বিশ্ব দ্রুত বদলে যাচ্ছে। মানুষের গড় আয়ু বাড়ছে, স্বাস্থ্যসেবার উন্নতি হচ্ছে। সেই সঙ্গে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। একসময় প্রবীণদের শুধু অন্যের ওপর নির্ভরশীল জনগোষ্ঠী হিসেবে দেখা হলেও বর্তমানে বিশ্ব অর্থনীতি তাঁদের নতুন চোখে দেখতে শুরু করেছে। কারণ, প্রবীণেরা শুধু অভিজ্ঞতার ভান্ডার নন, তাঁরা একটি বড় ভোক্তা গোষ্ঠীও। এই প্রবীণ জনগোষ্ঠীকে কেন্দ্র করে যে অর্থনৈতিক কার্যক্রম গড়ে উঠছে, তা-ই সিলভার মার্কেটিং নামে পরিচিত। অনেক অর্থনীতিবিদ এখন মনে করেন, ভবিষ্যৎ অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হবে এটি।
‘সিলভার’ শব্দটি প্রবীণদের ধূসর চুলের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। আর ‘মার্কেটিং’ শব্দটি প্রবীণদের প্রয়োজন, পছন্দ, সামর্থ্য ও জীবনধারাকে পণ্য হিসেবে বাজারজাত করা বোঝায়।
একসময় ব্যবসাপ্রতিষ্ঠানগুলো প্রধানত তরুণদের লক্ষ্য করে পণ্য উৎপাদন করত। তাদের ভাবনা ছিল, তরুণেরাই সবচেয়ে বড় ভোক্তা গোষ্ঠী। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে বিশ্বের বহু দেশের প্রবীণদের কাছে বিপুল পরিমাণ সঞ্চয়, পেনশন ও সম্পদ রয়েছে। তাঁরা ভ্রমণ, চিকিৎসাসেবা, প্রযুক্তি ব্যবহার এবং বিনোদন পেতে চান। ফলে এখন ব্যবসায়ীরা বুঝতে পেরেছেন প্রবীণও ব্যবসার একটা বড় ভোক্তাগোষ্ঠী। তাঁদের উপেক্ষা করা মানে বিশাল বাজার হারিয়ে ফেলা।
এই মার্কেটিং কৌশলের বড় শক্তি হলো প্রবীণদের স্থিরতা। কারণ, তরুণদের মতো তাঁরা হঠাৎ সিদ্ধান্ত বদল করেন না। যে পণ্য ও প্রতিষ্ঠানের ওপর আস্থা তৈরি হয়, সেটা তাঁরা দীর্ঘ সময় ধরে ব্যবহার করেন। এ কারণে ব্যবসায়ীরা তাঁদেরকে বিশ্বস্ত হিসেবে গ্রহণ করতে চান।
বর্তমান বিশ্বে প্রবীণদের জন্য বিশেষ স্বাস্থ্যপণ্য, সহজ প্রযুক্তি, আরামদায়ক বাসস্থান, নিরাপদ ব্যাংকিং সেবা, অবসর ভ্রমণ প্যাকেজ, প্রবীণবান্ধব পরিবহন, হোম কেয়ার সার্ভিস—এমনকি বিশেষ মোবাইল ফোন ও অ্যাপ তৈরি করছে। এ খাতে রয়েছে বিশাল অর্থনৈতিক সম্ভাবনা।
দেশে প্রবীণ মানুষের সংখ্যা বাড়ছে। যদিও আমাদের বাজারব্যবস্থা এখনো তরুণকেন্দ্রিক। তবে প্রবীণদের এই সিলভার মার্কেটিং নিয়ে দেশের ব্যবসায়ীদের ভাবা উচিত।
এখন দেশের অনেক অবস্থাসম্পন্ন প্রবীণ নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন পাওয়ার জন্য নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, নতুন পোশাক ও বই কেনা, ভ্রমণসহ ডিজিটাল ব্যাংকিংয়ের সেবা নিতে আগ্রহী। কিন্তু সেই সুযোগ এখনো দেশের মধ্যে নেই। সে জন্য প্রবীণদের অর্থ যথাযথভাবে খরচ করার জন্য সিলভার মার্কেটিংয়ের দিকে নজর দেওয়া দরকার।
