Ajker Patrika

সংবিধান সংশোধন: বিশেষ কমিটির মতবিনিময় সভা থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলনের ওয়াকআউট

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির মতবিনিময় সভা থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলনের ওয়াকআউট

জুলাই জাতীয় সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন না করার প্রতিবাদ জানিয়ে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির মতবিনিময় সভা মাঝপথে বর্জন (ওয়াকআউট) করেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন।

আজ রোববার বেলা আড়াইটার দিকে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে এই মতবিনিময় সভা শুরু হয়। জুলাই সনদে স্বাক্ষরকারী ২৬টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিদের এই বৈঠকে আমন্ত্রণ জানানো হলেও বিরোধী দলগুলো এতে অংশ নেয়নি।

বৈঠকের শুরুতে বিএনপি নেতা নজরুল ইসলাম খান বক্তব্য দেওয়ার পর দলীয় অবস্থান ব্যাখ্যা করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম। আমন্ত্রণের জন্য কমিটিকে ধন্যবাদ জানিয়ে তিনি ও দলের যুগ্ম সাধারণ সম্পাদক দিদার ভূঁইয়া সভা থেকে বের হয়ে আসেন।

গণমাধ্যমকে হাসনাত কাইয়ুম বলেন, জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন না করার প্রতিবাদে আমরা বের হয়ে এসেছি। বের হওয়ার আগে বৈঠকে একটি নির্দিষ্ট দাবি তুলে ধরা হয়েছে জানিয়ে তিনি বলেন, বাস্তবায়নের আদেশে ১৮০ দিনের মধ্যে সংবিধান সংস্কার করার কথা বলা হয়েছিল এবং সেই সময়সীমা এখনো রয়েছে। সবার সঙ্গে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠন করা উচিত।

সংসদ ভবনে আয়োজিত এই গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় বিএনপি নেতা নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভীসহ গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, এনডিএম, আম জনতার দল, ইসলামী ঐক্যজোট, ভাসানী জনশক্তি পার্টি, জাতীয়তাবাদী সমমনা জোট, জমিয়তে ওলামায়ে ইসলাম, গণফোরাম ও গণসংহতি আন্দোলনসহ বিভিন্ন নিবন্ধিত ও জোটভুক্ত দলের প্রতিনিধিরা অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত