Ajker Patrika

কবি সুফিয়া কামালের বড় ছেলে শাহেদ কামাল আর নেই

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০৪ জুলাই ২০২৬, ২৩: ৫৭
কবি সুফিয়া কামালের বড় ছেলে শাহেদ কামাল আর নেই
শাহেদ কামাল। ছবি: সংগৃহীত

কবি সুফিয়া কামালের বড় ছেলে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক খণ্ডকালীন শিক্ষক শাহেদ কামাল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর লাইফ সাপোর্ট খুলে নেওয়া হলে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।

পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত নানা জটিলতার পাশাপাশি নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শনিবার সকালে তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে আজ সন্ধ্যায় তাঁর লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়।

শাহেদ কামালের প্রতি শেষ শ্রদ্ধা জানানোর জন্য তাঁর মরদেহ আজ ধানমন্ডি ৩২ নম্বরের ‘সাঁঝের মায়া’য় রাখা হবে। আগামীকাল রোববার বাদ জোহর ধানমন্ডির তাকওয়া মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে রাজধানীর আজিমপুর কবরস্থানে মা কবি সুফিয়া কামালের কবরের পাশেই তাঁকে দাফন করা হবে।

তবে তাঁর জানাজা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো পরিবারকে কোনো সিদ্ধান্ত জানায়নি।

শাহেদ কামাল ১৯৫৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ সংবাদ সংস্থায় (বিএসএস) দীর্ঘদিন বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তাঁকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে দায়িত্ব দেওয়া হলেও তিনি তা গ্রহণ করেননি। এ ছাড়া তিনি জাতীয় প্রেসক্লাবের সদস্য ছিলেন।

শিক্ষক হিসেবেও তিনি ছিলেন সমানভাবে সম্মানিত। ১৯৭৬ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে পাঠদান শুরু করেন এবং ২০১২ সাল পর্যন্ত নিয়মিত শ্রেণি কার্যক্রম পরিচালনা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত