Ajker Patrika

জনগণের ভোট ছিনিয়ে নেওয়া হয়েছে: শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ১৬: ৪৫
জনগণের ভোট ছিনিয়ে নেওয়া হয়েছে: শফিকুর রহমান
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। ছবি: আজকের পত্রিকা

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান অভিযোগ করেছেন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জনগণ তাঁদের ভোট দিয়েছে, তবে তা ছিনিয়ে নেওয়া হয়েছে।

রাজধানীর আগারগাঁওয়ে আজ শুক্রবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দলের ঢাকা মহানগর উত্তরের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

শফিকুর রহমান বলেন, ‘জনগণ আমাদের ভোট দিয়েছে, কিন্তু তা ছিনিয়ে নেওয়া হয়েছে। জনগণ আমাদের বলে—ভোট আপনাদের দিয়েছিলাম, কিন্তু আপনারা তা রক্ষা করতে পারলেন না। তখন আমাদের বলতে হয়—আমাদের দুর্বলতা ছিল।’ তিনি আরও বলেন, ‘আল্লাহর শুকরিয়া যে, মানুষ তাঁদের এত ভালোবাসা দিয়েছেন। জাতীয় নির্বাচনে নিজেদের ভুলত্রুটি ও দুর্বলতার জায়গাগুলো চিহ্নিত করা গেছে।’ ভবিষ্যতে যেন ‘একই ভুলের পুনরাবৃত্তি’ না হয়, তিনি দলের নেতা-কর্মীদের সেদিকে সতর্ক থাকার নির্দেশ দেন।

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে যাঁদের প্রার্থী করা হয়েছে, তাঁদের মধ্যে আল্লাহর দেওয়া জ্ঞানের বড় নিয়ামত রয়েছে বলে জানান বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রাচীর গড়ে তুলতে হবে। কোনো চোরকে আর ছাড় দেওয়া হবে না।’

জাতীয় নির্বাচনের ভুলগুলো নিয়ে পর্যালোচনা হয়েছে জানিয়ে জামায়াত আমির বলেন, ‘এবার এগুলোর আলোকে কাজ করলে আশা করি আর ভুল হবে না। এই দেশের জনগণই ঠিক করবে, দেশ কারা পরিচালনা করবে।’

শফিকুর রহমান বলেন, ‘আমরা বসে বসে আর তামাশা দেখব না। আমরা সংগতভাবেই প্রতিবাদ করব এবং যেখানে আমাদের সামর্থ্য হবে, সেখানে প্রতিরোধ গড়ে তুলব। এই দেশ কোরআনের ভিত্তিতে পরিচালিত হবে, ইনশাআল্লাহ।’

সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, মোবারক হোসেনসহ অন্যান্য নেতারাও বক্তব্য দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত