাদেশ সময় সকালে হতে যাওয়া ম্যাচে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ বেলজিয়াম। কিন্তু নকআউট পর্বের ম্যাচের আগমুহূর্তে বদলে গেল সিদ্ধান্ত। তাতে তোপের মুখে পড়েছে ফিফা।
৩ ঘণ্টা আগে
গতির পাশাপাশি বাউন্সারে ব্যাটারদের ভড়কে দিয়ে বিশ্ব ক্রিকেটে আলোড়ন তুলেছেন নাহিদ রানা। পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর এবার জিম্বাবুয়েও টের পেল রানার আগুন। হারারেতে আজ প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে শুধু ধসিয়েই দেননি। নাম লিখিয়েছেন রেকর্ড বইয়ে।
৫ ঘণ্টা আগে