গুরুত্বপূর্ণ বিষয় হলো, সিলভার মার্কেটিং মানে শুধু প্রবীণদের কাছে পণ্য বিক্রি নয়। এটি তাঁদের সম্মান, স্বাচ্ছন্দ্য ও আত্মমর্যাদাকে গুরুত্ব দেওয়ার একটি দৃষ্টিভঙ্গি। বিজ্ঞাপনে প্রবীণদের অসহায় নয়, বরং সক্রিয় ও অভিজ্ঞ মানুষ হিসেবে তুলে ধরা প্রয়োজন। কারণ, ইতিবাচক উপস্থাপনাও বাজারকে প্রভাবিত করতে পারে।
বিশ্বের উন্নত দেশগুলো এখন এই মার্কেটিং পলিসি নিয়ে বড় পরিকল্পনা করছে। বাংলাদেশও যদি এখন থেকে প্রস্তুতি নেয়, তাহলে প্রবীণ জনগোষ্ঠীকে অর্থনীতির বোঝা নয়, বরং সম্পদ হিসেবে গড়ে তোলা সম্ভব।
মনে রাখতে হবে, অর্থনীতির মূল শক্তি মানুষ। আর প্রবীণেরাও সেই শক্তির গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের অভিজ্ঞতা যেমন সমাজকে সমৃদ্ধ করে, তেমনি তাঁদের ভোগ, ক্ষমতা ও বাজারে অংশগ্রহণ অর্থনীতিকে গতিশীল করবে নিশ্চিতভাবে।
হাসান আলী, প্রবীণবিষয়ক সংগঠক ও লেখক

আমরা কি বুঝতে পারছি কী ভয়ানক অনিরাপদ সমাজে বেড়ে উঠছে আমাদের নিষ্পাপ শিশুরা? কোন ঘটনা ছেড়ে কোনটার উদাহরণ দেওয়া যায়—নেত্রকোনার ১১ বছর বয়সী শিশু ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হওয়া, সিরাজগঞ্জের ৯ বছরের শিশুকে আমের লোভে ধর্ষণ নাকি সিলেটের ৪ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা? এসব ঘটনায় অভিযুক্তরা সবাই...
১ দিন আগে
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিয়ে কেন এত ভয় চব্বিশের সাহসী অভ্যুত্থানকারীদের? রাজনৈতিক পরিস্থিতিকে তো মোকাবিলা করতে হয় রাজনীতি দিয়েই। ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার অবশ্য সেটা করেনি। তাদের শাসনামলের দেড় বছর এমন সব নির্মমতার জন্ম দিয়েছে, যা স্বল্প সময়ে নির্যাতনের সব রেকর্ড ভঙ্গ করেছে কি না...
১ দিন আগে
কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া সুপ্রিম কোর্ট হানা পেইন নামক একজন বিচারপ্রার্থীর নতুন বিচার চাওয়ার আবেদন নাকচ করে দিয়েছেন। বিচারকের দেওয়া সেই আদেশে এমন সব মামলার উদ্ধৃতি ছিল, যেগুলোর বাস্তবে কোনো অস্তিত্বই নেই। আদেশটির খসড়া প্রস্তুতকারী আইনজীবী স্বীকার করেছেন, তিনি আদেশের...
১ দিন আগে
কত মা-বাবার বুক খালি হচ্ছে! কিন্তু রাষ্ট্রের কর্তাব্যক্তিদের এ নিয়ে কোনো হেলদোল দেখা যাচ্ছে না। ২০ মে আজকের পত্রিকায় প্রকাশিত খবর থেকে জানা যায়, ২৪ ঘণ্টায় ১১ শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে। আর গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭৫টি।
২ দিন আগে