Ajker Patrika

এই জাতীয় সংসদ ৫ বছর টিকবে কি না সন্দেহ আছে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ২১: ১০
এই জাতীয় সংসদ ৫ বছর টিকবে কি না সন্দেহ আছে: নাহিদ ইসলাম
আজ রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সংক্ষিপ্ত পথসভায় এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ছবি: আজকের পত্রিকা

ত্রয়োদশ জাতীয় সংসদ মেয়াদ পূর্ণ করতে পারবে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ১৬ বছর পরে যেই সংসদ নির্বাচন হয়েছে, যেই নতুন জাতীয় সংসদ গঠিত হয়েছিল, এই সংসদের মূল্য আর দুই আনাও নাই। এই জাতীয় সংসদ ৫ বছর টিকবে কি না সন্দেহ আছে। কারণ এই জাতীয় সংসদে বিরোধী দলের কথার কোনো মূল্যায়ন নাই। জনগণের কণ্ঠস্বরের কোনো মূল্যায়ন নাই।

আজ শনিবার রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সংক্ষিপ্ত পথসভায় এসব কথা বলেন নাহিদ।

আইনশৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণের প্রতিবাদে ৩০ অক্টোবরের গণবিক্ষোভ কর্মসূচি সফল করার লক্ষ্যে আজ যাত্রাবাড়ী এলাকায় লিফলেট বিতরণ করে কর্মসূচির আয়োজন করে জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর দক্ষিণ শাখা।

লিফলেট বিতরণের আগে সংক্ষিপ্ত পথসভায় নাহিদ ইসলাম বলেন, ‘আমরা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখতে চাই না এবং সেটার জন্য প্রথম পদক্ষেপ হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এই স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা অবস্থায় কোনোভাবেই আইনশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব নয়। দ্বিতীয়ত, জ্বালানি খাতে ব্যর্থতার দায় স্বীকার করে নিয়ে জ্বালানিমন্ত্রীকেও পদত্যাগ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। এই সংবিধান সংশোধন কমিটির নামে যে নাটক চলছে, যে প্রহসন চলছে, এই প্রহসন বন্ধ করতে হবে। এই কমিটিকে জনগণ আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত করেছে।’

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘ঢাকা দক্ষিণের যে প্রশাসক দেওয়া হয়েছে, অবৈধ প্রশাসক। সেই প্রশাসককেই বিএনপির পক্ষ থেকে মেয়র প্রার্থী ঘোষণা করা হলো। এটা কোন ধরনের গণতন্ত্র? এ প্রশাসক কেন নির্বাচনে অংশগ্রহণ করবে? জেলা পরিষদ এবং সিটি করপোরেশনে যত প্রশাসক দেওয়া হয়েছে, তাঁরা কেউ স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর যে বক্তব্য, এই বক্তব্য প্রত্যাহার করতে হবে।’

কর্মসূচিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এনসিপির মেয়রপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী, রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদসহ কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত