
সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স দেওয়ার অনুমোদন দিয়েছে কাতার সরকার। আজ বৃহস্পতিবার ঢাকায় কাতার দূতাবাস বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে বিষয়টি জানিয়েছে।
আজ দুপুরে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন পাঠানোর সিদ্ধান্তের কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। খালেদা জিয়াকে লন্ডন নিতে কাতার সরকারের কাছে এয়ার অ্যাম্বুলেন্স দেওয়ার আবেদন জানিয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। কাতার সরকার আজ বৃহস্পতিবার এয়ার অ্যাম্বুলেন্স দেওয়ার অনুমতি দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি পাঠিয়েছে।
কাতার দূতাবাস থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘ঢাকায় কাতারের দূতাবাস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে সশ্রদ্ধ অভিবাদন জানাচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যের লন্ডনে স্থানান্তরের সুবিধার্থে অনুরোধ জানিয়ে মাননীয় মন্ত্রণালয় গত ৩০ নভেম্বরের নোট ভারবালের সূত্র ধরে দূতাবাস জানাতে চায় যে, কাতারের সরকার এয়ার অ্যাম্বুলেন্সের সুবিধা দেওয়ার ক্ষেত্রে অনুমোদন দিয়েছে।’
চিঠিতে আরও বলা হয়, ‘মন্ত্রণালয়কে বিনীত অনুরোধ করা হচ্ছে যে—যেন অতি দ্রুত রোগীর সবিস্তার তথ্য, সঙ্গীসাথিদের পরিচয় এবং ঢাকা থেকে যাত্রার তারিখসহ যাবতীয় প্রয়োজনীয় নথিপত্র দূতাবাসকে দেওয়া হয়।’
এ ছাড়া, চিঠিতে কাতার দূতাবাস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়কে তার সর্বোচ্চ সম্মানের আশ্বাস পুনর্ব্যক্ত করছে।
এর আগে, ডা. জাহিদ হোসেন আজ বেলা পৌনে ৩টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে জানান, মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী আজ মধ্যরাত থেকে আগামীকাল শুক্রবার ভোরের মধ্যেই তাঁকে (খালেদা জিয়া) উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে। সেখানে একটি হাসপাতালের সঙ্গে এরই মধ্যে যোগাযোগ করা হয়েছে বলেও জানান তিনি।
ডা. জাহিদ হোসেন জানান, কাতারের রাজপরিবারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও জানান, খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার সময় তাঁর সঙ্গে একই বিমানে থাকবেন দেশি-বিদেশি চিকিৎসকদের একটি দল।
দেশবাসী, বিএনপির নেতা-কর্মী এবং সরকার-আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ।

গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার ৫০ বছর এবং নোবেল বিজয়ের ২০ বছর পূর্তিতে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গ্রামীণ ব্যাংকের আয়োজনে গতকাল রোববার রাজধানীর মিরপুরে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আয়োজিত...
১ ঘণ্টা আগে
দুর্নীতি অনুসন্ধান ও তদন্তে রাষ্ট্রের বিশেষায়িত সংস্থা দুর্নীতি দমন কমিশন (দুদক) এক মাসেরও বেশি সময় ধরে চেয়ারম্যান ও কমিশনারশূন্য অবস্থায় রয়েছে। অন্তর্বর্তী সরকারের নিয়োগ দেওয়া কমিশন গত ৩ মার্চ পদত্যাগ করার পর থেকে নতুন কমিশন গঠন না হওয়ায় সংস্থাটির কার্যক্রমে কার্যত অচলাবস্থা তৈরি হয়েছে।
৮ ঘণ্টা আগে
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন বেতনকাঠামো বাস্তবায়ন আরও বিলম্বিত হচ্ছে। সরকারের ভেতরে এ নিয়ে বিস্তারিত পর্যালোচনা চলতে থাকায় চূড়ান্ত অবস্থান এখনো নির্ধারণ হয়নি; বরং তা আরও গভীরভাবে যাচাই-বাছাইয়ের মধ্য দিয়ে এগোবে। এ লক্ষ্যে গঠিত সচিব কমিটি তাদের পর্যালোচনা কার্যক্রম...
৮ ঘণ্টা আগে
সীমান্তবর্তী এলাকায় নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতি ও পার্বত্য জেলার আর্থসামাজিক অবস্থার উন্নয়নে পৌনে ৪ হাজার কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে সরকার। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের পার্বত্য এলাকার ২৮৮ কিলোমিটার ‘সীমান্ত সড়ক নির্মাণ প্রকল্প —২য় পর্যায়’ শীর্ষক প্রকল্পের উদ্যোগটি নিয়েছে সড়ক...
৯ ঘণ্টা আগে