
লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ব্যাটিং ধসের পর তোপের মুখে পড়েছেন বাবর আজম। দলের অধিনায়ক ও সেরা ব্যাটারকে নিয়ে কঠোর সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী। কঠিন সময়ে দলের জন্য পারফর্ম করতে না পারলে শুধু জনপ্রিয়তার জোরে মহান খেলোয়াড় হওয়া যায় না বলে মন্তব্য করেছেন তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে ১৯৪ রানে হেরে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হাতছাড়া করেছে পাকিস্তান। ৩৮৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৯৪ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। দুই ইনিংসের বাবরের ব্যাট থেকে আসে যথাক্রমে ৮ ও ৬ রান।
হাতে চোটের কারণে প্রথম টেস্ট খেলতে পারেননি বাবর। ফিট হয়ে ফিরেছিলেন দ্বিতীয় টেস্টে। তবে প্রত্যাবর্তনের ম্যাচেই পাকিস্তানের প্রয়োজনের মুহূর্তে বড় ইনিংস খেলতে ব্যর্থ হন তারকা এই ব্যাটার।
বাসিতের মতে, প্রকৃত মহান ক্রিকেটাররা কঠিন সময়ে নিজেদের পারফরম্যান্স দিয়েই পরিচিতি তৈরি করেছেন। এ সময় তিনি পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার মাজিদ খান, জহির আব্বাস, জাভেদ মিয়াঁদাদ, ইনজামাম-উল-হক, ইউনিস খান ও সাঈদ আনোয়ারের নাম উল্লেখ করেন।
দ্য গেম প্ল্যান অনুষ্ঠানে বাবরকে ইঙ্গিত করে বাসিত বলেন, ‘কঠিন সময়ে যদি কিছুই করতে না পারো, তাহলে লাভ কী? তোমার ভক্তদের কাছে তুমি মহান খেলোয়াড়। সোশ্যাল মিডিয়ার সামনে তুমি মহান খেলোয়াড়।’
এরপর সরাসরি বাবরের নাম উচ্চারণ করে তাঁর টেস্ট পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তোলেন বাসিত। ২০২২ সালের ডিসেম্বরে করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৬১ রানের ইনিংসের পর বাবর আর কোনো টেস্ট সেঞ্চুরি করতে পারেননি—সেই প্রসঙ্গ তুলে বাসিত বলেন, ‘কবে করবে (সেঞ্চুরি)? আমি বাবরের কথাই বলছি। আমি তার নামই নেব। চার বছর ধরে সে (টেস্টে) কোনো সেঞ্চুরি করতে পারেনি। কবে করবে?’
দলের ব্যাটিং অনেকাংশে বাবরের ওপর নির্ভরশীল উল্লেখ করে তাঁর আউট হওয়ার ধরন নিয়েও হতাশা প্রকাশ করেন বাসিত, ‘এটা কষ্টের বিষয়। যখন পুরো দেশের ব্যাটিং তোমার ওপর নির্ভর করে। অন্তত এমন শট খেলে আউট হয়ো না।’
তবে শুধু বাবর নন, লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের অন্যান্য ব্যাটারদেরকেও ধুঁয়ে দিয়েছেন বাসিত। সৌদ শাকিল ৯৭ রান করে পাকিস্তানের হয়ে সবচেয়ে বড় প্রতিরোধ গড়লেও তাঁর আউট হওয়ার শট পছন্দ হয়নি বাসিতের। তিনি বলেন, ‘সৌদের (শাকিল) শট নিয়েও আমি সন্তুষ্ট নই। তুমি পাঁচজন ফিল্ডারকে ফাঁকি দিয়ে এগিয়েছ, আর এমন একটা শট খেলছ।’
মাত্র ১ রান করে আউট হওয়া মোহাম্মদ রিজওয়ানের কঠোর সমালোচনা করে বাসিত বলেন, ‘রিজওয়ান কী শট খেলল? তার কি কোনো বুদ্ধিবোধ নেই? সে কি টেস্ট ম্যাচ খেলছে, নাকি রাস্তার ক্রিকেট?’

লর্ডস টেস্টের একাদশে থাকলেও খেলারই সুযোগ পাননি ইমাম-উল-হক। মাংসপেশির চোটে পড়ায় কোনো ইনিংসেই ব্যাটিংয়ে নামতে পারেননি তিনি। তবে তাঁর চোট নিয়ে তৈরি হয়েছে সন্দেহ। বিশেষ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর ওপর ভিত্তি করে সংবাদমাধ্যমে চলছে নানা আলাপ-আলোচনা।
১ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়ার ফুটবলে এখন টালমাটাল অবস্থা। এক নারী রেফারির মন্তব্য ঘিরে চলছে আলোচনা-সমালোচনা। দক্ষিণ কোরিয়ার নারী ফুটবল ফেডারেশন (কেডব্লুএফএফ) এরই মধ্যে তদন্তের ঘোষণা দিয়েছে।
১ ঘণ্টা আগে
মাত্র ১৫ বছর বয়সেই রেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছেন বৈভব সূর্যবংশী। এবার দুলীপ ট্রফিতে অর্ধশতক করে ভেঙে দিলেন ৫৭ বছর ধরে টিকে থাকা একটি রেকর্ড। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে কম বয়সে ফিফটি করার নতুন রেকর্ড এখন এই ব্যাটারের দখলে।
২ ঘণ্টা আগে
ব্যর্থতার চক্রে ঘুরপাক খাচ্ছে পাকিস্তান। হেডিংলির পর লর্ডসেও ভরাডুবি হয়েছে পাকিস্তানের। বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান এক ম্যাচ আগেই সিরিজটা খুইয়ে ফেলল। ভরাডুবির পর খেপেছেন সাবেক ক্রিকেটাররা। এমনকি বর্তমান পাকিস্তান দলকে শুনতে হচ্ছে মেরুদণ্ডহীন শব্দও।
২ ঘণ্টা আগে