
এদেরসনের জন্য ব্রাজিলের বিশ্বকাপ দলে ডাক পাওয়ার বিষয়টি ছিল একেবারেই অপ্রত্যাশিত। মৌসুম শেষে নিজের শহরে ছুটি কাটাচ্ছিলেন, বন্ধুদের সঙ্গে সময় উপভোগ করছিলেন। কিন্তু এক ফোনকলে বদলে যায় সবকিছু। জাতীয় দলে সুযোগ পাওয়ার আনন্দের পাশাপাশি শুরু হয় পাসপোর্ট আর প্রয়োজনীয় জিনিসপত্র জোগাড়ের হুড়োহুড়ি।
চোটের কারণে ছিটকে যাওয়া ওয়েসলির বদলি হিসেবে রোববার আতালান্তার মিডফিল্ডার এদেরসনকে বিশ্বকাপ দলে ডাকেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। তবে এই ডাক যে আসবে, তা নিজেও কল্পনা করেননি ২৬ বছর বয়সী এই ফুটবলার।
মাতো গ্রোসো দো সুল অঙ্গরাজ্যের কাম্পো গ্রান্দেতে ছুটি কাটাচ্ছিলেন এদেরসন। শনিবার রাতে তিনি মেক্সিকান ক্লাব টাইগ্রেসে খেলা ফুটবলার রোমুলোর বিয়ের অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন। বিশ্বকাপের জন্য ঘোষিত ৫৫ সদস্যের প্রাথমিক তালিকায় তাঁর নাম থাকলেও চূড়ান্ত দলে সুযোগ পাওয়ার আশা ছিল না বললেই চলে।
সেই কারণেই ছুটিতে যাওয়ার সময় পাসপোর্ট সঙ্গে নেননি তিনি। গুরুত্বপূর্ণ সেই নথি পড়ে ছিল রিও ডি জেনেইরোতে। রোববার সকালে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) থেকে ফোন আসে। জানানো হয়, ওয়েসলির পরিবর্তে জাতীয় দলে জায়গা পেয়েছেন তিনি।
প্রথমে আনন্দে ভেসে গেলেও দ্রুতই বাস্তবতার মুখোমুখি হতে হয় এদেরসনকে। জাতীয় দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে যোগ দিতে হলে অল্প সময়ের মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করতে হবে। তাঁর বন্ধুরা পাসপোর্টটি সাও পাওলোতে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেন, যেখান থেকে এদেরসনের নিউ জার্সির ফ্লাইট ধরার কথা। অন্যদিকে এই মিডফিল্ডারের স্ত্রী ব্যস্ত হয়ে পড়েন লাগেজ ও প্রয়োজনীয় পোশাক গোছানোর কাজে।
ডাক পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই অভিনন্দন বার্তার স্রোত নামে। শত শত বার্তার জবাব দিতে দিতেই রোববার দুপুরে কাম্পো গ্রান্দে থেকে সাও পাওলোর উদ্দেশে রওনা হন এদেরসন। সেখান থেকে রাতেই যুক্তরাষ্ট্রের বিমানে ওঠার কথা ছিল তাঁর।
সবকিছু পরিকল্পনামাফিক এগোলে আজ ব্রাজিলের বিশ্বকাপ দলের সঙ্গে যোগ দেবেন এদেরসন এবং বিকেলে অংশ নেবেন প্রথম অনুশীলনে। আগামী ১৪ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সেই অভিযানে শেষ মুহূর্তের এই অপ্রত্যাশিত ডাক এদেরসনের ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় অধ্যায় হয়েই থাকবে।

বেঙ্গালুরু থেকে নিউ চন্ডীগড়—দূরত্ব প্রায় ২৪০০ কিলোমিটার। দীর্ঘ এই দূরত্ব এক সুতোতে মিলিয়ে দিয়েছে ভারত-আফগানিস্তান। এই আফগানিস্তান যেন টেস্টে ভারতের সবচেয়ে সহজ প্রতিপক্ষ। এখন পর্যন্ত যে দুই টেস্টে তারা মুখোমুখি হয়েছে, দুটিতেই ইনিংসে জিতেছে ভারত।
৮ ঘণ্টা আগে
জমে উঠেছে ২০২৬ ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। কে জিতবে শিরোপা, তা জানতে অপেক্ষা করতে হবে শেষ দিন পর্যন্ত।
৮ ঘণ্টা আগে
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) চলতি মৌসুমে উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছিলেন জাকির হাসান। আট ইনিংসের মধ্যে তিনটিতে পঞ্চাশ পেরিয়েছেন। যাঁর মধ্যে একটি সেঞ্চুরিও রয়েছে। ঘরোয়া ক্রিকেটের এই ফর্মটা টেনে নিয়ে গেলেন জিম্বাবুয়ের বিপক্ষেও। তাঁর সেঞ্চুরিতে উড়ন্ত জয় পেয়েছে বাংলাদেশ।
৯ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের ২৪ ঘণ্টা এখনো পেরোয়নি। এরই মধ্যে পদত্যাগ করলেন মীর শাকরুল আলম সীমান্ত নামে এক পরিচালক।
১০ ঘণ্টা আগে